• ই-পেপার

কংক্রিট ব্লক : ভবন নির্মাণে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উপকরণ

যুক্তরাষ্ট্রের মানবিক সেবা পুরস্কার জিতলেন শক্তি ফাউন্ডেশনের ইমরান

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মানবিক সেবা পুরস্কার জিতলেন শক্তি ফাউন্ডেশনের ইমরান
ছবি : কালের কণ্ঠ

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘লাজলো জি. বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস’ (মানবিক সেবা পুরস্কার)-এ ভূষিত হয়েছেন। মানবিক মর্যাদা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

অন্যায়, সহিংসতা ও নিপীড়নের শিকার মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিদের এর এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে নিবেদিত বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে প্রভাবশালী নেতৃত্বের জন্য ইমরান আহমেদকে এ স্বীকৃতি দেওয়া হয়।

কয়েক দশক ধরে এই ফাউন্ডেশন প্রান্তিক নারীদের জরুরি আর্থিক ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং পরিবারকে সহায়তা করতে সক্ষম করে তুলেছে। ইমরান আহমেদের নেতৃত্বে এই মাঠ পর্যায়ের উদ্যোগগুলো আরো শক্তিশালী হয়েছে, যা নারীদের টেকসই উন্নয়নের মূল কেন্দ্রে নিয়ে এসেছে।

বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায়, আন্তর্জাতিক এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামকে আরো উজ্জ্বল করল।

কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সভা

অনলাইন ডেস্ক
কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সভা
ছবি : কালের কণ্ঠ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে এ সভা অনুষ্ঠিত হয়। “রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?: ফররুখের কাব্যলোকের অন্বেষণ” শীর্ষক এ সভায় কবির কাব্যসাধনা, দর্শন ও সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। পরে কবি পরিচিতি পর্বে ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্মের একটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ পরিচিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব আবদুল হাই শিকদার। তিনি ফররুখ আহমদের কবিতায় মানবতাবাদ, মুসলিম পুনর্জাগরণের চেতনা এবং শিল্পসৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তার আলোচনায় উঠে আসে, কীভাবে ফররুখের কবিতা মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কাব্যিক ভাষায় রূপ দিয়েছে। তিনি বলেন, কবি ফররুখ আহমদের রচনা শতবর্ষ পেরিয়েও আজও প্রাসঙ্গিক। তিনি কবির সাহিত্যকর্মের গভীরতা ও ব্যাপকতা তুলে ধরেন এবং কবির জীবন ও সাহিত্য নিয়ে চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। তিনি আরো বলেন, ফররুখ আহমদের সাহিত্যকর্ম কেবল সাহিত্য নয়; এটি নিপীড়িত ও বঞ্চিত মানুষের আত্মপরিচয় ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। তিনি ফররুখ আহমদের কাব্যচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁ ও ইসলামী জাগরণের অন্যতম প্রধান কবি। তিনি শিক্ষার্থীদের ফররুখ আহমদের সাহিত্যকর্ম পাঠ ও গবেষণায় উৎসাহিত করেন এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক জনাব রফিউসসান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্টের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা, সাহিত্যপ্রেমী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি এবং তার জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি কবি ফররুখ আহমদের স্মৃতি ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

নগদের মাধ্যমে মে মাসে ২৪০০ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
নগদের মাধ্যমে মে মাসে ২৪০০ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ
সংগৃহীত ছবি

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গত মে মাসে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার ভাতা উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ। বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা সুবিধাপ্রাপ্ত ১ কোটি ৫৯ লাখ ব্যক্তির কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হয়। 

সবচেয়ে বেশি সরকারি সহায়তা দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এর মাধ্যমে দেড় হাজার কোটি কোটি টাকার বেশি ভাতা দিয়েছে সরকার।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১২ লাখ। তারা প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার সরকারি ভাতা পেয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সামসুল ইসলাম বলেন, “সরকারি ভাতা, উপবৃত্তি ও বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিপুল সংখ্যক সুবিধাভোগী তাদের পছন্দের মাধ্যম হিসেবে নগদকে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ।

“প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের সবচেয়ে বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে নগদ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে ক্যাশ আউটের সুবিধা এবং বিনা খরচের কারণে সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে সুবিধাভোগীদের অন্যতম পছন্দের মাধ্যম হয়ে উঠেছে নগদ।

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

প্রেস বিজ্ঞপ্তি
আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রথম ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। বুধবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন।

নির্মাণ শিল্প, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবাখাতে সফল পদচারণার পর এবার স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করল আকিজ রিসোর্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সব ধরনের ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা থাকবে আকিজ মেডিপ্লেক্সে। রোগীদের সুবিধার্থে হোম স্যাম্পল কালেকশন, স্বয়ংক্রিয় ভাইটাল চেকিং, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবং ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থাও চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সর চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা এমন একটি খাত, যা সরাসরি মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বরং এমন একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা, যা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সক্ষম হবে। আকিজ রিসোর্স সব সময় মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখে এমন খাতে বিনিয়োগে গুরুত্ব দিয়ে থাকে। স্বাস্থ্যসেবা খাতে আমাদের এই উদ্যোগ দেশের চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু এখনো অনেক মানুষকে মানসম্মত ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বা দূরে যেতে হয়। আমরা এমন একটি সেবার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে রোগীরা দ্রত ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় সেবা পাবেন।’

আকিজ মেডিপ্লেক্সে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, জার্মান প্রযুক্তির অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন সেবা এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি সুবিধা। 

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান, ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

কংক্রিট ব্লক : ভবন নির্মাণে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উপকরণ | কালের কণ্ঠ