• ই-পেপার

যাত্রীর ফেলে যাওয়া ২ লাখ টাকা ফেরত দিলেন বাস কাউন্টার মাস্টার

নড়াইলে মাদক ব্যবসার অভিযোগ এনে বাড়িঘর ভাঙচুর

নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদক ব্যবসার অভিযোগ এনে বাড়িঘর ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

নড়াইল লোহাগড়া উপজেলায় নলদি ইউনিয়নে ব্রাহ্মণীনগর গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে ‘মব সৃষ্টি করে’ বাড়িঘরে হামলা করে ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার ( ২১ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণী ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোমবার (২২ জুন) দুপুরে সামাদ শেখসহ ১১ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণীনগর গ্রামের বাসিন্দা সবুজ সিকদারের কাছে কিছুদিন আগে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত কয়েকজন। চাঁদার টাকা না দিলে গ্রামে বসবাস করতে দেওয়া হবে না বলে তাকে হুমকি দেওয়া হয়। সবুজ সিকদারের অভিযোগ, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। সে সময় তিনি বাড়িতে ছিলেন না। 

বাড়িতে থাকা তার বাবা, বোন ভাই ও ভগ্নিপতির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে তার বাবাকে মারধর করা হয় এবং বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়। এজাহারে আরো বলা হয়েছে, হামলাকারীরা ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, দোকানে থাকা ১৭ হাজার ৫০০ টাকা এবং প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছাড়াও মুদি দোকানের মালামাল নষ্ট করা হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়ারা জানান, পূর্ব শত্রুতার জেরে হঠাৎ করে একদল মানুষ এসে তাদের বাড়িঘরে হামলা চালায়। তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে বাড়িঘর হামলা ভাঙচুর করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নু মোল্যা বলেন, ২০ থেকে ২৫ জনের এক দল লোক হঠাৎ করে এসে বাড়িঘর দোকান ভাঙচুর করে। তাদের কাছে হামলার কারণ জানতে চাইলে তারা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে ভাঙা হচ্ছে। এসময় তিনি নিজেকে ৬৫ বছর বয়স দাবি করে আরো বলেন, এখানে কোনো মাদক ব্যবসা হয় না। পাশে মসজিদ। এখানে সব সময় গ্রামের মানুষ থাকে কেউ বলতে পারবে না তারা মাদক ব্যবসায় জড়িত। স্থানীয় কোন্দলে তাদের নামে মিথ্যা অভিযোগ এনে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 

অভিযুক্তদের একজন সামাদ শেখ তিনি বলেন, তারা গাজার ব্যবসা করে। ওর জামাই মোটরসাইকেলে এনে দেয় আর ওরা দুজন বিক্রি করে।ওই বাড়ি থেকে একজন গাঁজা কিনে নিয়ে যাচ্ছিলেন। তাকে ধরে স্থানীয়রা জিজ্ঞেস করতেই সবুজদের নাম বলেন। তখন স্থানীয়রাসহ কয়েক গ্রামের মানুষ একত্রিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। আমি সেখানে বিষয়টি মিমাংসার জন্য গিয়েছিলাম। হামলার সঙ্গে আমি জড়িত না। চাঁদা দাবির যে অভিযোগ করা হচ্ছে এটি সঠিক না।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে একটি ‘সংগীত জাদুঘর’ স্থাপিত হতে যাচ্ছে।

সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম জেলার নবীনগর উপজেলার শিবপুরে ওস্তাদজির জন্মভূমি পরিদর্শনে আসেন। 

এ সময় তাঁর সঙ্গে অধিদপ্তরের গবেষণ সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে এই টিমের সদস্যরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করেন। 

প্রতিনিধিদলের সংশ্লিষ্টরা জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে ওস্তাদজির জন্মভূমি শিবপুরে তাঁরই নামানুসারে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নামে সংগীতের ওই বহু প্রত্যাশিত জাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৪৫২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ ৭৮ হাজার টাকা।

সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম। তিনি বলেন, রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার রিপন হোসেন (২৭), রাকিবুল হাসান (২০) ও মেহেদী হাসান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলমিল এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় আটককৃত এক যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ওসি সাইফুল আলম বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তিরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস এবং চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে অবস্থান প্রেমিকার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে অবস্থান প্রেমিকার
সংগৃহীত ছবি

বিয়ের দাবিতে ‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাউওর গ্রামে প্রেমিক ও তার চাচার বাড়িতে ১৮ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। গত ৩ জুন বিকেল থেকে তিনি সেখানে অবস্থান নেন।

প্রেমিক কয়েছ মিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগাইয়া গ্রামের হাজী রফিক উদ্দিনের ছেলে। ভুক্তভোগী তরুণী উপজেলার লেংগুড়া ইউনিয়নের গুরুকচি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী তরুণী জানান, ‘দুই বছর আগে পারিবারিকভাবে তাকে বিয়ের প্রস্তাব দেন কয়েছ। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন-তারিখ ঠিক হলেও পরে বিয়ে অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে হবে না বাড়িতে হবে- এ নিয়ে দ্বন্দ্বে বিয়ে ভেঙে দেয় কয়েছের পরিবার। কিন্তু এরপর কয়েছ মোবাইলের মাধ্যমে তার সঙ্গে আলাপ শুরু করেন এবং বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। এরপর তাদের বাড়িতে যাতায়াত শুরু করলে প্রেমের সম্পর্কে গড়ায় বিষয়টি।

একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তুলেন কয়েস। সিলেট নগরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। কিন্তু গত কয়েক মাস আগে হঠাৎ করে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেন দেন। ভুক্তভোগীর পরিবার তাকে অন্যত্র বিয়ের চাপ দিলে তরুণী রাজি হন। প্রবাসী একজনের সঙ্গে মোবাইলে আকত (বিয়ে) হয় তার। এ খবর পেয়ে কয়েছ প্রবাসীর নম্বর যোগাড় করে তাদের আপত্তিকর ভিডিও পাঠান। এতে ভুক্তভোগীর বিয়ে ভেঙে যায়।

এ ঘটনার পর ৩ জুন বিকেল থেকে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। তার দাবি স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না। দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুমকিও দেন তিনি।

এ বিষয়ে স্থানীয় রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব বলেন, ‘আমি গত ৪ জুন দুই পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য নিয়ে আলোচনায় বসেছিলাম। কয়েছ উপস্থিত না হওয়ায় তার সঙ্গে ফোনে আলোচনা করে একটি তারিখ করেছিলাম। পরদিন জানতে পারি, ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। পরে ছেলের পরিবারের লোকজন রাজি না হওয়াতে বিষয়টি মেয়ের পক্ষকে জানিয়ে দেই। পরে বিষয়টি কি হয়েছে আমার আর জানা নেই।’
‎‎
এ বিষয়ে কয়েছ মিয়া মোবাইল ফোনে বলেন, ‘মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল এটা সত্য। এখন আমার ঘরে আরেক বেটি (বউ) আছে।’ পরে তিনি পাবলু মেম্বার ও সাবই মেম্বারের সঙ্গে যোগাযোগ করার কথা বলে লাইন কেটে দেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য পাবলু মিয়া বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু কোনো সমাধান হয়নি। মেয়ের দাবি, কয়েছকে তাকে বিয়ে করতে হবে। অন্যদিকে কয়েছ বিয়ে করতে রাজি হয়নি। তাই সমাধান হয়নি। মেয়েটি বর্তমানে কয়েছের চাচার বাসায় আছে বলেও জানান তিনি।’

এ বিষয়ে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যাত্রীর ফেলে যাওয়া ২ লাখ টাকা ফেরত দিলেন বাস কাউন্টার মাস্টার | কালের কণ্ঠ