অবিলম্বে অসম মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমেদ বকুল। তিনি বলেছেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের করে যাওয়া মার্কিন-বাংলাদেশ অসম বাণিজ্যচুক্তিকে রেখে, বিএনপি সরকার পার্লামেন্টে তা আলোচনা না করে চুক্তি নিয়ে যেভাবে লুকোচুরি খেলছে, তা এদেশের জনগণ মেনে নেবে না। জাতীয় স্বার্থে এই চুক্তি বাতিল করতে হবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর তোপখানা রোডে পার্টি অফিস চত্ত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সমাবেশে নুর আহমেদ বকুল বলেন, চুক্তির নামে বিভিন্ন ধারা উপধারা যেভাবে মার্কিন কর্তৃত্ব দেখানো হয়েছে, তাতে অর্থনৈতিক স্বাধীনতা ও সর্বভৌমত্ব ক্ষুন্ন হবে। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এদেশের মানুষ পাকিস্তানী উপনিবেশিকতায় জাল ছিড়ে দেশ স্বাধীন করেছিল। মার্কিন সাম্রাজ্যবাদ সেদিনও সপ্তম নৌ বহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে চেয়েছিলো। স্বাধীনতার ৫৪ বছর পর মেটিকুলাস ডিজাইন করে মার্কিন বাংলাদেশ অসম চুক্তির মাধ্যমে পুন:উপনিবেশ করার অপচেষ্টা হচ্ছে। এদেশে ধর্মাশ্রয়ী ফ্যাসিবাদ শক্তি ও মার্কিন অপশক্তিসহ দক্ষিণপন্থী শক্তি এদেশে মার্কিন সাম্রজ্যবাদের ঘাটির ভিত্তি তৈরী করার সম্মিলিত চেষ্টা রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে স্বাধীনতা সার্বভৌম রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দ্বায়েরকৃত মামলা বাতিলের দাবি করা হয়।







