• ই-পেপার

গৃহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যেসব বিষয় লক্ষণীয়

হাদিসের বাণী

থুথু ফেলার ক্ষেত্রে মহানবী (সা.)-এর বিশেষ সতর্কতা

ইসলামী জীবন ডেস্ক
থুথু ফেলার ক্ষেত্রে মহানবী (সা.)-এর বিশেষ সতর্কতা
সংগৃহীত ছবি

আনাস (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী (সা.) একজনকে কিবলার দিকে থুথু ফেলতে দেখতে পেলেন। এটা দেখে নবিজির খুব খারাপ লাগল। তার চেহারায়ও সেই চিহ্ন ফুটে উঠল। তিনি দাঁড়িয়ে নিজ হাতে তা ঘষে উঠিয়ে ফেললেন। তারপর বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথোপকথন করে। আর তার ও কিবলার মধ্যে আল্লাহ থাকেন। সুতরাং তোমাদের কেউ যেন কিবলার দিকে থুথু নিক্ষেপ না ফেলে। একান্তই যদি থুথু চলে আসে, তাহলে বামে কিংবা পায়ের নিচে ফেলবে। তারপর মহানবী (সা.) তার চাদরের এক কোণ ধরে তাতে থুথু ফেলে এক অংশকে অন্য অংশ দিয়ে রগড়ে দিয়ে বললেন, তোমরা চাইলে এমনও করতে পারো। (সহিহ বুখারি, হাদিস : ৩৪৭৫, সহিহ মুসলিম, হাদিস : ১২৩৩০)

হাদিসের শিক্ষাসমূহ 
১. সালাত শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের নাম নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মাঝে এক গভীর আধ্যাত্মিক যোগাযোগ। তাই সালাতে পূর্ণ মনোযোগ ও বিনয় থাকা উচিত।
২. কিবলা মুসলমানদের জন্য সম্মানিত দিক। তাই কিবলার দিকে থুথু, কফ বা শ্লেষ্মা নিক্ষেপ করা আদবের পরিপন্থী এবং গুনাহের কাজ।
৩. মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করা ঈমানের অংশ। কেননা মহানবী (সা.) নিজ হাতে কিবলার দেয়াল থেকে থুথু পরিষ্কার করেছেন। 
৪. নেতৃত্বের আদর্শ হলো নিজে কাজ করে দেখানো। তাইতো মহানবী (সা.) শুধু নির্দেশ দেননি; বরং নিজেই অপবিত্রতা পরিষ্কার করেছেন। 
৫. সালাতে দাঁড়িয়ে এমন কোনো কাজ করা উচিত নয় যা সালাতের মর্যাদা বা একাগ্রতা নষ্ট করে। তাই সালাতে আদব ও শিষ্টাচার বজায় রাখা জরুরি। 
৬. খোলা জায়গায় সালাত আদায়ের সময় যদি থুথু চলে আসে, তবে ডান দিকে বা কিবলার দিকে নয়; বরং বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলার অনুমতি রয়েছে।
৭. বর্তমান যুগে মসজিদে কার্পেট, টাইলস ইত্যাদি থাকায় মেঝেতে থুথু ফেলা সমীচীন নয়। এ অবস্থায় রুমাল, টিস্যু বা কাপড় ব্যবহার করা সুন্নাহসম্মত পদ্ধতির অন্তর্ভুক্ত।
৮. মহানবী (সা.) উম্মতের ভুল সংশোধনে প্রজ্ঞা অবলম্বন করতেন। তিনি রাগের বশবর্তী হয়ে কঠোর শাস্তি দেননি; বরং নিজে পরিষ্কার করে শিক্ষা দিয়েছেন। দাওয়াত ও সংশোধনের ক্ষেত্রে এটিই উত্তম পন্থা।

আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের আদব রক্ষা করার এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা সংরক্ষণ করার তাওফিক দান করুন। আমিন।

মক্কার পবিত্র হাতিমে কাবায় প্রবেশের নতুন সময়সূচি

ইসলামী জীবন ডেস্ক
মক্কার পবিত্র হাতিমে কাবায় প্রবেশের নতুন সময়সূচি
সংগৃহীত ছবি

পবিত্র কাবা শরিফসংলগ্ন ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্থান হাতিমে কাবায় প্রবেশের জন্য পুরুষ ও নারীদের পৃথক সময়সূচি ঘোষণা করেছে দুই পবিত্র মসজিদবিষয়ক সাধারণ প্রেসিডেন্সি। গ্র্যান্ড মসজিদের অভ্যন্তরে চলাচল আরো সুশৃঙ্খল করা এবং মুসল্লিদের জন্য ইবাদতের অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, নারীরা প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হাতিমে কাবায় প্রবেশ করতে পারবেন। অন্যদিকে পুরুষদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা থেকে ১টা পর্যন্ত।
প্রেসিডেন্সি জানিয়েছে, হাতিমে কাবায় প্রবেশের সময় নির্ধারণের মূল লক্ষ্য হলো মুসল্লি ও ওমরাহ হজ পালনকারীদের স্বাচ্ছন্দ্যে ইবাদত করার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে মসজিদুল হারামের তাওয়াফ এলাকা ও আশপাশের অংশে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করাও এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

কর্তৃপক্ষ আরো জানায়, দুই পবিত্র মসজিদে আসা মুসল্লিদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। হাতিমে কাবায় প্রবেশের এই নতুন সময়সূচিও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, ‘হাতিমে কাবা’ কাবা শরিফের উত্তর পাশে অবস্থিত অর্ধবৃত্তাকার প্রাচীরবেষ্টিত একটি পবিত্র স্থান। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটি কাবা শরিফের অংশ হিসেবে গণ্য করা হয়। ফলে এখানে নামাজ আদায় ও ইবাদত করার জন্য মুসল্লিদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। নতুন এ সময়সূচির মাধ্যমে মুসল্লিদের ইবাদতের পরিবেশ আরো সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ্বর উঠলে যে দোয়া পড়বেন

ইসলামী জীবন ডেস্ক
জ্বর উঠলে যে দোয়া পড়বেন
সংগৃহীত ছবি

জ্বর হলে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের শরীরে ফুঁ দিয়ে কিছু দোয়া ও আয়াত পড়ার শিক্ষা দিয়েছেন। হাদিস অনুযায়ী সবচেয়ে উত্তম ও কার্যকরী দোয়াটি হলো—

بِسمِ اللهِ الكبيرِ، نعوذُ باللهِ العظيمِ مِن شرِّ عِرْقٍ نعَّارٍ ، ومِن شرِّ حرِّ النَّارِ.

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ইরকিন নায়্যার, ওয়া মিন শাররি হাররিন নার। 

অর্থ : ‘মহান আল্লাহর নামে, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই—প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে।’ (তিরমিজি, হাদিস নং : ২০৭৫) 

পড়ার নিয়ম : রোগী নিজে অথবা অন্য কেউ এই দোয়া পড়ে ৭ বার ফুঁ দিতে পারেন। এ ছাড়া, পবিত্র কোরআনের সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুর ফালাক ও সুরা নাস পড়ে ফুঁ দেওয়াও অত্যন্ত বরকতময় ও রোগমুক্তির উপায়।
 

আমরা কেন ঈমান আনি

মাওলানা সাখাওয়াত উল্লাহ
আমরা কেন ঈমান আনি
সংগৃহীত ছবি

ঈমান শুধু কোনো সামাজিক উত্তরাধিকার নয়, কোনো পরিবেশের অন্ধ অনুসরণ নয়, কোনো বংশপরম্পরায় চলে আসা অভ্যাসও নয়; বরং ঈমান হলো এক মহান সত্য, যার ওপর আসমান ও জমিন প্রতিষ্ঠিত এবং যার ওপর নির্ভর করে দুনিয়া ও আখিরাতের সফলতা।

মহান আল্লাহ আমাদের কাছে অন্ধ ঈমান চাননি কিংবা প্রমাণহীন কোনো বিশ্বাসও চাননি; বরং তিনি ঈমানকে দুটি মহান বিষয়ের ওপর প্রতিষ্ঠিত করেছেন—

প্রথমত, সত্যকে চেনার জন্য বিবেক ও বুদ্ধির আলো।
দ্বিতীয়ত, অন্তরকে সঠিক পথ দেখানোর জন্য ওহির আলো। এ কারণেই আজকের আলোচনার বিষয়—‘আমরা কেন ঈমান আনি।’ গোটা বিশ্ব আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দেয়।

প্রথমত, একটু চিন্তা করুন এই মহাবিশ্ব নিয়ে, যেখানে আমরা বসবাস করছি। একটি উঁচু আকাশ, বিস্তৃত পৃথিবী, সূর্য ও চন্দ্র, আর দিগন্তজুড়ে অসংখ্য নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯০)

এসব শুধু সৌন্দর্যের দৃশ্য নয়; বরং এগুলো হলো নিদর্শন, প্রমাণ ও ইঙ্গিত, যা আমাদের সেই স্রষ্টার দিকে নিয়ে যায়, যিনি সৃষ্টি করেছেন এবং নিখুঁত করেছেন।

সুস্থ বিবেক যখন এই মহাবিশ্বের শৃঙ্খলা ও নিখুঁত ব্যবস্থাপনা দেখে, তখন সে বুঝতে পারে—এর পেছনে অবশ্যই একজন প্রজ্ঞাময় স্রষ্টা রয়েছেন।
কোরআন এমন এক স্পষ্ট প্রশ্ন করেছে, যার পর অস্বীকারের কোনো সুযোগ থাকে না—‘তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা?’ (সুরা : আত-তুর, আয়াত : ৩৫)

মানুষ নিজেই আল্লাহর নিদর্শন 
মহান আল্লাহ বলেন, ‘এবং তোমাদের নিজেদের মধ্যেও (নিদর্শন আছে), তবে কি তোমরা দেখতে পাও না?’ (সুরা : আজ-জারিয়াত, আয়াত : ২১)

নিজের দিকে তাকাও—একটি হৃদয়, যা তোমার অনুমতি ছাড়াই অবিরাম স্পন্দিত হচ্ছে। একটি শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা, যা নিজে থেকেই চলছে। চোখ, যা দেখে। কান, যা শোনে। বুদ্ধি, যা চিন্তা করে, বিশ্লেষণ করে, তুলনা করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে।

তুমি দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলেও তোমার ভেতরে একটি ব্যবস্থা অবিরাম কাজ করে যাচ্ছে—হৃৎস্পন্দনের নিয়মিততা, কোষের পুনর্গঠন, শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা।

এসব কে তোমার মধ্যে স্থাপন করেছেন? আল্লাহ বলেন, ‘যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই তোমাকে গঠন করেছেন।’ (সুরা : আল-ইনফিতার. আয়াত : ৭-৮)

মানুষের স্বভাব আল্লাহকে চিনতে প্রস্তুত
ঈমান কোনো আকস্মিক ধারণা নয়; বরং এটি অন্তরের একটি মূল স্বভাব। মানুষ আল্লাহকে চেনার স্বাভাবিক প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ বলেন, ‘এটাই আল্লাহর সেই স্বভাব, যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন।’ (সুরা : আর-রুম, আয়াত : ৩০)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা-মাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানায়।’ (সহিহ বুখারি ও মুসলিম)

তাই যখন ভয় তীব্র হয়, যখন বিপদ-সংকট নেমে আসে, যখন কঠিন পরীক্ষা আসে—তখন মানুষের অন্তরের পর্দাগুলো সরে যায় এবং তার প্রকৃত স্বভাব প্রকাশ পায়। তখন সে কী বলে? সে বলে—‘হে আমার রব! হে আল্লাহ!’ এ বিষয়ে মহান আল্লাহ বলেন, ‘যখন তারা নৌযানে আরোহণ করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন তাদের স্থলে পৌঁছে দেন, তখন তারা আবার শিরক করে।’ (সুরা : আল-আনকাবুত, আয়াত : ৬৫)

আল্লাহ আমাদের উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি
যদি মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হতো, তাহলে তার জীবন হতো এক বিভ্রান্তি। তখন সত্য ও মিথ্যার মধ্যে কোনো পার্থক্য থাকত না। কিন্তু আল্লাহর রহমত ও প্রজ্ঞা এ কথা অনুমোদন করে না যে তিনি আমাদের সৃষ্টি করবেন এবং কোনো পথনির্দেশ ছাড়াই ছেড়ে দেবেন। আল্লাহ বলেন, ‘আমি রাসুলদের সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে রাসুলদের পরে মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে।’ (সুরা : আন-নিসা, আয়াত : ১৬৫)

তিনি রাসুল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এবং সর্বশেষে মুহাম্মদ (সা.)-কে পাঠিয়েছেন। তাঁর                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      মাধ্যমে দিয়েছেন মহান কোরআন—যা হলো আলো, হেদায়েত ও শেফা। আল্লাহ বলেন, ‘হে মানুষ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আলো নাজিল করেছি।’ (সুরা : আন-নিসা, আয়াত : ১৭৪)

কোরআন হলো আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার গ্রন্থ। জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দেওয়ার গ্রন্থ। ভুল ধারণা সংশোধনের গ্রন্থ; ন্যায় প্রতিষ্ঠার গ্রন্থ এবং আত্মাকে পবিত্র করার গ্রন্থ। এটিই মানুষকে ঈমানের পথে নিয়ে যায়।

ইবাদত মানুষকে তার প্রকৃত অবস্থানে ফিরিয়ে দেয়
আল্লাহ বলেন, ‘হে মানুষ! তোমরা তোমাদের সেই রবের ইবাদত কর, যিনি তোমাদের সৃষ্টি করেছেন।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ২১)

আল্লাহ ইবাদতের সঙ্গে সৃষ্টির সম্পর্ক স্থাপন করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমার আনুগত্যের সর্বাধিক অধিকারী। যিনি তোমাকে রিজিক দিয়েছেন, তিনিই তোমার আশা করার সর্বাধিক যোগ্য। যিনি তোমার সব বিষয় পরিচালনা করেন, তাঁর ওপরই তোমার ভরসা করা উচিত।

ইবাদত মানে হলো অন্তরকে তার সঠিক স্থানে ফিরিয়ে আনা। তোমার হৃদয় আল্লাহর সঙ্গে থাকবে, প্রবৃত্তির সঙ্গে নয়। তোমার আশা আল্লাহর কাছে থাকবে; মানুষের কাছে নয়। তোমার নির্ভরতা আল্লাহর ওপর থাকবে; শুধু উপকরণের ওপর নয়। তাই আল্লাহ বলেন, ‘জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা : আর-রাদ, আয়াত : ২৮)

ঈমান অন্তরকে সংশোধন করে, ফলে বাহ্যিক আচরণ সুন্দর হয়। ঈমান বিবেককে পবিত্র করে, ফলে চরিত্র সঠিক হয়। ঈমান মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে মানুষের রবের দাসত্বে নিয়ে যায়।

হে আল্লাহ! দুনিয়া ও তার সবকিছুর চেয়ে ঈমানকে আমাদের কাছে বেশি প্রিয় করে দিন।