অতিরিক্ত শোকে ‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম’-এর কথা শোনা গেলেও ‘হ্যাপি হার্ট সিন্ড্রোমের’ কথা তেমন শোনা যায় না। এবার আনন্দের জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। অক্সফোর্ড মেডিক্যাল কেস রিপোর্টসে ঘটনাটি প্রকাশিত হয়। মেয়ের বিয়ের কয়েক দিন পর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। ইসিজিতে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা গেলেও এনজিওগ্রামে কোনো ব্লক ধরা পড়েনি। চিকিৎসকরা জানান, অতিরিক্ত আনন্দের কারণে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়ে সাময়িকভাবে তাঁর হার্টের পেশি দুর্বল হয়ে পড়েছিল। চিকিৎসায় তিনি সুস্থ হয়েছেন। গবেষকদের মতে, এটি অত্যন্ত বিরল একটি রোগ। সূত্র : এনডিটিভি
কৃষ্ণগহ্বরের ‘খাদ্য গ্রহণের’ কৌশল ধরা পড়ল জেমস ওয়েবে
খুশিতে বিরল ‘হ্যাপি হার্ট সিন্ড্রোমে’ আক্রান্ত বৃদ্ধা

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

ফাদি হামদাল্লাহ আল-নাসান। ১৭ বছরের টগবগে কিশোর। ফিলিস্তিনের জাতীয় যুব দলের খেলোয়াড়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ফাদি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। তবে সেই লড়াইয়ের অবসান ঘটল মৃত্যুতে। ফিলিস্তিনি কর্মকর্তারা এবং পরিবারের সদস্যরা ফাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, পশ্চিম তীরে নিজ গ্রামে ১১ জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ফাদি। গত শনিবার মৃত্যু হয়েছে তাঁর। সূত্র : আল জাজিরা
বিশ্বজুড়ে মার্কিনদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা-সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি এখন জটিল হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো সময় অবস্থা আরো খারাপ হতে পারে। বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা ব্যক্তিদের পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। সতর্কবার্তায় আরো উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরানসমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সূত্র : সিএনএন
ক্যারিবিয়ান ৫ দেশকে নাগরিকত্ব বিক্রি বন্ধের হুঁশিয়ারি ইইউয়ের

অর্থের বিনিময়ে সরাসরি নাগরিকত্ব বা ‘গোল্ডেন পাসপোর্ট’ বিক্রির লাভজনক কর্মসূচি বন্ধ করতে পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের পাঁচটি দেশকে সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের এই শক্তিশালী অর্থনৈতিক জোটটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই কর্মসূচি বন্ধ না করলে শেনজেনভুক্ত দেশগুলোতে এসব দেশের নাগরিকদের ভিসামুক্ত যাতায়াতের সুবিধা সম্পূর্ণ বাতিল করা হবে।
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও সেন্ট লুসিয়াকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। এই দেশগুলো তাদের ‘সিটিজেনশিপ-বাই-ইনভেস্টমেন্ট’ (সিবিআই) কর্মসূচির মাধ্যমে বিপুল রাজস্ব আয় করে থাকে। ন্যূনতম দুই লাখ ডলার (প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা) দিয়ে যেকোনো বিদেশি এসব দেশের পাসপোর্ট কিনতে পারেন। এই পাসপোর্টের সুবাদে ইউরোপের বেশির ভাগ দেশসহ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই সফর করা যায়। ‘অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস’ এর তথ্য অনুযায়ী, ইইউর নতুন বিধিমালার আলোকে গত মাসে ব্রাসেলস থেকে ওই পাঁচ দেশকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, এমন পদ্ধতি চালু রাখা ভিসামুক্ত সুবিধা স্থগিত করার অন্যতম আইনি ভিত্তি। তাই ২০২৮ সালের ১ জুনের মধ্যে এই কার্যক্রম পুরোপুরি বন্ধ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
