• ই-পেপার

বর্ষার কবিতা

বৃষ্টি ও তুমি

  • জান্নাতুল ফেরদৌস পান্না

বর্ষার কবিতা

প্রিয় গতকাল

জামসেদ ওয়াজেদ

প্রিয় গতকাল
অঙ্কন : তানভীর মালেক

তোমাকে রেখেছি মনে কতকাল প্রিয় গতকাল

আকাশ আঁধার করা রিমঝিম বাদলের দিন

হলুদাভ মনে রাখা সাদাদেহ কদম সুদিন

হয়নি তো কারো দেখা দুঃখস্মৃতি সুখ হালচাল

 

আষাঢ় আসবে বলে হেসে ওঠে অচেনা যে ফুল

ডোবার দুপাশ জুড়ে ডুবডুব পাখিদের বাসা

প্রতিদিন সকালেরা বিলি করে আশা ও হতাশা

কচুরিপানার ফাঁকে ডাহুকীরা গানে মশগুল

 

পুবের মেঘের খোঁজ ভালো জানে প্রিয় কালিদাস

আষাঢ় আকাশে ভাসা মেঘদূত উত্তরের বাণী

বিরহ বিলাপ মাখা ইতিকাল সেই যক্ষরানি

নিঃশব্দ জারুল জলে কবিতা তো প্রিয় সাদাহাঁস

 

নৈঃসর্গিক এই সবুজে ডুবে থাকে আষাঢ়স্য মন

কালিদাস মেঘদূত আরো আরো কত আয়োজন

 

বর্ষার কবিতা

দাঁড়ালে তুমি মেঘের আড়ালে

এমরান কবির

দাঁড়ালে তুমি মেঘের আড়ালে
অঙ্কন : তানভীর মালেক

মেঘেরও সমুদ্দুর থাকে, আড়ালে তাহার

নীলান্ত নীলের স্নান

 

জলান্তের সুর শুনে জেগে উঠছে কেমন সুপ্ত ক্যানভাস

কতিপয় সাদা ডানাআর

চড়ুই পাখির মতো বৃষ্টি

 

ছায়ার ভেতরে ফের গান ভাঙা সুর

রোদের ভেতরে ফের বাতাসের গান

কেমন মিলিয়ে যায় ঘাসে আর ঘাসফুলে

কাকের কল্পিত ডিম ভেসে ভেসে যায় মেঘের আড়ালে

 

তুমিও কেমন যেন

বৃষ্টি হয়ে যাও শুধু, দরজার ওপাশে দাঁড়ালে

বর্ষার কবিতা

মেঘকান্না

শাহীন রেজা

মেঘকান্না
অঙ্কন : তানভীর মালেক

বৃষ্টির অপর নাম জল;

যাকে রবীন্দ্রনাথ বলতেন মেঘকান্না

 

আমি মেঘের মতো কাঁদতে কাঁদতে

নেমে আসতে পারি না বলেই

তুমি আমার কষ্ট বোঝো না

 

অপরের ঝরে পরা না বুঝলে

কিছুতেই প্রেমিক হয়ে উঠতে পারবে না

 

প্রেম মানে কষ্ট

তিন হাজার বছরের পুরনো জমিনে

মেঘবীজের বুনন

 

না, জলের মমি নয়

আমি চিরকাল বিশুদ্ধ সুরের মাতম চেয়েছি

মেঘমল্লারে ফোটাতে চেয়েছি চোখের কারুকাজ

 

তুমি আমার বন্ধ্যা দুপুর

তোমার চারদিকে জন্মের চিল আর

আলতা দুই পায়ে ক্রমাগত জলের নূপুর।

বর্ষার কবিতা

বর্ষাবন্দনা

ম্যাকলিন চাকমা

বর্ষাবন্দনা
অঙ্কন : তানভীর মালেক

বর্ষায় পাহাড়ে মেঘের সখ্য

মেঠোপথ পেরিয়ে একরাশ কদম ফুলের গন্ধে ভিজে ওঠে বিস্তীর্ণ প্রান্তর

ডাহুকের কলতানে, জুম থেকে চেনা পথ বেয়ে ঘরে ফিরে জুমবি,

তার ঠোঁটে মৃদু একফালি হাসি, যেন মেঘভাঙা রোদের টুকরো।

 

গ্রীষ্ম আর বর্ষার টানাপোড়েনে,

ঘুম ভেঙে জেগে ওঠে ঝিরি, পাহাড়ের বুক বেয়ে নামে স্বচ্ছ সুর।

কর্ণফুলীর চরে বিস্তীর্ণ ধানক্ষেত সবুজের ঢেউ তোলে

জনপদের গান ভেসে আসে মানুষ আর মাটির গল্প হয়ে।

ক্রাডং থেকে হুরোমোন পাহাড়, বরগাঙ থেকে চেঙ্গী নদী

বর্ষায় পাহাড়ি তরুণীর জীবনবোধের গল্প বলে।