• ই-পেপার

ব্রিটিশ আমলে নির্মিত হাসপাতাল পরিত্যক্ত

অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, হয়রানি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, হয়রানি

খাগড়াছড়ির রামগড়ে সিএনজিচালিত অটোরিকশার অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচল নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বিপুলসংখ্যক সিএনজিচালিত অটোরিকশার অনেকগুলোরই বৈধ নিবন্ধন, ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। এর পরও এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদ, পূজা-পার্বণসহ বিভিন্ন উৎসব ও বিশেষ সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে ভাড়া বৃদ্ধির প্রবণতা আরো বেড়েছে বলে অভিযোগ উঠেছে।  স্থানীয় সূত্র জানায়, অটোরিকশার অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রামগড় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কসবা রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার রাতে। নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তোফায়েল বন্ধুদের সঙ্গে স্টেশনে অবস্থান করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন। এ সময় ওই লাইন দিয়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস অতিক্রম করছিল। বিষয়টি দেখতে পেয়ে রেললাইন থেকে বৃদ্ধকে সরিয়ে দিলেও নিজে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

সাইবার প্রতারণার টাকায় গরু ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাইবার প্রতারণার টাকায় গরু ব্যবসা

ব্যাংক ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের মূল হোতা ইকবালসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ দিয়ে তাঁরা অনলাইন জুয়া খেলতেন এবং গরুর ব্যবসাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতেন।

গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল। তিনি বলেন, চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকার বিনিময়ে মোবাইল ব্যাংকিং হিসাব ও সিম সংগ্রহ করে অবৈধ লেনদেনে ব্যবহার করত। গ্রেপ্তার দুজন হলেন ইকবাল ও রুবেল। ইকবালকে সীতাকুণ্ড থেকে ও রুবেলকে চান্দগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সাতকানিয়া উপজেলার এমএফএস ব্যবসায়ী জামাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে ফোনটি বন্ধ হয়ে যায়। পরে সেটি চালু হলে তিনি দেখতে পান, তাঁর ব্যবহৃত বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপস মোবাইল থেকে উধাও হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ইউসিবি ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ-নগদ নম্বরে স্থানান্তর করা হয়।

ঘটনার পর সাতকানিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপারের নির্দেশনায় চট্টগ্রাম জেলা ডিবি তদন্ত শুরু করে।

 

সিংগাইর

রোগীদের পথ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে অনিয়ম

মানিকগঞ্জ প্রতিনিধি
রোগীদের পথ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে অনিয়ম

অভিজ্ঞতার জাল সনদ দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য সরবরাহের কাজ নেওয়ার অভিযোগ উঠেছে আদ্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কহিনুর ইসলাম।

কহিনুর ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনিহারি ও রোগীদের পথ্য সরবরাহের দরপত্র আহ্বান করা হয় গত ২৮ মে। অংশগ্রহণকারীদের জন্য পূর্ব অভিজ্ঞতার সনদ দরপত্রের সঙ্গে সংযুক্ত করার নির্দেশনা ছিল। গত ২ জুন ছিল দরপত্র জামা দেওয়ার শেষ দিন। দরপত্র জমা দেন অভিযোগকারী কহিনুর ইসলাম ও অভিযুক্ত আদ্র এন্টারপ্রাইজের ইসমাইল হোসেনসহ মোট চারজন। ইসমাইল হোসেনের প্রতিষ্ঠান আদ্র এন্টারপ্রাইজ ২৭ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা উল্লেখ করে দরপত্র জামা দেন। আর কহিনুর ইসলাম তাঁর দরপত্রে আদ্র এন্টারপ্রাইজের চেয়ে কমে ২৬ লাখ ৬৯ হাজার ৮১২ টাকা উল্লেখ করেন। এ ছাড়া আদ্র এন্টারপ্রাইজ যে অভিজ্ঞতার সনদ জমা দেয়, তা ছিল জাল।

অভিযোগে বলা হয়, আদ্র এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর। অথচ আদ্র এন্টারপ্রাইজ ২০২৩-২৪ সালে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ করেছে ওই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরিত এমন একটি সনদ দাখিল করে, যা মূল্যায়ন কমিটি যাচাই না করেই তাদের মনোনীত করে চিঠি দেয়।

আদ্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন স্বীকার করে জানান, তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দিন ঠিকাদারি করেননি। তিনি বলেন, লাইসেন্স তাঁর নামে হলেও সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি করার জন্য বন্ধু সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম ধার নিয়েছিলেন। তিনি কোন ধরনের ডকুমেন্ট জমা দিয়েছেন, সে বিষয়ে আমার জানা নেই। অন্যদিকে সফিকুল ইসলাম বলেন, বিষয়টি ইসমাইল হোসেনই ভালো বলতে পারবেন।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, মূল্যায়ন কমিটি দরপত্র যাচাই-বাছাই করে আদ্র এন্টারপ্রাইজকে মনোনীত করে চিঠি দিয়েছে। তবে এখনো ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়নি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে দরপত্রের শর্তানুযায়ী আদ্র এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করা হবে না।