• ই-পেপার

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন

  • আসছে স্থানীয় সরকার নির্বাচন

জনকল্যাণ হোক মূল লক্ষ্য

২০২৬-২৭ সালের বাজেট ঘোষণা আজ

জনকল্যাণ হোক মূল লক্ষ্য

বাজেট ঘোষণার সময় এলেই মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা জন্ম নেয়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, টানাটানি করে চলা সংসার খরচ পূরণ করা কি আরো কষ্টকর হয়ে পড়বে? সাধারণ মানুষের সেই প্রশ্ন ও অনুভূতিকে মূল্য দিয়েই প্রণয়ন করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের প্রত্যাশিত সেই বাজেট।

বাজেটে সাধারণ মানুষের জন্য বড় সুখবর হলো, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য-মূল্যস্ফীতি কমাতে বিশেষ পদক্ষেপ। বাজেটে চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যে উৎস করের হার কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে এসব পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার হতে পারে। তবে বিশেষজ্ঞদের মত, শুধু শুল্ক কমালেই হবে না, শুল্ক কমানোর সুফল যেন ভোক্তারা পায় সেদিকে বিশেষ তৎপরতা থাকতে হবে। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন কালের কণ্ঠকে বলেন, নিত্যপণ্যের দাম না বাড়লে মানুষ স্বস্তি পাবে। সরকারেরও নির্বাচনের সময় বাজারে দাম সহনীয় মাত্রায় রাখার অঙ্গীকার ছিল। এটা করতে পারলে সরকার মানুষের কাছে বাহবা পাবে। আর রাজনীতিবিদদের কথার প্রতি মানুষ আশ্বস্ত হবে।

দেশের অর্থনীতি যখন দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং ঋণনির্ভরতার ক্রমবর্ধমান চাপে জর্জরিত, ঠিক সেই সময় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের বাস্তবায়ন সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও সরকারের ভাষ্য, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার ভিত্তি স্থাপনের জন্য এই বাজেট অত্যন্ত সময়োপযোগী।

অর্থনীতিবিদদের অনেকরই মত, কোনো সুস্পষ্ট রোডম্যাপ ছাড়াই আসছে বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর এটিই বুমেরাং হতে পারে বাজেট বাস্তবায়নে। আগামী অর্থবছরে প্রায় ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে ছয় লাখ চার হাজার কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, চলতি অর্থবছরের আরো কম লক্ষ্যমাত্রাই এনবিআর অর্জন করতে পারেনি।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতি যখন চাপে থাকে তখন রাজস্ব সংগ্রহের সক্ষমতাও সীমিত হয়ে যায়। শুধু লক্ষ্য বাড়িয়ে দিলেই রাজস্ব বাড়ে না। এর জন্য প্রয়োজন করভিত্তি সম্প্রসারণ, কর প্রশাসনের সংস্কার এবং কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হলে পুরো বাজেট কাঠামোই চাপে পড়ে যাবে। কারণ সরকারের ব্যয় পরিকল্পনার বড় অংশ এই রাজস্ব আয়ের ওপর নির্ভর করছে।

বিশেষজ্ঞদের মতে, বাজেটে চমক সৃষ্টির চেয়েও বড় হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়ের লাগাম টেনে ধরা ও বাজেট যথাযথভাবে বাস্তবায়ন করা। দেশে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে হবে। সামগ্রিকভাবে উৎপাদনের পরিবেশ রক্ষা করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জনপ্রত্যাশা পূরণ সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে।

 

মানবিক সংকট এড়াতে হবে

এআইয়ের প্রভাবে কর্মী ছাঁটাই

মানবিক সংকট এড়াতে হবে

প্রযুক্তির অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বৈশ্বিক বাস্তবতা। কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে এআই যুগান্তকারী পরিবর্তন এনেছে। অনেক কাজ সহজ করে দিয়েছে, অনেক কাজ আগের তুলনায় চিত্তাকর্ষক করে তুলেছে। একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, সেই ধাক্কা লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স বা পিডব্লিউসি পরিচালিত সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে গতকাল কালের কণ্ঠের খবরে বলা হয়, এআইয়ের প্রভাবে দেশে আগামী তিন বছরে নিম্ন ও মধ্যম স্তরের কর্মী কমতে পারে। ওই জরিপে ৯৫টি দেশের ও বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতামত নেওয়া হয়। বাংলাদেশ থেকেও ৪৫ জন সিইও এতে অংশ নেন। বাংলাদেশের ৩৫ শতাংশের বেশি সিইও মতামত দিয়েছেন, এআইয়ের প্রভাবে সামনের তিন বছরে নিম্নস্তরে কর্মীর সংখ্যা কমতে পারে।ু দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষেত্রে এই হার ৪৩ শতাংশ। বৈশ্বিকভাবে ৪৯ শতাংশ সিইও একই কথা জানিয়েছেন। কিন্তু এর বিপরীতে নেতৃস্থানীয় পদগুলোয় কর্মী কমার কোনো আশঙ্কা নেই বলেও জরিপে বলা হয়েছে।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, পৃথিবী যেভাবে এগোচ্ছে, আমরা সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী এআইয়ের ওপর নির্ভরতা বাড়াতে চাচ্ছে। আমার ৭৫ হাজার কর্মী। সেখান থেকে আমার টার্গেট ১০ হাজার কর্মী কমানোর। এই ১০ হাজার লোক তো দক্ষ। তাঁরা চাকরিতে ছিলেন। তো তাঁরা যাবেন কোথায়?

দেশের ২০ শতাংশ সিইও জানিয়েছেন, তাঁদের চাহিদার এবং কৌশলগত দিকনির্দেশনার বড় পরিসরে এআই ব্যবহৃত হচ্ছে। সামগ্রিকভাবে দেশের ১৬ শতাংশ সিইও সহায়তা সেবা ও পণ্য উন্নয়নে এআই ব্যবহার করছেন। এতে প্রতিষ্ঠানের আয় বেড়েছে এবং পরিচালন ব্যয় কমেছে বলেও জানিয়েছেন তাঁরা।

অতীত বলছে, যখনই কোনো বড় প্রযুক্তির আবির্ভাব ঘটেছে, কিছু মানুষ সাময়িকভাবে কাজ হারিয়েছেন, কিন্তু কালক্রমে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। আশা করা যায়, এআইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। আমরা মনে করি, কর্মী ছাঁটাই সঠিক পন্থা নয়। বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হলে সমাজের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে না। তাই কর্মী ছাঁটাইয়ের পথ অনুসরণ না করে এআই বিষয়ে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। একই সঙ্গে এআই ব্যবহারে নীতিমালাও থাকা জরুরি। মনে রাখতে হবে, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য, মানুষকে কর্মহীন রাখার জন্য নয়। এআইকে দেখতে হবে মানুষের সহকারী হিসেবে, কখনোই বিকল্প হিসেবে নয়।

হয়রানির কারণ যেন না হয়

বাড়ছে ভ্যাটের আওতা

হয়রানির কারণ যেন না হয়

আগামীকাল বৃহস্পতিবার উপস্থাপন করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকারের প্রথম বাজেটকে একটি মাইলফলক বাজেট হিসেবেই প্রণয়ন করা হয়েছে। বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অনেক অর্থনৈতিক বিশ্লেষক একে উচ্চাভিলাষী বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন। সেই বাজেটের বিপুল ব্যয় মেটাতে বিপুল আয়েরও প্রয়োজন হবে। আর সে কারণে মূল্য সংযোজন কর বা ভ্যাটের ওপর একটু বেশিই জোর দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার ব্যবসা সহজ করার প্রতিশ্রুতি দিয়ে এখন তা কঠিন করে দিচ্ছে।

সরকারি হিসাবে দেশে ব্যবসাপ্রতিষ্ঠান আছে এক কোটি ১৭ লাখ, কিন্তু ভ্যাটের নিবন্ধন আছে মাত্র সাত লাখ ৭৫ হাজার। সরকার এই সংখ্যা উল্লেখযোগ পরিমাণে বাড়াতে চায়। সরকার এমন কিছু শর্ত আরোপ করতে যাচ্ছে, যার ফলে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসে মার্চেন্ট হিসাব খোলা, ট্রেড বডির সদস্য পদ গ্রহণ-নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া এবং বিআরটিএ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন নিতে গেলে ভ্যাট নিবন্ধনের প্রমাণ দিতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক কোটি ১৭ লাখ, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ। এর মধ্যে ৯৯ শতাংশেরও বেশি হলো কুটিরশিল্প, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসা এবং তার ৭৪ শতাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত। এনবিআরের হিসাব অনুযায়ী, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত লাখ ৭৫ হাজার, যার মধ্যে পাঁচ লাখের সামান্য বেশি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দেয়। ভ্যাটের জাল বাড়াতে সরকার বাধ্যতামূলক নিবন্ধনের বার্ষিক টার্নওভারের সীমা তিন কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকায় নামিয়ে এনেছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানই যেন ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে না থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারের এই উদ্যোগ নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে। নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়ের জন্য ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া, বিদ্যুৎ-গ্যাস সংযোগ নেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করলে তা ব্যবসা সহজীকরণের পথে অন্তরায়। সরকারের প্রতিশ্রুতি ছিল ব্যবসা সহজ করা। নতুন শর্ত যোগ করে তা কঠিন করা নয়। তবে এই ব্যবস্থা বাস্তবায়ন যদি করতেই হয়, তাহলে বিআইএন নিবন্ধন ও সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে, স্বয়ংক্রিয় ও হয়রানিমুক্ত করতে হবে। এনবিআর কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজন থাকলে দুর্ভোগ ও অনিয়মের ঝুঁকি বাড়বে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেন, এই উদ্যোগ নিলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অল্প পরিমাণে ভ্যাট আদায় করা সম্ভব। তবে এই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তা নিশ্চিত করতে হবে। মাথায় রাখতে হবে এর ফলে যেন ব্যবসায়ীদের অতিরিক্ত কোনো অনানুষ্ঠানিক পেমেন্ট (ঘুষ) বা অবৈধ খরচ না করতে হয়।

আমরা আশা করি, সরকার সব দিক বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। অর্থনীতির স্বার্থে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করার পাশাপাশি হয়রানিমুক্ত রাখতে হবে।

জনস্বার্থ সংরক্ষণ করুন

ওষুধ বাণিজ্যে নির্মম অনৈতিকতা

জনস্বার্থ সংরক্ষণ করুন

চিকিৎসকের ফি, রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার খরচ, ক্রমাগতভাবে দাম বাড়তে থাকা ওষুধ ও আনুষঙ্গিক জিনিসপত্র কেনাসব মিলিয়ে চিকিৎসার ব্যয় ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এক শ্রেণির চিকিৎসক, ওষুধ কম্পানি ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনৈতিক যোগসাজশের কারণে চিকিৎসাসংক্রান্ত খরচের পরিমাণ। ফলে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের একটি বড় অংশ জরুরি ক্ষেত্রেও চিকিৎসা নিতে পারছে না। এমন পরিস্থিতিতে গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন ও সাক্ষাৎকারে চিকিৎসক ও ওষুধ কম্পানির অনৈতিক যোগসাজশ, তার প্রতিক্রিয়ায় ওষুধের মূল্যবৃদ্ধি এবং চূড়ান্তভাবে রোগীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির এক নির্মম চিত্রই উঠে এসেছে।

জানা যায়, ওষুধ কম্পানিগুলোর আগ্রাসি বিপণন কার্যক্রম ক্রমেই ভয়ংকর রূপ নিয়েছে। চিকিৎসকরা যাতে নির্দিষ্ট কম্পানির ওষুধ বেশি করে লেখেন সে জন্য কমিশন ও দামি উপহারের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যে আছে বিদেশে সেমিনার-কনফারেন্স বা নিছক ভ্রমণে পাঠানো, ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে গাড়ি, ফ্ল্যাট, প্লট, এমনকি বাড়ি বানিয়ে দেওয়ার মতো অনৈতিক লেনদেন। এর ফলে ওষুধ উৎপাদনের খরচ অনেক বেড়ে যায়। তখন ওষুধের দাম ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া হয়। প্রয়োজন না থাকলেও চিকিৎসকরা সেসব ওষুধ বা ভিটামিন বেশি করে লিখে দেন।

বর্তমানে দেশে দুই শতাধিক কম্পানি দেড় হাজার রাসায়নিক ধরনের বা জিনেরিক নামের অধীনে প্রায় ৩১ হাজার ব্র্যান্ডের ওষুধ বিপণন করে। প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় তালিকাভুক্ত ১১৭টি জিনেরিক নামের ওষুধের দাম ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারণ করে। বাকি সব ওষুধের দাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই নির্ধারণ করে। এ ক্ষেত্রে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম যৌক্তিক অবস্থানে রাখার চেষ্টাও খুব একটা দৃশ্যমান নয়। ফলে ওষুধ কম্পানিগুলো ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারছে। আর এর অসহায় শিকার হচ্ছে রোগীরা।

ব্যক্তিগত চিকিৎসার ব্যয় কমানোর রাষ্ট্রীয় ঘোষণা সত্ত্বেও দেশে প্রতিনিয়ত বাড়ছে রোগীর নিজস্ব ব্যয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য মতে, ব্যক্তির চিকিৎসা খরচের ৬৪.৬ শতাংশই যায় ওষুধের পেছনে। এদিকে উচ্চ ব্যয়ের কারণে বহু মানুষ চিকিৎসাই নিতে পারছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের তথ্য মতে, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না। অন্যতম কারণ, ওষুধের অতিরিক্ত দাম।

দেশের স্বাস্থ্যব্যবস্থায় বিদ্যমান অনিয়মগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওষুধের দাম নির্ধারণে যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশের বেশির ভাগ দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে।