পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। নুরুননাহার নিম্নি পূবালী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার। সোমবার (১৫ জুন) রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দেওয়া হয়।
‘শিখর জয়ী’ শিরোনামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিম্নিকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। নিম্নির অভিযাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।
গত ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করেন। দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সব সময় মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও ব্যাংক সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
সংবর্ধনা সভায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তার এই দুর্গম ও ঐতিহাসিক অভিযাত্রায় পাশে থাকা, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




