• ই-পেপার

বাংলাদেশের স্কুলের জন্য এক হাজার ফুটবল দিল পাকিস্তান

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ

‘দৈনিক অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
‘দৈনিক অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। গতকাল রবিবার সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই জামিন মঞ্জুর করেন। বগুড়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে এই তথ্যটি নিশ্চিত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বগুড়া ডিবি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলে। এরপর বিচারকের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সূত্র মতে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ সংশ্লিষ্ট বিষয়ে ১৫ জুন সাংবাদিক তানভীর আলম রিমন জেলার সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি এজাহার হিসেবে গ্রহণে বগুড়া সদর থানাকে নির্দেশ দেন।

 

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক
ডিএমপিতে দুই ডিসির রদবদল

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। গত শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সংসদ ও সংসদ সদস্যদের মান উন্নয়ন দরকার : মান্না

নিজস্ব প্রতিবেদক
সংসদ ও সংসদ সদস্যদের মান উন্নয়ন দরকার : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় সংসদ সদস্যদের (এমপি) সমালোচনা করে বলেছেন, পার্লামেন্টের মেম্বাররা এমন যে তাঁরা পর্দা চান, কেন? তাঁরা এমন এমন কথা বলেন, যে কথাগুলো জীবনে তেমন প্রাসঙ্গিকই হয় না, সেই ধরনের কথাবার্তা বলছেন, কেন?

গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনাসভায় মান্না এসব কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি শীর্ষক আলোচনাসভার আয়োজন করে নাগরিক ঐক্য। সভায় মান্না বলেন, সংসদ ও সংসদ সদস্যদের মান উন্নয়ন করা দরকার। সংসদ হচ্ছে একটা পুরা জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে আপনি নিজের চেহারা যদি দেখতে না পারেন, সেটা যদি আয়না হয় কী রকম করে? হতে পারে না তো। দৈনন্দিন জীবনযাত্রার যে বিষয়, সেটাই হচ্ছে অর্থনীতি। তাহলে বাজেট হলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার এক বছরের সালতামামি। মানে হিসাব-নিকাশেরই একটি প্রতিফলন।

তিনি বলেন, প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডকে। এই লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। কিন্তু এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি, আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকা ঘাটতি ছিল। এই বছর সেটা আদায় করতে পারবে? যদি না পারে, তাহলে কী করবে? আবার ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?

গত বুধবার প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।

সেলিমা আহমাদ মেরী আর নেই

কুমিল্লা প্রতিনিধি
সেলিমা আহমাদ মেরী আর নেই
সেলিমা আহমাদ মেরী

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা কমিটির সাবেক সহসভাপতি সেলিমা আহমাদ মেরী শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাঙ্ককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ব্যাঙ্ককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন।