• ই-পেপার

ফটিকছড়িতে হরতালে বিপর্যস্ত জনজীবন

ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হওয়ার পর ধরা পড়ে নকশাগত ত্রুটি। ফলে সংযোগ সড়ক নির্মাণ বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে ছয় বছর। এখনো সংযোগ সড়ক না থাকায় পটুয়াখালীর দশমিনা ও বাউফল উপজেলার সীমান্তবর্তী বাঁশবাড়িয়া-বগী খালের ওপর নির্মিত সেতুটি কার্যত কোনো কাজে আসছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে দশমিনা ও বাউফল উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য বাঁশবাড়িয়া-বগী খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুই কোটি ৮২ লাখ সাড়ে ১০ হাজার টাকায় কাজটি পায় পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ এন্টারপ্রাইজ। ২০২০ সালের শেষ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণের আগে নকশাগত ত্রুটি ধরা পড়ে। এতে কাজ বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচু সেতুতে উঠতে স্থানীয়রা ইটের ব্লক সাজিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করেছেন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কৃষিপণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাড়ছে খরচ। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির পরিকল্পনা ও নকশাগত ত্রুটির কারণে ছয় বছর ধরে দুই উপজেলার হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 

বগুড়ায় কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

বগুড়া অফিস
বগুড়ায় কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০ গুণ। গতকাল সোমবার বগুড়ার রাজাবাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৩২০ টাকা দরে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে জমিতে মরিচ পচে যাওয়ায় উৎপাদন কম হয়েছে। তাই দামও বেড়েছে। অথচ গত সপ্তাহে একই বাজারে মরিচ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

বগুড়া রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। তবে আলু ও পেঁপের দাম বাড়েনি। মরিচের পাইকারি ব্যবসায়ীরা জানান, জেলার সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে মরিচ সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা মণ বিক্রি হয়েছে।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহমান সরদার (৪৮) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। উপজেলার  আড়ুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমান সরদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে রহমান সরদার ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

শালিক হত্যায় থানায় অভিযোগ

নাটোর প্রতিনিধি
শালিক হত্যায় থানায় অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে শালিক পাখি শিকারের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় গত রবিবার বন্যপ্রাণী হত্যার অভিযোগে থানায় অভিযোগ করেছে বন বিভাগ। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের হাটবিলা এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে। সেখানে স্থানীয় বিপ্লব তালুকদার, আশিক হোসেন, ইসলাম হোসেন ও সজিব হোসেনসহ কয়েকজন উপস্থিত ছিলেন। ২০ ও ২৭ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ফাঁদ পেতে শালিক ধরার পর জবাই করে অন্য স্থানে সরিয়ে নিচ্ছে। এ ঘটনায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার বাদী ফরেস্ট রেঞ্জার জাহিদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী হত্যা শুধু একটি অপরাধ নয়, এটি প্রকৃতি ও পরিবেশের ওপর সরাসরি আঘাত। নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ