• ই-পেপার

বর্ষায় নৌকা

ঢাকার তাঁতিবাজারে উল্টো রথযাত্রা আজ

ঢাকার তাঁতিবাজারে উল্টো রথযাত্রা আজ

ঢাকার তাঁতিবাজারের শতাব্দী প্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আজ শুক্রবার শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। আজ প্রভাতি আরতির মধ্য দিয়ে উল্টো রথযাত্রার উৎসব শুরু হবে। দুপুরের ভোগ আরতির পর প্রভু শ্রীশ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে দুর্গাপূজা প্রাঙ্গণে নিয়ে এসে রথে বসানো হবে। বিকেল ৪টায় উল্টো রথ টান শুরু হবে। প্রভু জগন্নাথের রথটি তাঁতিবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে উত্তর দিক দিয়ে গিয়ে ইংলিশ রোড, রায় সাহেব বাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড, শিব মন্দির হয়ে তাঁতীবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণে এসে অবস্থান করবে। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

নিজস্ব প্রতিবেদক
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৫০তম বিসিএসের ফল প্রকাশের একটি সম্ভাব্য ক্যালেন্ডার আগে থেকেই নির্ধারণ করেছে পিএসসি। ঘোষিত সেই ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসের মধ্যে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারিত আছে। তবে তার আগেই ফল প্রকাশিত হলো। পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে আগামী ১১ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে পিএসসি জানিয়েছে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন ও বরিশাল বিভাগে ৬৪ জন রয়েছে। সিলেট বিভাগে আক্রান্তের কোনো তথ্য পাওয়া যায়নি।

অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ২০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে জুলাইয়ের ২২ দিনে আক্রান্ত পাঁচ হাজার ৯১৬ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

এর আগের মাস জুনে আক্রান্ত ছিল দুই হাজার ৯০৭ জন। মৃত্যু হয় ১৩ জনের। এর আগে গত বছর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৭৫ জনের।

 

 

চুক্তিভিত্তিক নিয়োগ ১২ সংস্থায়

নিজস্ব প্রতিবেদক
চুক্তিভিত্তিক নিয়োগ ১২ সংস্থায়

বাংলাদেশ জুট মিল করপোরেশন, ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনসহ ১২টি সংস্থায় চেয়ারম্যান, মহাপরিচালকসহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী মো. মামুন হোসেনকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের চেয়ারম্যান, বেনজীর আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের চেয়ারম্যান, মো. জাকির হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, মো. সালাহ উদ্দিন সরকারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক, কাজী রওনাকুল ইসলামকে (টিপু) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মো. শামসুজ্জামানকে (সুরুজ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, আব্দুল
খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান, মো. সামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে, মো. কামরুজ্জামানকে (কামরুজ্জামান দুলাল) বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এ টি এম আবদুল বারী ড্যানীকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও মোহাম্মদ রাশেদুল হককে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপান পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।