• ই-পেপার

নেত্রকোনায় কোমলমতি শিশুদের ধর্ষণ

ধর্ষণ শেষে কোরআন শরিফে হাত রেখে দোজখের ভয় দেখাতেন মাওলানা বেলালী

ঝিনাইদহে বজ্রাঘাতে প্রাণ গেল ২ জনের, আহত ৪

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে বজ্রাঘাতে প্রাণ গেল ২ জনের, আহত ৪
সংগৃহীত ছবি

ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো চারজন। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকূপা উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা ও ধান কাটার শ্রমিক আসাদুল ইসলাম (৪৫) এবং শৈলকূপা উপজেলার মুখদিয়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৮)।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ধান কাটার কাজে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এসেছিলেন আসাদুল ইসলাম। বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে তিনি ও আরো এক শ্রমিক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার মায়াধরপুর ছাড়াও ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে বজ্রাঘাতে আরো তিন নারী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, শৈলকূপা উপজেলার মুখদিয়া গ্রামে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন গৃহবধূ আন্না খাতুন।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান আন্না খাতুন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্বশুরবাড়িতে ঝুলন্ত মরদেহ মিলর জামাই'র

ময়মনসিংহ প্রতিনিধি
শ্বশুরবাড়িতে ঝুলন্ত মরদেহ মিলর জামাই'র
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরন গ্রামে শ্বশুরবাড়ি থেকে আলাল উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮মে) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আলাল উদ্দিন ওই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র।

স্থানীয়,পরিবার ও পুলিশ সূত্র জানায়, আলাল উদ্দিন প্রথম স্ত্রীকে রেখেই দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তিনি গাজীপুরে বসবাস করেন। সেখানেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত রবিবার রাতে তিনি শ্বশুড়বাড়ি আসেন। রাতে ভিন্ন একটি ঘরে ঘুমাতে যান। এ অবস্থায় আজ সোমবার সকাল পেড়িয়ে দুপুর হলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সম্বন্ধি(স্ত্রীর বড় ভাই) সাইফুল ইসলাম সেকুল বারবার ডেকেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পান আঁড়ার সাথে গলায় একটি ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। খবর পেয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

গৌরীপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান,ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য আগামিকাল লাশ মর্গে পাঠানো হবে।

সুন্দরবনে গুলিতে জেলের মৃত্যু, মরদেহ নিয়ে বন বিভাগের কার্যালয় ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে গুলিতে জেলের মৃত্যু, মরদেহ নিয়ে বন বিভাগের কার্যালয় ভাঙচুর
সংগৃহীত ছবি

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালায়  বিক্ষুব্ধ জনতা । এতে অন্তত ৫ জন বনকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকালে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিহত জেলে আমিনুরের লাশ নিয়ে শত শত মানুষ লাঠিসোটা নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এসময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করে এবং বনবিভাগের ভবন ও আসবাবপত্র ভাঙচুর করে।

এসময় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুরের মরদেহ রাখা ছিল। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে তাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। আমিনুরের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, আমিনুরের মৃত্যুর বিষয়টি সাতক্ষীরা রেঞ্জে ঘটেনি। এটা ঘটেছে খুলনা রেঞ্জে।

প্রসঙ্গত, সোমবার সকালে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হন। সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা। এর পরপরই স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। 

ব্রাহ্মণপাড়ায় জেলের জালে উঠে এলো মর্টার শেল

বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় জেলের জালে উঠে এলো মর্টার শেল
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি পরিত্যক্ত মর্টার শেল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের একটি ফিশারিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ফিশারিতে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় তিনি ভারী কোনো বস্তু আটকে থাকার বিষয়টি টের পান। পরে জাল ওপরে তুলে তিনি ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান। সেটি মর্টার শেল বলে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণপাড়া থানায় খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি ও গ্রাম পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন। 

স্থানীয়দের ধারণা, মর্টার শেলটি অনেক পুরোনো এবং দীর্ঘদিন পানির নিচে পড়ে ছিল।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘শশীদল এলাকায় মাছ ধরার সময় জেলের জালে একটি পুরোনো মর্টার শেল উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি নিরাপদে উদ্ধার করে। বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ইউনিটকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’