কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাতে রমনা ইউনিয়নের পনতিপাড়া ও সরকারপাড়া এলাকার আড়াই থেকে তিন শতাধিক মানুষ এ ঘটনায় অংশ নেয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর জেরে বুধবার রাতে বিক্ষুব্ধ জনতা রমনা ঘাট এলাকার অন্তত সাতজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। যাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাঁদের মধ্যে রয়েছেন মুকুল মিয়া, তাঁর ভাই মিঠু, রিপন মিয়া, আলম ভাটিয়া, আলী, ইমন মিয়া, জাহিদুল ও বাবু মিয়া। স্থানীয়দের দাবি, এর আগে অভিযুক্তদের মাদক ব্যবসা বন্ধ করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা কার্যক্রম বন্ধ না করায় ক্ষুব্ধ হয়ে দুই গ্রামের মানুষ একত্র হয়ে এই হামলা চালায়।

