• ই-পেপার

নিখোঁজ স্কুলছাত্রী বুড়িচংয়ে উদ্ধার

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত মনির আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে। সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন মনির। রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজেদের রুমের বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মনিরের হাত বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নিচে পুকুরে পড়ে যান তিনি। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মহাসড়কে ভোগান্তি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মহাসড়কে ভোগান্তি

খুলনা-মোংলা মহাসড়কসহ রামপাল উপজেলার কয়েকটি গ্রামীণ সড়ক বেহাল। সাধারণ মানুষ যানবাহন নিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের একমাত্র মহাসড়ক খুলনা-মোংলা মহাসড়কটি নির্মাণের ৩০ বছর পর বিগত ২০১০ সালে প্রথম দফায় সংস্কার করা হয়। সংস্কার দীর্ঘস্থায়ী না হওয়ায় প্রায় প্রতিবছর সড়কটি সংস্কার করতে হচ্ছে। কোথাও অস্থায়ী কার্পেটিং আবার কোথাও ইটের সলিং বসানো হয়েছে। এতে এ গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবারের বৃষ্টিতে এ মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এমন অবস্থার মধ্যে দিনরাত মোংলা সমুদ্রবন্দর থেকে আমদানি- রপ্তানি পণ্য সময়মতো আনা-নেওয়ায় যানবাহন ও যাত্রী পরিবহন সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে। ৪২ কিলোমিটারের এ মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সড়ক বিভাগ ও রামপাল উপজেলা এলজিইডির কর্মকর্তাদের কাছে পৃথক ভাবে জানতে চাইলে তারা জানান এখন বর্ষা মৌসুমে সংস্কার করলে টেকসই হবে না। শুস্ক মৌসুমে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকস-এর মালিকানাধীন ছয়টি কাভার্ড ভ্যান ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক যুবলীগ (নিষিদ্ধ ঘোষিত) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ করা কাভার্ড ভ্যানগুলোর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের লালখান বাজার এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল উদ্দিন আহমেদ চৌধুরী চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মামলার নথি সূত্রে জানা যায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ড ভ্যান আত্মসাতের অভিযোগে গত ১২ মে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে ঘটনায় জামাল উদ্দিনের প্রত্যক্ষ সম্পৃক্ততা পায়। উদ্ধার হওয়া কাভার্ড ভ্যানটিসহ আত্মসাৎ করা মোট ছয়টি কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

 

জামিনে বেরিয়ে প্রধান শিক্ষিকাকে হুমকি

কুমিল্লা প্রতিনিধি
জামিনে বেরিয়ে প্রধান শিক্ষিকাকে হুমকি

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়ার ঘটনা দেশজুড়ে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম সুজন গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে পুনরায় প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে প্রাণনাশের হুমকি, হামলা-মামলার ভয়ভীতি ও অপপ্রচার করে বিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কুমিল্লা নগরীর একটি হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনার পরও আমি বিদ্যালয়ে প্রবেশ করতে পারছি না। আমাকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয় অফিসকক্ষে প্রধান শিক্ষকের চেয়ার অবৈধভাবে দখল করে রাখে বোর্ড কর্তৃক বহিষ্কৃত আমিনুল ইসলাম সুজন। এ বিষয়ে জানতে আমিনুল ইসলাম সুজনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।