সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন। একই সময়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি মো. মোতালেব হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।




