• ই-পেপার

সংক্ষিপ্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

মেহেরপুর ও শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি পুরাতন মচমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে ও বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আহত হন আলী হোসেন। এ সময় স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সুন্দরবনে মাছ শিকারের সময় বজ্রপাতে আরিফুল নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সুন্দরবনের কপোতাক্ষ নদ থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে। তিনি শ্যামনগরের চাকলা গ্রামে মৃত আব্দুল হাই সানার ছেলে। গত সোমবার সুন্দরবনের কপোতাক্ষ নদে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে ডুবে যান আরিফুল।

 

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ৮টায় উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার এসআই নুর আলম মিয়া ও পরিবার সূত্রে জানা যায়, কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এই সময় রেললাইন পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের বেদির অংশে আগুন জ্বলছে। আগুন লাগার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যাচ্ছে।

একই সময়ে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। সরেজমিনে স্মৃতিস্তম্ভটিতে বুধবার সকালে আগুনের পোড়া দাগ দেখা যায়। তবে কাঠামোগত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

 

ট্রেন উদ্ধারকারী ট্রেনও দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ট্রেন উদ্ধারকারী ট্রেনও দুর্ঘটনায়

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছিল রিলিফ ট্রেন। তবে সেখানে পৌঁছানোর আগে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় রিলিফ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে উদ্ধারকাজ সাড়ে তিন ঘণ্টা বিলম্বিত হয়। এতে আটকে পড়া ট্রেনের যাত্রীদের বাড়তি সময় ভোগান্তির মধ্যে পড়তে হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সকাল সোয়া ৯টায় লাইনচ্যুত হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় অবস্থিত লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ব্রহ্মপুত্রকে উদ্ধার করতে যাওয়ার পথে নগরের বাঘমারা এলাকায় লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।’