স্মার্টফোন গেইম 'ক্যান্ডি ক্রাশ সাগা' কোটি ভক্তদের মন জয় করেছে। গুগল প্লেস্টোর ও অ্যাপলের অ্যাপস্টোরেও অ্যাপটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এবার ভক্তদের জন্য উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেও গেইমটি রাখা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-এ প্রি-ইন্সটল থাকবে ক্যান্ডি ক্রাশ সাগা। এতে স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইস ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের বিপক্ষে খেলতে পারবেন। এটি ছাড়াও উইন্ডোজ ১০-এ সলিটেয়ার, মাইনসুইপার আর হার্টস গেইমও থাকবে। ২০১২ সালে 'ক্যান্ডি ক্রাশ সাগা' প্রথম বাজারে আসে। এরপর থেকে এ পর্যন্ত মোবাইল ও ফেইসবুকের মাধ্যমে ৫০ কোটিরও বেশিবার গেইমটি ইনস্টল করা হয়েছে। শুধু ২০১৪ সালে ১৩৩ কোটি ডলার আয় করে গেইমটি। এটি বিনা মূল্যে ডাউনলোড করা যায়। তবে বিশেষ কিছু লেভেল খেলতে 'ইন-অ্যাপ পারচেজ'-এর মাধ্যমে খরচ করতে হয়। এখান থেকেই আসে আয়ের সিংহ ভাগ। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্যও এই ইন-অ্যাপ পারচেজ সুবিধা থাকবে। সূত্র: পিসি ওয়ার্ল্ড