প্রশ্ন : সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন যে ইংল্যান্ড যেন ভয়কে সঙ্গী করে খেলছে। আপনি কি একমত? স্টুয়ার্ট ব্রড : মোটেই না। ভয় নিয়ে আমরা খেলছি না। মাঠে গিয়ে পারফর্ম করতে পারছি না তো, সে জন্য দূর থেকে অনেকেই অনেক কথা বলতে পারেন। আমি নিশ্চিত করে বলতে পারি, ব্যাপারটি তেমন কিছু না। আমরা ভলো খেলা শুরু করলে এসব কথাবার্তা উড়ে যাবে। প্রশ্ন : কোয়ার্টার ফাইনালে খেলার আশা কি এখনো রয়েছে? ব্রড : কেন নয়? বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে পুল পর্বের দুটি খেলা বাকি। এ দুই ম্যাচে জিতলেই তো নক আউট পর্বে উঠে যাব। এ কারণেই আমার মনে হয়, সব এখনো শেষ হয়ে যায়নি। এই দলের ক্রিকেটারদের প্রতিভা রয়েছে, দক্ষতা রয়েছে। এখন মাঠে গিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ আমাদের। প্রশ্ন : ইংল্যান্ড দলে কোন ব্যাপারটির ঘাটতি রয়েছে? ব্রড : আমার মনে হয়, আমরা একটু বেশিই ভদ্র। আমাদের সবাইকে বিয়ার দিয়ে এক রুমে পাঁচ দিন রেখে দিন। তবু দেখবেন কেউ কোনো খারাপ কথা বলবে না। মাঠে কিন্তু কখনোসখনো ওই বাড়তি কিছু লাগে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন খেয়াল করলে দেখবেন, আমি আর জিমি (জেমস অ্যান্ডারসন) বাউন্ডারি লাইন থেকে দৌড়ে ক্রিজের সামনে গিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিকে দু-একটা কথা ছুড়ে দিচ্ছিলাম। চেষ্টা করছিলাম ওদের অস্বস্তিতে ফেলতে। এ কারণেই বলছিলাম, এই ইংল্যান্ড দলটি মোটা দাগে একটু বেশিই ভদ্র। প্রশ্ন : আগের ইংল্যান্ড কেমন ছিল? ব্রড : আগে তো ট্রটি (জোনাথন ট্রট), সোয়ানির (গ্রায়েম সোয়ান) মতো আমুদে ক্রিকেটার ছিল ড্রেসিংরুমে। ওরা সব সময় চারপাশ জমিয়ে রাখত। কার সঙ্গে খেলা হচ্ছে, সেটি নিয়ে ওদের মাথাব্যথা ছিল না। অনেক সময় সেটি জানার প্রয়োজনও মনে করত না। কিন্তু যেই না আমরা মাঠে ঢুকলাম, সঙ্গে সঙ্গে বলে উঠত, 'চলো, ম্যাচটি জিতে দেখিয়ে দিই।' পুরো দল মুহূর্তে চাঙ্গা হয়ে উঠত। প্রশ্ন : সেই ইংল্যান্ড দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেভিন পিটারসেন। নানা ঘটনার পর আবার তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা জেগেছে। ব্যাপারটি কিভাবে দেখছেন? ব্রড : আমাদের জন্য গত সপ্তাহটি গেছে খুব কঠিন। সামনের দুই সপ্তাহ হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে টিকে থাকব কি না, সেটি নির্ধারিত হবে বলে। এমন সময় কেপিকে (পিটারসেন) নিয়ে হঠাৎ এই আলোচনাটা দুঃখজনক। ইংল্যান্ডের ক্রিকেটারদের মনোযোগ তাতে নড়ে যেতে পারে। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ সময়ে কেপিকে নিয়ে গণমাধ্যমের হৈ-হল্লার চেয়ে খারাপ কিছু আমাদের জন্য হতে পারে না।