• ই-পেপার

সংক্ষিপ্ত

ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, আটক ৬

দিল্লিতে অগ্নিকাণ্ড রাঁধুনি গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
দিল্লিতে অগ্নিকাণ্ড রাঁধুনি গ্রেপ্তার

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর তিন দিন পর শনিবার হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ফ্লারিশ ইন হোটেলে আগুন লাগে। এতে  ২১ জন অতিথি নিহত হন।  তাঁদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি নাগরিক ছিলেন। পুলিশ সূত্রের দাবি, কেশব নেগির অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নেগিসহ আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে হোটেলের মালিক লাভকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরে বৈদ্যুতিক চুলা চালু করার পর বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। সূত্র : এনডিটিভি

 

খুনের মামলায় যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পর জনসমক্ষে রাউল

কালের কণ্ঠ ডেস্ক
খুনের মামলায় যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পর জনসমক্ষে রাউল

যুক্তরাষ্ট্রে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো। গত শুক্রবার কিউবার রাজধানী হাভানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে রাউল কাস্ত্রোকে অংশ নিতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যাচ্ছিল না। গত বুধবার ৯৫ বছরে পা দেওয়া এই বর্ষীয়ান নেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মাসে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক শোভাযাত্রায়।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ১৯৯৬ সালে কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত যাত্রীবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত হন। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আইনি পদক্ষেপ ওয়াশিংটন ও হাভানার কমিউনিস্ট সরকারের বৈরী সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। সূত্র : রয়টার্স

 

 

জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো মানে নেই : পুতিন

কালের কণ্ঠ ডেস্ক
জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো মানে নেই : পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানালেও তিনি এখন এমন কোনো বৈঠকের প্রয়োজন দেখছেন না। গত বৃহস্পতিবার জেলেনস্কি পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জানান। চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের প্রধান মনোযোগের বিষয় হয়ে উঠবে (অর্থাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে)—এমন আশায় হাত গুটিয়ে বসে থাকা ভুল কাজ হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট চিঠিতে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে চিঠিতে তিনি কিছু বিষয়ে দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন, কিছু ক্ষেত্রে বিদ্রূপাত্মক সুর ব্যবহার করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিঠিটিকে ‘অশোভন’ বলে উল্লেখ করেছেন। সূত্র : এএফপি

 

 

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধি-নিষেধ খারিজ

কালের কণ্ঠ ডেস্ক
৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধি-নিষেধ খারিজ

বিশ্বের ৩৯টি দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধি-নিষেধগুলো বাতিল করে দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার এক ফেডারেল বিচারক এমন আদেশ দিয়েছেন।

২০২৫ সালের নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধি-নিষেধ দেওয়া হয়েছিল। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল বলেন, এই নীতির কারণে ৩৯টি দেশের মানুষ আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বের আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পাচ্ছিলেন না।

ইউএস ডিস্ট্রিক্ট চিফ জাজ জন ম্যাককনেল জুনিয়র ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত অসংখ্য অভিবাসীর জীবনকে আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

বাতিল হওয়া এই নীতিটির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের অভিবাসীদের রাজনৈতিক আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্বের আবেদন অনির্দিষ্টকালের জন্য আটকে ছিল।

মানবাধিকার ও অভিবাসী সংস্থাগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। সূত্র : পিবিএস