• ই-পেপার

পরনে বোরকা, পায়ে নূপুর বস্তাবন্দি লাশ: মেয়েটির পরিচয় মিলেছে

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পুরোনো ছবি দেখান। এই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে বেশ কিছু সময় কাটান। তিনি এই প্রবীণ নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

খালেদা রাব্বানী বিএনপির রাজনীতিতে একজন অত্যন্ত ত্যাগী ও প্রবীণ ব্যক্তিত্ব। তিনি কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

তিনি একাধিক মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন (২য়, ৫ম, ৬ষ্ঠ সংসদে আসন-২৫ এবং ৮ম সংসদে আসন-১০)।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটে ‘ওয়াই-জেট’ কর্মশালা

পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে তরুণদের নেতৃত্বের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে তরুণদের নেতৃত্বের তাগিদ
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশে ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিলেটে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘Youth for Just Energy Transition (Y-JET): Powering Tomorrow’s Energy’ শীর্ষক এই কর্মশালাটি মঙ্গলবার (১৬ জুন) সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (YOUCAN) এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (POHUS)। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে দ্য আর্থ সোসাইটি (The EARTH Society)-এর জাতীয় যুব প্ল্যাটফর্ম ‘Youth for CARE’। এতে সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও যুব সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরতার কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে ডিজেলনির্ভর কৃষি ও বাড়তি জ্বালানি ব্যয়ের কারণে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এই সংকট মোকাবেলায় ন্যায়সংগত জ্বালানি রূপান্তরকে সামাজিক ন্যায়বিচারের অংশ হিসেবে দেখা জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্যানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, ‘ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে নীতিনির্ধারণ থেকে শুরু করে প্রতিটি স্তরে তরুণদের অংশীদার হিসেবে যুক্ত করতে হবে।’ পোরাসের সভাপতি কাশ্মীর রেজা বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জন্য পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির প্রসার শুধু পরিবেশের বিষয় নয়; এটি জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও জড়িত।’

দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়া তরুণরা স্থানীয় জ্বালানি ব্যবস্থার বাস্তবতা বিশ্লেষণ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দলগত আলোচনা করেন। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ‘Powering Tomorrow: Policy, Innovation and Youth Leadership for a Just Energy Transition’ শীর্ষক একটি প্যানেল আলোচনা।

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এতে আলোচনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহাদ উল্লাহ, দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নাশিয়া নাফিস।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, সুশীল সমাজ ও তরুণদের মধ্যে সমন্বিত অংশীদাররি গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন ও নীতি প্রণয়নের প্রতিটি ধাপে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ‘জ্বালানি রূপান্তর শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়; এটি মানুষের অধিকার, সমতা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়।’

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং নীতিনির্ধারণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে প্রবাসীর মৃত্যু, দ্বিতীয় স্ত্রী আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় সম্পত্তি বিরোধের জেরে প্রবাসীর মৃত্যু, দ্বিতীয় স্ত্রী আটক
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে (৪৪) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত বক্সু মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের দুটি সংসার রয়েছে। প্রথম স্ত্রী চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ববি আক্তার গ্রামের বাড়িতে বসবাস করতেন, তাদের এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে সম্পত্তির মালিকানা ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দ্বিতীয় স্ত্রী ও তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে সিরাজুল ইসলামের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগ্নে মো. বদিউল আলম অভিযোগ করে বলেন, আমার মামার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দ্বিতীয় স্ত্রী ও তার স্বজনরা তাকে মারধর করেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

ফেনী প্রতিনিধি
ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি

ফেনীতে পৃথক বজ্রপাতের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার ও আট বছর বয়সী শিশু আবির হোসেন নামের দুই শিশু মারা গেছে। 

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার ফুলগাজীর বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আবির হোসেন ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিয়া আক্তার ও আবির হোসেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান।

পরনে বোরকা, পায়ে নূপুর বস্তাবন্দি লাশ: মেয়েটির পরিচয় মিলেছে | কালের কণ্ঠ