বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের পুত্র হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের পুত্র আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের পুত্র প্রতিম আচার্য ও রতন কুমার দাসের পুত্র হৃদয় দাস। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এ সময় আমরা অভিযুক্ত এই চারজনকে আটক করি এবং অভিভাবকরা তাঁদের চিহ্নিত করেন।

