আর্জেন্টিনার একটি আদালত এক যুগান্তকারী রায়ে ‘ফেদে’ ও ‘মাগুই’ নামের দুটি গোল্ডফিশকে শুধু জড়বস্তু বা ‘জিনিস’ হিসেবে না দেখে, অধিকারসম্পন্ন ‘সচেতন জীব’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাণী অধিকার রক্ষায় এই রায়কে একটি বড় নজির হিসেবে দেখা হচ্ছে। বুয়েনস এইরেসের একটি সুশি রেস্তোরাঁর কাচের পাত্রে কড়া রোদ ও রাস্তার কোলাহলের মধ্যে মাছ দুটিকে রাখা হয়েছিল। তাদের এই শোচনীয় অবস্থা দেখে ‘হাউলাস ভায়াস’ নামের একটি প্রাণী অধিকার সংস্থা আদালতে মামলা দায়ের করে। তারা যুক্তি দেখায়, এই পরিবেশ আর্জেন্টিনার প্রাণী নির্যাতনবিরোধী আইনের পরিপন্থী। আদালতের নির্দেশে মাছ দুটিকে রেস্তোরাঁর ৪০ লিটারের ছোট পাত্র থেকে উদ্ধার করে কার্লোস হোসে আগা নামের এক বিশেষজ্ঞের বাড়িতে দুই হাজার ৫০০ লিটারের বিশাল ট্যাংকে স্থানান্তর করা হয়। সূত্র : সিএনএন


