• ই-পেপার

চুক্তিভিত্তিক নিয়োগ ১২ সংস্থায়

ঢাকার তাঁতিবাজারে উল্টো রথযাত্রা আজ

ঢাকার তাঁতিবাজারে উল্টো রথযাত্রা আজ

ঢাকার তাঁতিবাজারের শতাব্দী প্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আজ শুক্রবার শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। আজ প্রভাতি আরতির মধ্য দিয়ে উল্টো রথযাত্রার উৎসব শুরু হবে। দুপুরের ভোগ আরতির পর প্রভু শ্রীশ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে দুর্গাপূজা প্রাঙ্গণে নিয়ে এসে রথে বসানো হবে। বিকেল ৪টায় উল্টো রথ টান শুরু হবে। প্রভু জগন্নাথের রথটি তাঁতিবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে উত্তর দিক দিয়ে গিয়ে ইংলিশ রোড, রায় সাহেব বাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড, শিব মন্দির হয়ে তাঁতীবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণে এসে অবস্থান করবে। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

নিজস্ব প্রতিবেদক
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৫০তম বিসিএসের ফল প্রকাশের একটি সম্ভাব্য ক্যালেন্ডার আগে থেকেই নির্ধারণ করেছে পিএসসি। ঘোষিত সেই ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসের মধ্যে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারিত আছে। তবে তার আগেই ফল প্রকাশিত হলো। পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে আগামী ১১ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে পিএসসি জানিয়েছে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন ও বরিশাল বিভাগে ৬৪ জন রয়েছে। সিলেট বিভাগে আক্রান্তের কোনো তথ্য পাওয়া যায়নি।

অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ২০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে জুলাইয়ের ২২ দিনে আক্রান্ত পাঁচ হাজার ৯১৬ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

এর আগের মাস জুনে আক্রান্ত ছিল দুই হাজার ৯০৭ জন। মৃত্যু হয় ১৩ জনের। এর আগে গত বছর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৭৫ জনের।

 

 

খুলনায় বাবা-মেয়েকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
খুলনায় বাবা-মেয়েকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রায় এক যুগ আগে খুলনার লবণচরায় একটি বেসরকারি ব্যাংকের নারী কর্মী ও তাঁর বাবাকে হত্যার দায়ে পাঁচ আসামিকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। মামলার ডেথ রেফারেন্স (বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) গ্রহণ করে এই রায় দেওয়া হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনমো. লিটন, শরিফুল ইসলাম ও তাঁর ভাই সাইফুল ইসলাম পিতিল, আজিজুর রহমান পলাশ ও আবু সাঈদ। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। বাদীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী আল আসাফুর আলী রাজা, মো. নাজিমুদ্দীন ও মো. মাহমুদুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক।

মামলার নথি থেকে জানা গেছে, খুলনা শহরের লবণচরা এলাকার বুড়ো মৌলভীর দরগাহপাড়ায় বসবাস করতেন এক্সিম ব্যাংকের ওই নারী কর্মী। কর্মস্থলে যাওয়া-আসার পথে অভিযুক্তরা তাঁকে উত্ত্যক্ত করতেন। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর দণ্ডিতরা ওই নারী কর্মী ও তাঁর বাবাকে হত্যা করেন। হত্যার পর তাঁদের মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে আসামিরা দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনায় প্রথমে লবণচরা থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন ওই নারী কর্মীর ভাই। মামলার তদন্ত চলার সময় গ্রেপ্তার করা হয় আসামি মো. লিটনকে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।