জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ সময় গতকাল সোমবার সন্ধ্যায় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডারসেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান। জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ/প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা বাংলাদেশি সামরিক ও পুলিশ বাহিনীর প্রতিপূরণসংক্রান্ত বিষয়গুলো সহজতর করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের ধারাবাহিক ও কার্যকর সহায়তার জন্য আন্ডারসেক্রেটারি জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্যও ধন্যবাদ জানান তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে।



