• ই-পেপার

চীন প্রস্তাবিত করিডরে বড় বাধা মিয়ানমারের গৃহযুদ্ধ

রোনালদোর বিদায় শেষ আটে স্পেন

শাহজাহান কবির, ডালাস থেকে
রোনালদোর বিদায় শেষ আটে স্পেন
গোল উদযাপন মিকেল মেরিনোর। তাঁর একমাত্র গোলেই পর্তুগালকে বিদায় করে শেষ আটে স্পেন। ছবি : রয়টার্স

সেই মুহূর্তটা এসেই গেল। শেষ বিশ্বকাপে নামা ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বেকাপের শেষ ম্যাচটাও খেলে ফেললেন। ডালাসে গোলশূন্যভাবে অতিরিক্ত সময়ে গড়াতে থাকা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বদলি নামা নামা স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো। তাঁর ৯০তম মিনিটে করা একমাত্র গোলেই জয় নিয়ে স্পেন শেষ আটে। বিশ্বকাপ থেকে বিদায় তাই কিংবদন্তির। লামিন ইয়ামাল রয়ে গেলেন আসরটিকে আরো কিছুদিন মাতানোর জন্য।

খেলা শুরুর আগে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খেলোয়াড়দের নাম ঘোষণার সময় যে দুটি নামের বেলায় সবচেয়ে বেশি আওয়াজ ওঠে, তা-ও ছিল রোনালদো আর ইয়ামাল। ম্যাচের আবহে দুই প্রজন্মের এই লড়াইয়ের বিষয়টা ছিল। ম্যাচ শুরুর আগে ডালাসের দর্শকরাও জানিয়ে দেনতাঁরা এর জন্য কতটা অধীর অপেক্ষায়। তবে ইয়ামাল নয়, শেষ পর্যন্ত লুই দা লা ফুয়েন্তের মাস্টারস্ট্রোকে ম্যাচ জিতিয়েছেন মিকে। শুরুতে সহজ সুযোগ নষ্ট করেছিলেন আগের চার ম্যাচে চার গোল করা মিকেল ওয়ারজাবাল। দানি ওলমো দারুণ বল বের করে দিয়েছিলেন তাঁকে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও চাপটা নিতে পারেননি আগের চার ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ড। অন্য প্রান্তে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল পেয়ে স্প্যানিশ গোলরক্ষককে পরখ করের রোনালদো।  ইয়ামালের প্রথম শট ১৭ মিনিটে, বাঁদিক থেকে বাঁ পায়ে তুলে দিয়েছিলেন। দিয়েগো কস্তা ফেরান তা। ফিরতি বলে ডান দিক থেকে আলেক্স বায়েনা দূরের পোস্টে নিশানা করলে সেই বলও ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছেন তিনি। স্পেন সহজাত পাসিংয়ে ক্রমে চাপ বাড়ায় পর্তুগালের রক্ষণে। রুবেন দিয়াজের সঙ্গে তরুণ রেনাতো ভেইগা আস্থা নিয়ে খেলছিলেন সেই চাপের মুখে। তবে রোনালদো খেলাটা বদলে দিতে পারতেন, পেদ্রো নেতোর ক্রসে ফেলিক্সের হেড বাঁচাতে পোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন উনাই সিমন, সেই বল রোনালদো পেয়েছিলেন, যদিও ততটা জায়গা পাননি, রিভার্স ভলির চেষ্টা করেছিলেন, ততক্ষণে সিমোন জায়গায় ফিরে তা আয়ত্তে নেন। স্পেন যখন উঠছিল, একত্রে উঠছিল। পর্তুগাল বল পেয়ে লম্বা পাসে উঠছিল দ্রুত। প্রথমার্ধটা গোলশূন্যভাবে শেষ হয়। ওয়াইরসাবাল ম্যাচের তাতে সেরা সুযোগটা পেয়েছিলেন। অন্যদিকে গোল আদায় করে নিতে পারতেন নুনো মেন্দেসও। বিরতির আগে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর পাওয়ারফুল শট পেদ্রো পোরোর মাথা ছুঁয়ে লাগে ক্রসবারে। পোরো ক্লিয়ারই করতে চেয়েছিলেন, নইলে হয়তো জালেই যেত বল।

প্রথমার্ধ শেষে দুই দলের পরিসংখ্যানও কাছাকাছিই। বল পজিশন স্পেনের ৫৫, পর্তুগালের ৪৫ শতাংশ। অন টার্গেট শট স্প্যানিশদের তিনটি, পর্তুগালের দুটি। রোনালদো, ইয়ামালের তখনো আসলে ম্যাচে আলো ছড়ানো বাকি। মেন্দেজ ইয়ামালকে ভালোই সামলাচ্ছিলেন। রোনালদো অপেক্ষায় ছিলেন মোক্ষম সুযোগের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নেতোর ক্রসে দৌড়ে এসে তিনি নাগাল পাননি। সেটি অবশ্য পর্তুগিজ তারকার গতির সমস্যা নয়, নেতোই বলটা দ্রুত ও আগে ছেড়েছিলেন। ৫৩ মিনিটে ইয়ামালকে ট্যাকল করতে গিয়ে পেশিতে টান পেয়ে মেন্দেজের মাঠ ছাড়া ছিল বড় দুর্ঘটনা। স্প্যানিশ সমর্থকদের মধ্যে তাতে হুল্লোর ওঠে, আর পর্তুগিজরা করতালিতে তাঁকে সহানুভূতি জানায়। ইয়ামালের প্রান্তে তখন নেলসন সেমেদোকে নামান রবার্তো মার্তিনেজ। ৬১ মিনিটে পেদ্রি গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু বক্সের  ওপর থেকে নেওয়া তাঁর শট ক্রসবার উঁচিয়ে চলে যায়। ম্যাচের গতি বদলাতে বদলি খেলোয়াড়েরও তখন প্রয়োজন বোধ হয়, সেটি দুই দলেরই। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর প্রথম সে বদল আনেন মার্তিনেস। রাফায়েল লিয়াওকে নামান তিনি ফেলিক্সের বদলে, নিচে কেন্সেলোর বদলে দিয়াগো দালত। ইয়ামাল বাঁ প্রান্তে ফ্রি-কিক পেলে স্প্যানিশরা উল্লাস করেছিল, তবে কস্তার জন্য কোনো বিপদ হয়নি। লুইস দে লা ফুয়েন্তেও এরপর বেঞ্চ থেকে খেলোয়াড় ডাকেন, ফেরান তরেসকে আনেন তিনি বায়েনার বদলে। রোনালদোকে মার্তিনেস শেষ পর্যন্ত রাখেন কি না সেটি দেখার ছিল। তবে এরপর জোড়া পরিবর্তনে বার্নান্দো সিলভা ও ফ্রান্সিসকো কনসেসোকে নামান তিনি নেতো ও ভিতিনিয়ার বদলে। এরই মধ্যে গর্তুগিজ বক্সে গোল বাঁকানো ব্লক ছিল সেমেদোর, ওলমোর গোলমুখী শট তিনি ফিরিয়ে দেন। নির্ধারিত সময় শেষ হতে চললে দে লা ফুয়েন্তে যোগ করেন আরো দুই ফরোয়ার্ড মিকেল মেরিনো ও ফাবিয়ান রুইজ, ওলমো উঠে যান। সেটিই যে মাস্টারস্ট্রোক হবে কে জানত। পর্তুগিজ ডিফেন্সের ক্ষণিকের অসতর্কতা ছিল, রুইজের আচমকা থ্রো বলে মেরিনোকে মার্ক করতে পারেননি পুরো ম্যাচ দুর্দান্ত খেলে আসা দুই পর্তুগিজ সেন্টারব্যাক। একেবারে ফাঁকায় বল স্পেনকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া গোলটি করতে ভুল হয়নি মেরিনোর।

অতিরিক্ত সময়ে গড়াতে থাকা ম্যাচে এভাবে বাঁক নিয়ে স্পেনের দুযারে ঘুরে যাবে ভাবা যায়নি। রোনালদোরও তাই অপ্রত্যাশিত বিদায়।

উক্তি

উক্তি

তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে না বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকে ঠিক করা যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১০

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১০

প্রবল বর্ষণের জেরে পাহাড়ধসে কক্সবাজারে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে প্রাণহানি ঘটেছে নারী ও শিশুসহ আটজনের। বাকি একজন নিহত হন কক্সবাজার শহরে। এ ছাড়া জেলার পেকুয়ায় আরো এক শিশু পাহাড়ধসে মারা যায়। গত রবিবার প্রথম প্রহর ও গতকাল সোমবার ভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

এদিকে, ভারি বর্ষণে কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত হলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কেও যানবাহন চলাচল ব্যাহত হয়। বর্ষণের পানিতে জেলা শহরসহ কয়েকটি উপজেলার জনজীবনে নেমে আসে দুর্ভোগ।

তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন নিহতের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। রবিবার পাহাড়ধসের প্রথম ঘটনা ঘটে রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে। রাতে ক্যাম্পের বস্তিসংলগ্ন পাহাড়ের মাটি রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর ধসে পড়ে। ওই সময় বস্তিতে ঘুমন্ত রোহিঙ্গা কামাল হোসাইন (৪৪), তাঁর স্ত্রী হুমায়রা (৩৯) ও ছেলে মোহাম্মদ আনাস (৪) মাটিচাপা পড়ে নিহত হন। ফায়ার সার্ভিসের লোকজন ও রোহিঙ্গারা তাদের মৃতদেহ উদ্ধার করে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তিনজনকে মৃত ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে। রাত ১টা ৪৫ মিনিটে মাটিচাপায় একরাম নামে সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করে। রাত ৩টায় উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তাঁর বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) ও তার ভাই হারুনুর রশিদ (৩)। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ভারি বর্ষণে পাহাড়ধসের আশঙ্কার বিষয়টি আগেভাগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু পাহাড়গুলো আগে থেকেই মাটি কাটার কারণে ঝুঁকিপূর্ণ ছিল। তাই এমন দু:খজনক ঘটনা ঘটেছে।

অন্যদিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনায় পাহাড়ধসে আলী আকবর (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৪টার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। ওই সময় পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের চারজন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে। এ সময় আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বর্ষণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু ও উখিয়া উপজেলার কয়েকটি স্থান নিমজ্জিত হয়ে পড়ায় গতকাল সকালে যানবাহন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। কক্সবাজার শহরে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাগরপারের পর্যটন এলাকা কলাতলীসহ বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুতুবদিয়া দ্বীপে বর্ষণের পানিতে লেমশিখালী-কৈয়ারবিল পাকা সংযোগ সেতুটি বিধ্বস্ত হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়  ২৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছেন কক্সবাজারের  সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।

 

পেকুয়ায় শিশুর মৃত্যু

আমাদের চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান,  কক্সবাজারের পেকুয়ায় গতকাল সোমবার সন্ধ্যার দিকে টৈটং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খলিফামুড়ার আলিম্যার ঝিরি এলাকায় মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশু পাহাড়ধসে মারা যায়। সে একই এলাকার কলিম উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ও বিকেলের ভারি বর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে কলিম উল্লাহর বাড়ির ওপর। ওই সময় বাড়ির দেয়ালে চাপা পড়ে শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন মাটির নিচ থেকে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম পাহাড়ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু ও তার নানি পানি নিষ্কাশনের কাজ করছিল। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে বসতঘরের ওপরে গিয়ে পড়ে। এতে বাড়ির দেয়ালে চাপা পড়ে শিশুটি মারা যায়। এ সময় নুরুন্নাহার বেগম (৫৫) নামের সঙ্গে থাকা নানিও আহত হন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরানে লাখো মানুষের শোকযাত্রা

গাজী আব্দুর রশীদ, তেহরান থেকে

ইরানে লাখো মানুষের শোকযাত্রা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর কয়েকজন আত্মীয়ের শেষবিদায়ের শোকযাত্রায় লাখো মানুষ অংশ নেন। গতকাল তেহরানে। ছবি : রয়টার্স

চারদিকে শুধু মানুষ আর মানুষ। এ যেন অন্তহীন এক সুবিশাল জনসমুদ্র। কেউ নীরবে কোরআন তিলাওয়াত করছে, কেউ বুক চাপড়ে মাতম করছে, কেউ আবার স্লোগানে মুখর করে তুলছে রাজপথ। তাদের চোখে অশ্রু, মুখে ঐক্যে আত্মপ্রত্যয়ী দৃঢ়তার স্লোগান।

গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে এমন দৃশ্য দেখা গেছে, যেখানে মার্কিন-ইসরায়েলি হামলায় শহীদ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে ১২ ঘণ্টার এক শোকযাত্রা শুরু হয়। এই শোকমিছিলে লাখো মানুষের ঢল নামে। গতকাল ছিল এই শহীদ নেতার সাত দিনের শেষবিদায়ের অনুষ্ঠানের তৃতীয় দিন।

ইরানে লাখো মানুষের শোকযাত্রাতখন সকাল ৬টা। তেহরানের আকাশে সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। অথচ অনেক আগেই জেগে উঠেছে শহর। আজাদি স্ট্রিট ও ইয়াদেগারে ইমাম মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত মাহদিয়া ইমাম হাসান (আ.) এলাকা থেকে মূল শোকযাত্রা শুরু হয়।

শোকমিছিলের কেন্দ্রে ছিল শহীদ নেতার কফিন, সঙ্গে বহন করা হয় তাঁর পরিবারের আরো কয়েকজন শহীদ সদস্যের মরদেহ। এর মধ্যে রয়েছে তাঁর কন্যা সাইয়্যেদাহ বুশরা হোসাইনি-খামেনি, জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাকিরি-কানি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ-আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানি। তারা সবাই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিন শহীদ হয়।

সকাল ৬টার দিকে আজাদি সড়কে গিয়ে দেখা যায়, গোটা তেহরান যেন এক শোকমঞ্চে পরিণত হয়েছে। ভালিয়াসর চৌরাস্তা হয়ে আজাদি স্কয়ার পেরিয়ে ইনকিলাব স্কয়ার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারের সেই যাত্রা শুধু একটি শোকমিছিল ছিল না; ছিল একটি জাতির সম্মিলিত আবেগ, বিশ্বাস ও স্মৃতির বহিঃপ্রকাশ।

কান্না ও বজ্রকণ্ঠে স্লোগান : ভোর থেকে শেষবিদায়ের শোকযাত্রার নির্ধারিত সড়কগুলো মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা, শহীদ বিপ্লবী নেতার ছবি বহন করে এবং স্লোগানে জাতীয় ঐক্য ও শহীদ ইমামের আদর্শের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। সব বয়সী নারী-পুরুষ, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই শোকযাত্রায় অংশ নেয়। শহীদ নেতাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে শেষবিদায় জানাতে তারা রাজপথে নেমে আসে। পুরো পরিবেশ ছিল শপথ, সংকল্প, দোয়া, শোকগাথা ও অশ্রুসিক্ত আবেগে পরিপূর্ণ।

শিশু ও বৃদ্ধরাও ছিল : সবচেয়ে বেশি নাড়া দেয় ছোট ছোট শিশুর উপস্থিতি। হাজার হাজার মা তাঁদের কয়েক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে শোকযাত্রায় অংশ নেন। শিশুরা হয়তো কিছুই বুঝতে পারেনি, কিন্তু তাদের মায়েরা মনে করছেন, এই বিশেষ দিনে তাঁদের সন্তানদেরও উপস্থিত থাকা প্রয়োজন।

হৃদয়স্পর্শী ছিল বৃদ্ধদের অবস্থান। অনেকে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন। কারো পক্ষে পুরো পথ অতিক্রম করা সম্ভব হয়নি। তাঁরা রাস্তার পাশের ফুটপাতে গাছের ছায়ায় বসে মাইকে ভেসে আসা বক্তব্য শুনেছেন, আবার স্লোগানে কণ্ঠ মিলিয়েছেন। তাঁদের চোখের ভাষা যেন বলছিল, শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু বিশ্বাসের পথ দীর্ঘ হলেও থেমে থাকে না।

স্বেচ্ছাসেবী ক্যাম্প ও আপ্যায়ন : শহীদ নেতা খামেনির এই দীর্ঘ শোকযাত্রা উপলক্ষে ভোর থেকে রাস্তার পাশে অসংখ্য স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে শোকার্ত মানুষের জন্য সকালের নাশতা দেওয়া হয়। সঙ্গে ছিল ঠাণ্ডা পানি, শরবত, চা ও কফি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকরা ঠাণ্ডা পানির বোতল ও শরবত নিয়ে মানুষের ভিড়ের মধ্যে ছুটে যাচ্ছিলেন। কেউ তৃষ্ণার্ত হয়ে দাঁড়ালে তার হাতে তুলে দিচ্ছিলেন পানীয়।

দুপুরে পথজুড়ে বিভিন্ন স্থানে খাবারের ব্যবস্থা করা হয়। ক্লান্ত মানুষ একটু বিশ্রাম নিয়ে আবার শোকমিছিলে যোগ দিয়েছে। কোথাও বিশৃঙ্খলা নয়, কোথাও হুড়াহুড়ি নয়, সবকিছু ছিল সুশৃঙ্খল।

ইনকিলাব স্কয়ারে শোকের ভাষা : ইনকিলাব স্কয়ারে পৌঁছে শোকযাত্রা নতুন এক মাত্রা পায়। সেখানে ছিল শহীদ নেতার শেষবিদায়ের আলোচনা, শোকগীতি, বিপ্লবী সংগীত, রণসংগীত এবং নেতার রক্তের প্রতিশোধের অবিরাম স্লোগান। বক্তারা শহীদ নেতার জীবন, নেতৃত্ব ও সংগ্রামের বিভিন্ন দিক স্মরণ করেন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা : এত বিশাল জনসমাগম সত্ত্বেও নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও সুসংগঠিত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি শহীদ নেতার শোকযাত্রাকে সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে দুই দিন খামেনির কফিন রাখা হয়। গত রবিবার লাখো মানুষের যোগদানে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই শহীদ নেতা এবং তাঁর সঙ্গে শহীদ তিন স্বজনের প্রথম জানাজা।

এ সময় কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ মোকাবেলায় সরকারের দৃঢ়তার প্রশংসা করেছে এবং তাঁর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবফ সোশ্যাল মিডিয়ায় ইসলামী ইরানের গর্বিত ও অপরাজেয় জাতিশহীদ-এর প্রতি সর্বসম্মতভাবে শ্রদ্ধা জানানোর বিষয়টির ভূয়সী প্রশংসা করেছেন।

গতকালের এই শোভাযাত্রার পর আজ মঙ্গলবার ধর্মীয় কেন্দ্র কোম-এ এবং বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় অনুরূপ কর্মসূচি পালিত হবে; সব শেষে বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে খামেনিকে সমাহিত করা হবে।

ইরানে লাখো মানুষের শোকযাত্রা

মোজতবা খামেনি কোথায় : খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত ছেলে মোজতবা খামেনি আসেননি। এতে তাঁর শারীরিক অবস্থা এবং কর্তৃত্ব প্রদর্শনের সক্ষমতা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে।

বাবার শেষবিদায় অনুষ্ঠানে মোজতবার তিন ভাই জনসমক্ষে এলেও তিনি আসেননি। সপ্তাহব্যাপী এই আনুষ্ঠানিকতায় নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতির কারণ হিসেবে কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করেছে।

প্রায় চার দশক ধরে ইরানের জনজীবনে প্রভাবশালী ভূমিকা পালন করা বাবার বিপরীতে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার আগের বছরগুলোতে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন।

সমঝোতা বাস্তবায়ন কঠিন তবে সম্ভব : যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন করা কঠিন তবে সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে যেকোনো কূটনীতিতে যুদ্ধক্ষেত্রের অর্জনগুলোকে অবশ্যই বজায় রাখতে হবে বলে জোর দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া এই শীর্ষ নেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাত দিয়ে জানানো হয়েছে, খামেনির বিদায়ি অনুষ্ঠানের ফাঁকে হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠকে গালিবাফ এই মন্তব্য করেন।

তেহরানের আকাশসীমা বন্ধ : খামেনির শোক অনুষ্ঠান ও জানাজায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত হামলা এড়াতে তেহরানের আকাশসীমা বন্ধ করেছে সরকার। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে আইএসএনএ জানিয়েছে, রবিবার থেকে তেহরানের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং খামেনির দাফনের আগ পর্যন্ত এটি বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ৭ জুন শুধু অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য মেহরাবাদ বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হলেও ইমাম খোমেনি বিমানবন্দর বন্ধই থাকবে। খামেনির মরদেহ দাফন করা হবে ৯ জুলাই। ওই দিন মাশহাদের শহীদ হাশেমনিজাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে।