• ই-পেপার

অস্ত্র হাতে মহড়া দলিল লেখক গ্রেপ্তার

চসিক মেয়র

নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগরের শক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগরের শক্তি

সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার মূল শক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়; এটি একটি জীবনাচরণ। তাই প্রতি শনিবার নিজের বাসা, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে। গতকাল শনিবার আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।

 

 

খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণের দাবি

খুলনা অফিস
খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণের দাবি

খুলনার শিববাড়ী মোড়ে আধুনিক দৃষ্টিনন্দন বহুমাত্রিক জিয়া হল নির্মাণের দাবি জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। তাঁরা বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগরী খুলনা একসময়ে শিল্প, সংস্কৃতিতে ঐতিহ্যের নাম। কিন্তু এই শহরে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো স্থান নেই। অবিলম্বে আগের জিয়া হলের জায়গায় নতুন করে আধুনিক দৃষ্টিনন্দন বহুমাত্রিক ও সুউচ্চ জিয়া হল নির্মাণ করতে হবে। শনিবার নগরীর শিববাড়ী মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মানববন্ধন ও সমাবেশে নাগরিক নেতারা এসব কথা বলেন। খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল প্রমুখ।

 

সংক্ষিপ্ত

বৃক্ষরোপণের বিকল্প নেই : সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
বৃক্ষরোপণের বিকল্প নেই : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে ভয়ংকর প্রভাব পড়েছে, তার কারণে যে সময় বৃষ্টি হওয়ার কথা ওই সময়  বৃষ্টি হচ্ছে না। যা আমাদের ফসল ও সামগ্রিক প্রাণিকুলের জন্য অশুভ বার্তা বয়ে আনছে। জলবায়ু  পরিবর্তনের এই  চ্যালেঞ্জ  মোকাবেলায় প্রধানমন্ত্রী ২৫  কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করা আমাদের উচিত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’ তিনি গতকাল শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইনস দরবার হলে জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।

রাঙামাটি-বান্দরবান যান চলাচল ১৩ দিন পর শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
রাঙামাটি-বান্দরবান যান চলাচল ১৩ দিন পর শুরু

সেতু ধসে টানা ১৩ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় গত ১২ জুলাই থেকে রাঙামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

সেতুর ধসে পড়া অংশটি নতুন করে নির্মাণের পর গতকাল সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। তিনি জানান, সেতুর যে অংশটি ভেঙে গেছে সেটির নির্মাণকাজ গত বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। তবে কিছু কাজ করার জন্য শুক্রবার শুধু অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাঙামাটি থেকেও বান্দরবানে বাস আসবে।