বৃষ্টি, তুমি এক অপেক্ষার নাম।
রুদ্রতাপের দাবানলে পুড়ে পুড়ে
তোমার প্রতীক্ষায় থাকি। দীর্ঘ পথ। দীর্ঘ সময়।
অতঃপর বর্ষার রিমঝিম শব্দ নিয়ে
আকাশকে কাঁদিয়ে, ভাসিয়ে যাও!
ঠিক আমাদের অসম প্রেমের নিশ্চুপ ক্রন্দন হয়ে।
তোমার আকাশ যেমন কেঁদে কেঁদে
জমিনকে ভিজিয়ে দেয়,
তেমনি আমার হৃত্স্পন্দন ভিজে ওঠে
তোমার অমীমাংসিত শব্দে কেঁপে ওঠে বুকের জমিন।
বজ্রপাতে ধ্বংস হয় আমার অস্তিত্ব।
এক নিষ্ঠুর অপেক্ষা। দীর্ঘ অপেক্ষা।
অদেখা রাজার জমিতে বসত করি।
এক নিষ্ঠুর শূন্যতায় মগ্ন থেকে থেকে
অশান্ত জোয়ারে ভাসি।
গাল গড়িয়ে অশ্রু বৃষ্টির ফোঁটা ফোঁটা হয়ে ঝরে।
অবচেতন মনে বৃষ্টির সাথে আলিঙ্গনে মেতে ওঠে মন।
নেচে ওঠে হৃৎপিণ্ড। ভিজে যায় হৃদয়।
মৃদুমন্দ বাতাসে অশান্ত করে দেয়
আমার অন্তরাত্মাকে। শুদ্ধতায় ভরে ওঠে মন।
পরিচ্ছন্ন, নির্মল করে তোলে
অসম প্রেমের সীমাহীন পথকে।




