• ই-পেপার

কর্মকর্তা সেজে এনআইডি সংশোধনে গিয়ে শ্রীঘরে

ফটিকছড়িতে হরতালে বিপর্যস্ত জনজীবন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে হরতালে বিপর্যস্ত জনজীবন

চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালে দ্বিতীয় দিনেও বন্ধ ছিল যান চলাচল। গতকাল সোমবার দিনভর ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কসহ উপজেলার অভ্যন্তরীণ সব সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ডাকে গত রবিবার ভোর ৬টা থেকে এই হরতাল শুরু হয়। গতকালও আন্দোলনকারীরা নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাটসহ অন্তত ৩০ স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

 

ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হওয়ার পর ধরা পড়ে নকশাগত ত্রুটি। ফলে সংযোগ সড়ক নির্মাণ বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে ছয় বছর। এখনো সংযোগ সড়ক না থাকায় পটুয়াখালীর দশমিনা ও বাউফল উপজেলার সীমান্তবর্তী বাঁশবাড়িয়া-বগী খালের ওপর নির্মিত সেতুটি কার্যত কোনো কাজে আসছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে দশমিনা ও বাউফল উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য বাঁশবাড়িয়া-বগী খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুই কোটি ৮২ লাখ সাড়ে ১০ হাজার টাকায় কাজটি পায় পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ এন্টারপ্রাইজ। ২০২০ সালের শেষ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণের আগে নকশাগত ত্রুটি ধরা পড়ে। এতে কাজ বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচু সেতুতে উঠতে স্থানীয়রা ইটের ব্লক সাজিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করেছেন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কৃষিপণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাড়ছে খরচ। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির পরিকল্পনা ও নকশাগত ত্রুটির কারণে ছয় বছর ধরে দুই উপজেলার হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 

বগুড়ায় কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

বগুড়া অফিস
বগুড়ায় কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০ গুণ। গতকাল সোমবার বগুড়ার রাজাবাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৩২০ টাকা দরে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে জমিতে মরিচ পচে যাওয়ায় উৎপাদন কম হয়েছে। তাই দামও বেড়েছে। অথচ গত সপ্তাহে একই বাজারে মরিচ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

বগুড়া রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। তবে আলু ও পেঁপের দাম বাড়েনি। মরিচের পাইকারি ব্যবসায়ীরা জানান, জেলার সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে মরিচ সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা মণ বিক্রি হয়েছে।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহমান সরদার (৪৮) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। উপজেলার  আড়ুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে রহমান সরদার ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।