ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন আক্তার। তিনি ২০০৪ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে পাস করেন। অনিয়মিত থাকায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন না। এর পরও তিনি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স পাস করেন বলে ভুয়া সনদ দেখান। খোঁজ নিয়ে দেখা যায়, ২০১৩ সালে তিনি চৌধুরী ছবুরুন্নেছা মহিলা কলেজ থেকে সাধারণ ডিগ্রি পাস করেন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস সনদ দেখিয়ে এনটিআরসিএর সনদ জালিয়াতিসহ নানা প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি নেন নাসরিন আক্তার। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর তাঁর সনদ ভুয়া উল্লেখ করে সরকার থেকে প্রাপ্ত চার লাখ ২১ হাজার ৯২৮ টাকার বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে। গত বছরের ১৫ ও ১৬ অক্টোবর সনদ যাচাই করে নাসরিন আক্তারের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হয়।



