আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা অধিক প্রিয়। আর প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে। তুমি সেই জিনিসের প্রতি যত্নবান হও, যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিরুৎসাহ হয়ো না। যদি তোমার কিছু ক্ষতি হয়, তাহলে এই কথা বলো না যে ‘যদি আমি এ রকম করতাম, তাহলে এ রকম হতো’, বরং বোলো, আল্লাহর নির্ধারণ এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। কেননা যদি শব্দটি শয়তানের কাজের দুয়ার খুলে দেয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৭৯)
শিক্ষা
হাদিস গবেষকরা বলেন,
১. দুর্বলতা ও হীনতা মুমিনের বৈশিষ্ট্য নয়, মুমিন সবল ও বলিষ্ঠ হবে।
২. মুমিনের উচিত সব কল্যাণকর বিষয়ের প্রতি যত্নশীল হওয়া।
৩. মুমিন যত কল্যাণই লাভ করুক না কেন, সে সর্বদা আল্লাহর সাহায্য প্রার্থনা করবে।
৪. মুমিন কখনো আল্লাহর সাহায্য লাভের ব্যাপারে হতাশ হবে না।
৫. ভাগ্যে বিশ্বাসীরা ‘যদি-কিন্তু’-এর পেছনে পড়ে না; কেননা তা বিশ্বাসকে দুর্বল করে দেয়। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)



