• ই-পেপার

বেলুচিস্তানে অভিযান ১৩ ‘সন্ত্রাসী’ নিহত

পশ্চিম তীরে গুলিতে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত

কালের কণ্ঠ ডেস্ক
পশ্চিম তীরে গুলিতে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত

অধিকৃত পশ্চিম তীরে গোলাগুলির ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফিলিস্তিনি বাসিন্দাদের দাবি, বসতি স্থাপনকারীদের হামলা প্রতিহত করার সময় ইসরায়েলি সেনারা এসে তাদের ওপর গুলি চালায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বেসামরিক পর্যটকদের ওপর হামলায় বাধা দিলে তাদের এক নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে তাঁকে ও এক সেনাকে হত্যা করে ফিলিস্তিনিরা। জবাবে সেনাদের গুলিতে নিহত হয় চার ফিলিস্তিনি, যারা একই পরিবারের সদস্য। ঘটনার পর ইসরায়েল ওই অঞ্চলে সন্ত্রাসীবিরোধী যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে এবং নাবলুসের এক হাসপাতালে অভিযান চালিয়ে দুই আহত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। হামলাকারীর বাড়ি ভেঙে ফেলা এবং অবৈধ বসতি দ্রুত বৈধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার। সূত্র : বিবিসি

 

সংক্ষিপ্ত

আসামে ভয়াবহ বন্যা ৬২ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
আসামে ভয়াবহ বন্যা ৬২ জনের মৃত্যু

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত শুক্রবার এক দিনেই মারা গেছে ১৪ জন। বন্যায় রাজ্যের দুই হাজারের বেশি গ্রামের ১১ লাখেরও বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের ত্রাণ ও উদ্ধারকাজে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী সহায়তা করছে। বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বন্যায় ক্ষয়ক্ষতি এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেন। হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্যাকবলিত মানুষের সহায়তায় ১৬২টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে আশ্রয় নিয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় মন্ত্রীরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারক করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ কার্যক্রম এবং মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। সূত্র : এনডিটিভি

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি

ইরানের সঙ্গে নতুন দফা সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে ইউক্রেনীয় একটি সূত্রের বরাতে জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে আগ্রহী, তবে তাঁর দল ট্রাম্পের সময়সূচি নিশ্চিত করতে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করছে। নাম গোপন রাখার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি।

সূত্রটি আরো জানায়, ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছেন, যা পরে রাশিয়ার কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হবে। অতীতে ইউক্রেন এমন প্রস্তাব দিলেও পুতিন তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অর্থনীতি চাপে পড়ায় পুতিনের অবস্থান কিছুটা নরম হতে পারে বলে মনে করছেন কিছু কর্মকর্তা। সূত্র : রয়টার্স

 

সোয়া দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো

ফ্রান্স ও স্পেনে দাবানল

কালের কণ্ঠ ডেস্ক
সোয়া দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বোর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া আগুনের কারণে দুই দেশ মিলিয়ে অন্তত দুই লাখ ২৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত শুক্রবার দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন দ্রুত বোর্দো শহরে ছড়িয়ে পড়ছে।

বোর্দোর দক্ষিণে আটলান্টিক উপকূলের অভিজাত ক্যাপ ফেরে উপদ্বীপ থেকে প্রায় ৪৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে আরো প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উপদ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটিও ঝুঁকির মুখে পড়েছে। কেউ নৌকায় করে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে এলাকা ছেড়ে গেছে। ধনাঢ্য ব্যক্তিদের আবাস হিসেবে পরিচিত ক্যাপ ফেরেতে এরই মধ্যে ৫০টির বেশি বাড়ি পুড়ে গেছে।

ফরাসি ও স্প্যানিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ফ্রান্স থেকে প্রায় দুই লাখ এবং মাদ্রিদ থেকে আরো ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স