• ই-পেপার

ট্রাম্পের ফিরে আসা অথবা না আসা

  • অনলাইন থেকে

ওবিই মহাযজ্ঞ : মানবিক জ্ঞানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ড. আলা উদ্দিন

ওবিই মহাযজ্ঞ : মানবিক জ্ঞানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পণ্য মাপার দাঁড়িপাল্লায় মানুষের মগজ মেপে দেখার এক মহাযজ্ঞ শুরু হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। নাম তার আউটকাম-বেসড এডুকেশন (ওবিই)। যেকোনো নতুন দাওয়াইয়ের মতোই একে ঘিরেও স্তুতি আর প্রচারের কোনো কমতি নেই। বলা হচ্ছে, এই পদ্ধতি আমাদের শিক্ষাকে এক ধাক্কায় বৈশ্বিক মানে উন্নীত করবে এবং পাস করার পরপরই শিক্ষার্থীরা করপোরেট দুনিয়ায় নিজেদের স্থান করে নেবে। আপাতদৃষ্টিতে বাজারমুখী দক্ষতার এই চমৎকার মোড়কটি বেশ আকর্ষণীয়। কিন্তু বিজ্ঞান বা কারিগরি শিক্ষার বাইরে, বিশেষ করে কলা ও সমাজবিজ্ঞানের মতো মানবিক অনুষদগুলোর জন্য এই মহাযজ্ঞ আসলে কেমন এক গভীর সংকট আর চ্যালেঞ্জ বয়ে আনছে, তা তলিয়ে দেখার সময় এসেছে।

এখানেই আধুনিক শিক্ষার এক অদ্ভুত বাণিজ্যিক বাস্তবতার কথা বলতে হয়। আমরা যখন উত্তর-আধুনিক সমাজতত্ত্বের চোখ দিয়ে এই পরিবর্তনকে দেখি, তখন ফরাসি দার্শনিক জঁ-ফ্রাঁসোয়া লিয়োতার্দের সেই ল্যাঙ্গুয়েজ গেম বা ভাষার খেলার তত্ত্বটি মনে পড়ে। লিয়োতার্দ সতর্ক করেছিলেন, আধুনিক পুঁজিবাদী বিশ্বে জ্ঞানের বৈধতা নির্ধারিত হয় তার সত্যতা বা নৈতিকতা দিয়ে নয়, বরং তার কার্যকারিতা বা পারফরমেটিভিটি দিয়ে। অর্থাৎ আপনার অর্জিত জ্ঞান বাজারে ঠিক কতটা বিক্রি করা যাবে, সেটিই হবে তার একমাত্র পরিচয়। ওবিই পদ্ধতি মূলত এই দর্শনের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। এটি শিক্ষাকে স্রেফ কতগুলো পরিমাপযোগ্য আউটকাম বা দক্ষতার ছাঁচে ফেলে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো, সমাজবিজ্ঞান বা দর্শনের মতো বিষয়গুলো কি শুধু জিপিএ বা নির্দিষ্ট কোনো চাকরির দক্ষতার ছকে বেঁধে ফেলা সম্ভব?

সমাজবিজ্ঞানের একজন শিক্ষার্থী যখন ক্লাসরুমে কার্ল মার্ক্সের ক্যাপিটাল পড়ে কিংবা কোনো নৃবিজ্ঞানী মাঠ পর্যায়ে গিয়ে প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প শোনে, তখন তার ভেতরে এক ধরনের বিমূর্ত চিন্তার জন্ম হয়। সে সমাজকে প্রশ্ন করতে শেখে, কাঠামোগত বৈষম্যগুলো ধরতে পারে এবং একজন সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। ওবিইর নতুন নিয়মে এই গভীর মানবিক রূপান্তরকে মাপা হবে কতগুলো কাঠখোট্টা পয়েন্ট বা অবজেক্টিভের মাধ্যমে। ফলে যা হওয়ার তা-ই হচ্ছেশিক্ষার্থীরা নতুন কিছু ভাবার বা পড়ার চেয়ে শুধু অ্যাসাইনমেন্টের ছক পূরণ করে দ্রুত গ্রেড পাওয়ার এক অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠছে। সৃজনশীলতার এই অমানবিক অবদমন মানবিক অনুষদগুলোর মৌলিক চরিত্রকেই ধ্বংস করে দিচ্ছে।

এখানেই কার্ল মার্ক্সের সেই পণ্যপূজা বা কমোডিটি ফেটিশিজমের তত্ত্বটি এক নতুন রূপে আমাদের সামনে হাজির হয়। মার্ক্স বলেছিলেন, পুঁজিবাদ মানুষের মধ্যকার সামাজিক সম্পর্ককে পণ্যের সম্পর্কের আড়ালে লুকিয়ে ফেলে। ওবিইর এই জামানায় আমাদের শিক্ষাব্যবস্থাও যেন এক নতুন পণ্যপূজার শিকার। এখানে ছাত্র ও শিক্ষকের মধ্যকার সেই চিরাচরিত গভীর আত্মিক ও বুদ্ধিবৃত্তিক মিথস্ক্রিয়া আড়ালে চলে যাচ্ছে, আর বড় হয়ে উঠছে স্রেফ একটি ডিগ্রি বা সার্টিফিকেট নামের চূড়ান্ত পণ্য। শিক্ষক এখানে আর মুক্তবুদ্ধির চর্চাকারী বা পথপ্রদর্শক নন, তিনি হয়ে উঠছেন একজন ডেটা এন্ট্রি অপারেটর বা করপোরেট ম্যানেজার, যাঁর দিন কাটবে ওবিইর জটিল ফরম পূরণ আর রিপোর্টিংয়ের পেছনে। আর শিক্ষার্থীরা হয়ে উঠছে সেই কারখানার কাঁচামাল, যাদের ঘষেমেজে করপোরেট দুনিয়ার জন্য সস্তা শ্রমিক হিসেবে তৈরি করা হচ্ছে।

হয়তো না বুঝেই এক ধরনের পদ্ধতিগত উপনিবেশায়নের ফাঁদে পা দিচ্ছি। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁর বিখ্যাত নিবন্ধে যেভাবে গবেষণার আড়ালে পশ্চিমা নব্য উপনিবেশবাদী শোষণের

রূপটি দেখিয়েছিলেন, এই ওবিই পদ্ধতির ক্ষেত্রেও ঠিক একই বাস্তবতা প্রযোজ্য। ওবিই মডেলটি মূলত পশ্চিমা করপোরেট এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর উপযোগী করে তৈরি করা হয়েছিল। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের স্থানীয় সংস্কৃতি, ইতিহাস এবং গ্রামীণ বাস্তবতা পশ্চিমা দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন। গবেষণায় যেমন বিউপনিবেশায়ন দরকার, তেমনি ওবিইর ব্যবচ্ছেদ বা স্থানীয়করণ দরকার ছিল। আমাদের সমাজবিজ্ঞানের কাজ ছিল এ দেশের মাটির মানুষের ভাষা ও অধিকারের কথা বলা, কিন্তু ওবিই যখন শুধু গ্লোবাল মার্কেট ডিমান্ডের কথা বলে, তখন আমাদের নিজস্ব লৌকিক জ্ঞান বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের লড়াইয়ের মতো বিষয়গুলো কারিকুলাম থেকে চিরতরে ব্রাত্য হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব আরো মারাত্মক। বাংলাদেশের চাকরির বাজার এখনো এক ধরনের কাঠামোগত বৈষম্য আর অঘোষিত গ্লাস সিলিং বা কাচের ছাদ দিয়ে নিয়ন্ত্রিত। এখানে শুধু দক্ষতা থাকলেই সবার জন্য সমান সুযোগ তৈরি হয় না; অনানুষ্ঠানিক নেটওয়ার্ক, লিঙ্গীয় পক্ষপাত এবং সামাজিক পরিচয় বড় ভূমিকা পালন করে। ওবিই পদ্ধতি দাবি করে যে এটি শিক্ষার্থীদের শতভাগ কর্মমুখী করবে, কিন্তু এটি আসলে আমাদের করপোরেট বাজারের গভীর বৈষম্যগুলোকে আড়াল করে এক ধরনের মেকি মেরিটক্রেসির (মেধাতন্ত্র) ধারণা তৈরি করছে। শিক্ষার্থীরা যখন ওবিইর সব ছক পূরণ করেও বাজারে কাঙ্ক্ষিত চাকরি পাবে না, তখন তাদের মধ্যে তীব্র একাকিত্ব এবং হতাশার জন্ম নেবে। সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইমের ভাষায়, এ ধরনের হঠাৎ পরিবর্তন ও সামাজিক নিয়মহীনতা সমাজে অ্যানোমিক বা অরাজকতাগ্রস্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়, যার লক্ষণ আমরা এরই মধ্যে এ দেশের শিক্ষিত বেকার যুবকদের মধ্যে দেখতে পাচ্ছি।

এখানেই শেষ নয়, ওবিই পদ্ধতির এই অতি যান্ত্রিকতা আমাদের পরিবেশগত ও মানবিক সংকটের সংবেদনশীলতাকেও কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ যখন জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে বার্ষিক হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে এবং লাখ লাখ মানুষ উপকূল ছেড়ে শহরে এসে উদ্বাস্তুজীবন বেছে নিতে বাধ্য হচ্ছে, তখন আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন এক গভীর রাজনৈতিক ও পরিবেশগত বোঝাপড়া। কিন্তু ওবিইর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট দক্ষতার সিলেবাস মানুষকে শুধু তার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শেখায়, চারপাশের বড় বড় সামাজিক সংকটের প্রতি তাকে উদাসীন করে তোলে। মানবিক অনুষদের শিক্ষার্থীরা যদি শুধু করপোরেট রিপোর্টিং শেখে আর সামাজিকভাবে অন্ধ হয়ে যায়, তবে এই বিশাল মানবিক দুর্যোগগুলো মোকাবেলা করবে কে?

কেন এটি নিয়ে এখন গভীরভাবে ভাবা দরকার? কারণ বিশ্ববিদ্যালয় কোনো বাণিজ্যিক কারখানা নয় যে দিনশেষে সেখানে শুধু কতগুলো দক্ষ রোবট তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া হবে। ২০২৬ সালের এই আধুনিক বাংলাদেশে দাঁড়িয়ে প্রযুক্তি আর বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই ইতিবাচক। কিন্তু সেই চেষ্টার মূল্য যদি হয় মানুষের মুক্তচিন্তা ও মানবিক বোধের বলিদান, তবে সেই উন্নয়ন হবে অন্তঃসারশূন্য। কলা ও সমাজবিজ্ঞানের কাজই হলো মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখানো, বাজারের দাস বানানো নয়।

ওবিইর এই মহাযজ্ঞকে যদি আমরা কলা ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অন্ধভাবে প্রয়োগ করতে থাকি, তবে আমরা হয়তো ভালো কেরানি বা ম্যানেজার পাব, কিন্তু কোনো সংবেদনশীল দার্শনিক, সমাজবিজ্ঞানী বা চিন্তাশীল লেখক কিংবা ক্রিটিক্যাল বুদ্ধিজীবী না পাওয়ার আশঙ্কা প্রবল। তাই সময় এসেছে এই যান্ত্রিক ছকগুলোকে ভেঙে সামাজিক-মানবিক অনুষদগুলোর জন্য একটি নিজস্ব, নমনীয় এবং স্থানীয় সংস্কৃতিবান্ধব মূল্যায়নের মডেল তৈরি করার। জ্ঞানের জগৎ যেন শুধু বাজারের পণ্য না হয়ে ওঠে, বরং তা যেন মানুষের মনের জানালা খুলে দেওয়ার অবারিত আকাশ হিসেবেই টিকে থাকে। কাচের ছাদ ভাঙার লড়াইটা যেমন জরুরি, তেমনি শিক্ষার ওপর চেপে বসা এই যান্ত্রিকতার শিকল ভাঙাটাও আজ আমাদের অস্তিত্বের লড়াই।

লেখক : অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব

ড. নিয়াজ আহম্মেদ

শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব

শিশুদের বিকাশে আমাদের সনাতন বিনোদন ব্যবস্থার জায়গায় প্রধানত শহুরে সমাজে ঘরোয়া বিনোদন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের বিনোদনের প্রতি শিশুদের অভ্যস্ত হওয়া তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা হয়তো বিবিধ কারণে এ ধরনের বিনোদনের প্রতি সন্তানদের অভ্যস্ত করছি। সময়ের স্বল্পতা, পর্যাপ্ত মাঠের অভাব, শিশুদের নিরাপত্তাঝুঁকি কিংবা অন্য কোনো কারণে আমরা ঘরোয়া বিনোদনে সন্তানদের নিয়ে যাচ্ছি। এই বিনোদনে শিশুদের মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় লক্ষ করা যায় না, বরং এক ধরনের প্রতিযোগিতা এবং আসক্তি তাদের মধ্যে তৈরি করে।

আমরা হয়তো এ ধরনের বিনোদনকে বিকল্প ভাবছি। কিন্তু এই বিকল্পের পরিণতি নিয়ে ভাবছি না। এখনো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছোট-বড় মাঠ আছে। এ ছাড়া বাইরে কোনো না কোনো মাঠ পাওয়া যায়। কিন্তু লক্ষ করলে দেখবেন, ছুটির দিন কিংবা বিকেলবেলা এই মাঠ ব্যবহারের কোনো সুযোগ অনেক প্রতিষ্ঠান দেয় না। দ্বিতীয়ত, এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত। বিদ্যালয়ের ব্যবস্থাপনায় যদি মাঠগুলো বিদ্যালয়ের সময়ের বাইরে খুলে দেওয়া হয়, তাহলে অনেক শিক্ষার্থী এর সুযোগ নিতে পারে। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া এবং টিউশনে এতটাই ব্যস্ত রাখি যে ছুটির দিন ছাড়া তাদের কোনো অবসরই নেই। অনেক ক্ষেত্রে শুক্রবারও তাদের টিউশন থাকে। শিশুদের সারাক্ষণ লেখাপড়ায় ব্যস্ত না রেখে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলা ও অন্যান্য বিনোদনের সঙ্গে পরিচিত করে না তুলতে পারলে তাদের পরিপূর্ণ বিকাশ কোনোভাবেই সম্ভব হবে না। অধুনা বিনোদন বলতে বাইরের কোনো রেস্টুরেন্টে খাওয়া এবং এক কোণে সেই ঘরোয়া বিনোদন। যেভাবেই বলি না কেন, ঘরোয়া বিনোদন শিশুদের বিকাশের পরিবর্তে গেমসের প্রতি এক ধরনের আসক্তি এবং আবার প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করছে।

আমরা বই পড়ে যতটা না শিখি, তার চেয়ে বেশি জানা ও শেখা যায় আন্তঃসম্পর্কের মাধ্যমে। অবশ্যই শিশুদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমেই শিশুরা বেশি শিখবে। ঘরোয়া বিনোদনে আটকে থাকা শিশুর সঙ্গে অন্যদের তেমন কোনো আন্তঃসম্পর্ক তৈরি হয় না। শিশুদের পছন্দ, বিকল্পের অভাব এবং ঝামেলামুক্ত হওয়ায় আজ এমন বিনোদনের প্রতি আকর্ষণ বাড়ছে।

অন্যদিকে আমরা যদি বাইরের বিনোদনের দিকে লক্ষ করি তাহলে দেখব, এখানে শেখার সুযোগ অনেক বেশি। ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশ ও গড়ন তৈরি হয়, মানসিক শক্তি ও সাহস বেড়ে যায়, যা তাদের অনেক দূর নিয়ে যায়। অন্যের সঙ্গে তারা দ্রুত মিশতে পারে। আরো বড় সুবিধা আন্তঃসম্পর্কের মাধ্যমে তাদের ধ্যান-ধারণা, মনের বিকাশ, আচার-আচরণের পরিবর্তন মোটাদাগে তাদের সামাজিকীকরণে এক বড় ভূমিকা পালন করে। পরিবারের বাইরে যে প্রতিনিধিকে আমরা সামাজিকীকরণের বড় মাধ্যম বলি, তা হলো পিয়ার গ্রুপ। তাদের সঙ্গে ওঠাবসা এবং খেলাধুলার মাধ্যমে শিশুরা যা শেখে, তা অন্য কোনো মাধ্যমে কোনোভাবেই শিখতে পারে না। মানুষের সঙ্গে মানুষের ভাবের বিনিময় না হলে প্রকৃত শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না। প্রকৃতপক্ষে আমরা আমাদের শিশুদের নিজেদের অজান্তে কিংবা বাস্তবতার নিরিখে এক অর্থে বঞ্চিত করছি; যার পরোক্ষ প্রভাব পড়ছে সুষ্ঠু সামাজিকীকরণ এবং পরবর্তী জীবনে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আন্তঃসম্পর্কের ওপর। অনেক সময় দেখা যায়, শিশু বড় হয়ে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে একদম মেলামেশা করে না। বাসায় মেহমান এলে তাদের সঙ্গে সৌজন্যমূলক আলাপ-আলোচনা এবং কথাবার্তা পর্যন্ত হয় না। আমরা এমনও লক্ষ করি, শিশুরা একসঙ্গে থেকেও কারো সঙ্গে কারো ভাব বিনিময় করতে দেখা যায় না। মোবাইল আসক্তি তাদের পেয়ে বসে।

আমাদের সনাতন বিনোদন ব্যবস্থার দিকে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের মাঠকে উন্মুক্ত করে দিতে হবে, যেখানে বিকেলবেলা শিশুরা খেলতে পারে। মাঠের নিরাপত্তা বিধান করার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। যে বিনোদন আমরা ঘরের মধ্যে ব্যবস্থা করছি, তাকে বাইরে নিয়ে আসতে হবে, যেখানে সবাই একসঙ্গে কিংবা কয়েকজন শিশু বিনোদন পেতে পারে। প্রতিটি বিদ্যালয়ের মাঠে দোলনা ও শারীরিক গড়ন তৈরি হয় এমন সব খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। শিশুদের বিরতি শুধু টিফিন নয়, নাম হবে টিফিন এবং খেলাধুলা। এ কাজে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে।

আমাদের মনে রাখতে হবে, বিদ্যালয়ে শিশুরা শুধু একাডেমিক লেখাপড়া করতে যায় না। একজন পরিপূর্ণ মানুষ হওয়ার ভিত তৈরিও বড় বিষয়। সুষ্ঠু সামাজিকীকরণ এবং বিকাশ মুখ্য বিষয়। মানুষের সঙ্গে মেশার এবং ভাব বিনিময়ের এক চারণভূমি হবে প্রতিটি বিদ্যালয়। আমরা যদি বিদ্যালয়গুলোকে এভাবে তৈরি করতে পারি, তাহলে ঘরোয়া বিনোদনের প্রতি শিশুদের আকর্ষণ থাকবে না। শিশুরা ঘরোয়া বিনোদনকে না বলবে। এ কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, দায়িত্বশীল ও সচেতন ব্যক্তিবর্গ এ কাজে যথাযথ ভূমিকা পালন করতে পারেন। সবার দায়িত্বশীল ভূমিকা পারবে আমাদের শিশুদের সনাতন বিনোদনকে পুনরায় ব্যাপকভাবে ফিরিয়ে আনতে।

লেখক : অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

সব হিসাব বিশ্বকাপে মিলবে না

ইকরামউজ্জমান

সব হিসাব বিশ্বকাপে মিলবে না

ফুটবল দুনিয়ার বিভিন্ন বয়সের নারী-পুরুষ এখন একটা ঘোরের মধ্যে আছে। খেলাটির সৌন্দর্য আর উত্তেজনা উপভোগের পাশাপাশি আবার অস্বস্তি, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা লেগেই আছে। মাঠের ফুটবল তো এক নিয়মে গড়ায় না। একটি বিশ্বকাপের সঙ্গে আরেকটি বিশ্বকাপের কোনো মিল নেই। রোমাঞ্চ ছড়ানো, সফলতা ও ব্যর্থতার রূপ একদম ভিন্ন। অপ্রত্যাশিত ফলাফল, অঘটন আর চমক বিশ্ব ফুটবলের নিত্যসঙ্গী। হিসাব মিলে গেলে তো বিশ্বকাপের মজা আর থাকবে না, যা ভাবা হয়নি, সেটি বাস্তবে ঘটতে সময় লাগছে না। আবার নিশ্চিত বিষয়গুলো জটিল হয়ে উঠছে। সত্যি, ফুটবলের গল্প একেক সময় একেক রকম। আমরা সাধারণরা শুধু মত পাল্টাই না, ফুটবল পণ্ডিতরাও মত পাল্টান। আগে বলা হয়েছিল, কাপ আবার ইউরোপে ফিরে যাবে; এখন বলা হচ্ছে, মেসির আর্জেন্টিনার কাপ ধরে রাখার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। অনেক আগেই বলা হয়েছে, যে কয়টি দেশ বিগত ৯৬ বছরে ট্রফি জিতেছে, ২০২৬-এর ফিফা ট্রফি সেই দেশগুলোর বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। এই বিষয়ে ফুটবল পণ্ডিতরা তাঁদের মত এখনো পাল্টাননি। অর্থাৎ ২০১০ সালে স্পেনের পর আর নতুন দেশের দেখা মিলবে না। বিশ্বকাপে এবার সবচেয়ে দামি দল ফ্রান্স। চলমান বিশ্বকাপে শিরোপা অধিকার করার সম্ভাব্য তালিকায় ফুটবল বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের যুক্তি উত্থাপন করে এখন পর্যন্ত ফ্রান্সকে সবার ওপরে রেখেছেন। তবে এই তালিকায় আর্জেন্টিনা, স্পেন, জার্মানি এবং ইংল্যান্ডকেও রাখা আছে। ব্রাজিলের বিষয়ে অনেক কথাবার্তা, দ্বিধাদ্বন্দ্ব ও যুক্তিতর্ক আছে। শেষ পর্যন্ত কী হতে পারে, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। মাঠের লড়াই তো সব নয়, ওপরের নির্দেশকদের সহায়তা ছাড়া কিছুই তো হবে না। হায়রে ভাগ্য! ভারসাম্যপূর্ণ দল নিয়েও শেষ পর্যন্ত ফিফা ট্রফি ছোঁয়ার সুযোগ হয়নিএমন ইতিহাস বিশ্বকাপে অনেক।

সব হিসাব বিশ্বকাপে মিলবে নাবিশ্বকাপ ফুটবল তো শুধু একটি বৃহৎ প্রতিযোগিতা নয়, এটি একটি আবেগ। একটি স্বপ্ন। মানবতার সপক্ষে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সামাজিক আন্দোলন। এই ফুটবলের মধ্যে মানবজাতির কল্যাণ ও অগ্রগতি নিশ্চিত করার জন্য লুকিয়ে আছে শক্তিশালী অস্ত্র। কথা হলো  কূট আন্তর্জাতিক রাজনীতির বিপক্ষে লড়ার শক্তি ফিফার খুব কম। এই অবস্থায় মানবতার অপমানকে ফিফা রুখতে পারবে না। এটিই বাস্তবতা। ইরানের প্রতি স্বাগতিক যুক্তরাষ্ট্রের নিন্দনীয় আচরণের পরও ইরান ফুটবলে অংশ নিয়েছে। ইরানের অংশগ্রহণ পুরো দুনিয়াকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ইরান যেভাবে বিশ্বের সহানুভূতি ও সমর্থন পেয়েছে, এটি খেলায় জেতার চেয়ে অনেক বেশি কিছু! এর প্রভাব সুদূরপ্রসারী।

গোটা বিশ্ব এখন রোমাঞ্চকর ফুটবল মাঠে ভাসছে। ফুটবলের সৌন্দর্য ও নান্দনিকতা বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে। ফুটবলের জাতশিল্পীদের জার্সি নম্বর নয়, তাঁদের দুই পা দিয়ে সবুজ ক্যানভাসে সৃষ্ট অসাধারণ শিল্পকলা মাঠকে আলোকিত করছে। এক দল হারিয়ে যাবে, আরেক দল জ্বলে উঠবে। এটি তো জগৎ সংসারেরও নিয়ম। পেশাদার ফুটবলারদের ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়া হলো বিশ্বকাপ। জাতীয় দলের আবেগ আর লক্ষ্যের সঙ্গে ক্লাব ফুটবলের কোনো তুলনাই চলে না। জাতীয় দলে খেলার জন্য সবাই মুখিয়ে থাকেন। এই সম্মান ও গৌরব তো তুলনাহীন। বিশ্বকাপ ট্রফিটি যে কত মহার্ঘ, দেশ, খেলোয়াড় ও সমর্থকদের কাছে এটি লিখে বোঝানো মুশকিল। বিশ্বকাপ সব সময় বিশেষ। আন্তর্জাতিক ফুটবলের দর্শনে ঠাসা! সমর্থকরা আবেগে ভাসে, চাপ সৃষ্টি হয়আর এটি খেলেই তো প্রতিদিন পারফরম করছেন খেলোয়াড়রা। একটির পর একটি খেলা ছন্দ ধরে রেখে পারফরম করা ছাড়া উপায় নেই।

সবাই তো আর বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডে খেলার সুযোগ পান না। তবে বিশ্বকাপ ফুটবলারদের ভীষণভাবে টানে। এই চত্বরে ফুটবলারদের অনুভূতিটাই একদম আলাদা। তাঁরা শুধু সেলিব্রিটি ননতাঁরা এন্টারটেইনার। তাঁরা খেলেন নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য।

৪৮ দেশের ২৬ জন করে প্রতিটি স্কোয়াড। অনেক যাচাই-বাছাই করে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাটি তো দেশের জন্য। বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য। দেশকে তুলে ধরে পরিচিত করার জন্য। চাইলেই বারবার স্কোয়াডে স্থান করে নেওয়ার সুযোগ নেই। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে স্কোয়াডে স্থান মেলে। তবে মাঠে নামার সুযোগ হবে কি না এই গ্যারান্টি সবার নেই। এখানে নিজেকে পদে পদে প্রমাণ দিতে হয়।

২০২২ বিশ্বকাপে খেলেছেন এমন সাত শরও বেশি খেলোয়াড় সুযোগ পাননি ২০২৬ বিশ্বকাপে তাঁর দেশকে আবার প্রতিনিধিত্ব করার। জন্ম এক দেশে অথচ খেলছেন অন্য দেশের হয়ে এমন খেলোয়াড়ের সংখ্যা এবার ২৮৯। এই সংখ্যা প্রতিটি বিশ্বকাপে বাড়ছে। এটি ফুটবল বিশ্বায়ন এবং পেশাদারির প্রশ্নের বড় উত্তর।

নতুন দেশ কুরাসাও এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। তাদের বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনের জন্ম ও বেড়ে ওঠা নেদারল্যান্ডসে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। তাদের সার্বিক অর্থনীতির অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ। এর পরও তারা ফুটবলের মাধ্যমে বিশ্বে পরিচিত হতে চেয়েছে এবং সফল হয়েছে। যে কাজগুলো অগ্রাধিকার নির্ণয় করে করা দরকার, সেগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করতে পেরেছে বলেই তারা স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছে।

আধুনিক ফুটবলে প্রতিভার পাশাপাশি ফিটনেস, রিকভারি এবং মাঠের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটির সমন্বয় ছাড়া শক্ত লড়াই করা মুশকিল। বিশ্বকাপে তো সবাই জেতার মানসিকতা নিয়ে নামে, আর এর জন্য প্রয়োজন ভারসাম্যপূর্ণ স্কোয়াড। খেলতে হবে ট্যাকটিক্যাল গেম। পাশাপাশি শক্তিশালী রক্ষণভাগ, মাঝমাঠ নিয়ন্ত্রণের সক্ষমতা, কার্যকর আক্রমণভাগএই সবকিছুর সমন্বয় থাকা ছাড়া উপায় নেই। সব দল যে একই অবস্থা থেকে একই মন্ত্রে উজ্জীবিত হয়ে খেলেছে, তা কিন্তু নয়। এতে প্রতিপক্ষ দুর্বলতার সুযোগ নিয়েছে। খেলা তো এখন বিজ্ঞান। আবেগের দরকার আছে, তবে এর সঙ্গে যুক্তির মিল থাকতে হবে। কোচরা রণকৌশলের বিষয়ে এখন খুবই সতর্ক। প্রতিপক্ষের ট্যাকটিক্যাল ভুলের সুযোগ একজন কোচ তো নেবেনএটিই স্বাভাবিক। ছোট দেশ কেপ ভার্দেও এবার প্রথম খেলছে। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র। ফুটবল পণ্ডিতরা প্রথম থেকেই বলেছেন, স্পেন এবার ফেভারিট। এটি অপ্রত্যাশিত ফলাফল। কেপ ভার্দে এরপর দ্বিতীয় খেলায় উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেকে বিশ্বের কাছে চিনিয়েছে। স্পেন ও উরুগুয়ে এই দুটি দলই অতীতে বিশ্বকাপ জিতেছে। স্পেন বিশ্বকাপ জিতেছে ২০১০ সালে, আর উরুগুয়ে এর অনেক আগে ১৯৩০ ও ১৯৫০ সালে। সৌদি আরবের বিপক্ষে শেষ ম্যাচে কেপ ভার্দে কী করে, সেটি দেখার অপেক্ষায় থাকছি।

কেপ ভার্দের মাঠের ফুটবল পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। তৃতীয় নয়ন খুলে দিয়েছে। কেপ ভার্দে প্রমাণ করেছে মানসিক দৃঢ়তা ও প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই সম্ভব। কেপ ভার্দের আলোড়ন সৃষ্টিকারী গোলরক্ষক ভোজিনহার মা ১৫ হাজার ডলার জমা দিতে পারেননি বলে আমেরিকার ভিসা ইস্যু করা হয়নি। প্রথম ম্যাচ জয়ের পর ভোজিনহা মায়ের খেলা দেখতে না পারার বিষয়টি নিয়ে একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছেন, যা অগণিত মানুষকে আপ্লুত করেছে। শেষ পর্যন্ত আমেরিকান ভিসা ইস্যু করা হয়েছে তাঁর মাকে। মা ছুটে গেছেন ছেলের বীরত্বপূর্ণ খেলা গ্যালারিতে বসে দেখার জন্য। এই টাচি বিষয়টি পুরো দুনিয়ার বিবেককে নাড়া দিয়েছে। ফুটবল একটি খেলা, এটি প্রতিটি মানুষের জীবনের আবেগ থেকে তো বড় নয়। ফুটবলময় দিনগুলো নিজের মতো করে উপভোগ করুন। শুধু মনে রাখবেন, ফুটবলে মতপার্থক্য নেহাত খেলাটির সান্নিধ্যে থাকার জন্য।

লেখক : কলামিস্ট ও বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি, এআইপিএস এশিয়া। আজীবন সদস্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। প্যানেল রাইটার, ফুটবল এশিয়া

বাংলাদেশ-ভারতে একই রক্তপ্রবাহ, গঙ্গা-পদ্মায় একই জলপ্রবাহ : অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধন

গোপালকৃষ্ণ গান্ধী

বাংলাদেশ-ভারতে একই রক্তপ্রবাহ, গঙ্গা-পদ্মায় একই জলপ্রবাহ : অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধন

ঢাকায় ভারতের হাইকমিশনে দীনেশ ত্রিবেদীর চেয়ে উপযুক্ত নিয়োগ আর হতে পারত না। তাঁকে হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দুই দশক ধরে আমি তাঁকে চিনি, বিশেষ করে ২০০৪ থেকে ২০০৯ সালে কলকাতার রাজভবনে কাজ করার সময় থেকে। সে কারণেই আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই নিয়োগ যথার্থ হয়েছে।

তখন তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ ও প্রভাবশালী রাজনৈতিক সহকর্মী। কলকাতার তাজ হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসে নিজের পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন, শুভ সন্ধ্যা, স্যার। আমি দীনেশ ত্রিবেদী। আপনার ভাই রাজমোহন গান্ধীকে চেনার সৌভাগ্য আমার হয়েছে। কিছুদিন পর নন্দীগ্রাম প্রসঙ্গে আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি তৃণমূল প্রতিনিধিদল নিয়ে আমার কাছে আসেন। তাঁর সঙ্গে ছিলেন দীনেশও। মমতা মজা করে বলেছিলেন, তোমরা দুজনই গুজরাটি, গুজরাটিতে কথা বলোকেম ছো, কেম ছো! (কেমন আছ, কেমন আছ)। কিন্তু আমরা কেউই গুজরাটিতে কথা বলিনি; উপস্থিত সবার বোঝার সুবিধার জন্য ইংরেজিতেই আলাপ চালিয়েছিলাম। তবু ভাষার একটি আলাদা সম্পর্ক তো থেকেই যায়, যা আমাকে দীনেশের সঙ্গে বিশেষভাবে যুক্ত করেছিল। পরে মমতা ও দীনেশের রাজনৈতিক বিচ্ছেদে আমি দুঃখ পেয়েছিলাম। মমতার জন্য, কারণ তিনি একজন তীক্ষ বুদ্ধি ও নিরপেক্ষ সহকর্মীকে হারিয়েছিলেন; আর দীনেশের জন্য, কারণ তাঁকে দলবদলকারী আখ্যা পাওয়ার ঝুঁকি নিতে হয়েছিল। তবে দুজনই যথেষ্ট দৃঢ়চেতা মানুষ; তাঁরা সেই বিচ্ছেদ সামলে নিয়েছেন।

গুজরাটি পরিবারে জন্ম হলেও দীনেশ ত্রিবেদী তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন কলকাতায়। ফলে তিনি একজন বাংলাভাষী অবাঙালি। এই পরিচয় তাঁকে ভারতের সংসদ ও মন্ত্রিসভায় বাংলার এক স্বতন্ত্র উপস্থিতি দিয়েছিল এবং এখন ঢাকায় তাঁর দায়িত্ব পালনের জন্য তাঁকে ভাষাগত ও সাংস্কৃতিকভাবে বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে।

ইতিহাসের দিকে সংক্ষেপে তাকালে দেখা যায়, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভারতের প্রথম হাইকমিশনার হিসেবে সুবিমল দত্তকে বাংলাদেশে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের কর্মকর্তা, ভারতের দীর্ঘতম মেয়াদের পররাষ্ট্রসচিব এবং সাবেক রাষ্ট্রপতির সচিব। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে জন্ম নেওয়া সুবিমল দত্ত ছিলেন একজন বাঙালি। তখনকার উষ্ণ ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশে জন্ম নেওয়া এক বাঙালি হিন্দুকে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানোকে কেউ অস্বাভাবিক মনে করেনি। তাঁর অসাধারণ কূটনৈতিক দক্ষতার কারণে বাংলাদেশে তাঁর নিয়োগকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়েছিল। পরে তাঁর স্থলাভিষিক্ত হন ঢাকায় জন্ম নেওয়া আরেক বাঙালি সমর সেন।

বাংলাদেশে ভারতের হাইকমিশনারদের তালিকায় আরো কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কূটনীতিক, পর্বতারোহী ও আলোকচিত্রী দেব মুখার্জি। আবার কয়েকজন অবাঙালি হাইকমিশনারও ছিলেন, যাঁদের সঙ্গে বাংলার গভীর সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে রয়েছেন মুচকুন্দ দুবে, যিনি বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে জন্মগ্রহণ করলেও মাতৃভাষার মতো সাবলীল বাংলায় কথা বলতেন; কৃষ্ণন শ্রীনিবাসন, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাতনি বৃন্দার স্বামী এবং বিক্রম দোরাইস্বামী, যাঁর বাবা ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ-ভারতে একই রক্তপ্রবাহ, গঙ্গা-পদ্মায় একই জলপ্রবাহ : অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধন
সুতরাং ঢাকায় ভারতের হাইকমিশনারদের বেশির ভাগেরই নিয়োগ ছিল স্বাভাবিক কূটনৈতিক নিয়োগ, তবে কিছু ক্ষেত্রে বাংলার সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা ব্যক্তিদের বাছাই করা হয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় হয়েছে। দীনেশ ত্রিবেদী, যিনি বাংলা জানেন ও বাংলায় কথা বলতে পারেন, সেই মূল্যবান ধারাবাহিকতাই বজায় রাখছেন। তিনিই এই পদে প্রথম রাজনৈতিক বা কূটনীতিকের বাইরে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি।

বাংলাদেশে পৌঁছে তিনি বলেছিলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ একসঙ্গে অনেক বড় অর্জন করতে পারে। তাঁরা একই আকাশ, একই বাতাস এবং একই বেদনা ভাগ করে নেয়। তিনি আরো বলেন, আমরা যা-ই করি না কেন, একসঙ্গে করতে হবে; একা থেকে কেউ শক্তিশালী হতে পারে না। তাঁর এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে, এ কথা যথার্থ।

দীনেশ মূলত একজন রাজনীতিক, সাহিত্যিক বা শিল্প-সংস্কৃতির মানুষ নন। তবে আকাশ, বাতাস ও বেদনার যে উপমা তিনি ব্যবহার করেছেন, তা যেন দুর্ভিক্ষপীড়িত ও যন্ত্রণাক্লিষ্ট বাংলাকে ঘিরে গড়ে ওঠা এক সাংস্কৃতিক স্মৃতির ভাণ্ডার থেকে উঠে এসেছে। সেই বাংলার কথা মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র এবং অমর্ত্য সেনের দারিদ্র্যবিষয়ক গবেষণা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিনজনেরই বাংলাদেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের জমিদারি ছিল কুষ্টিয়ার শিলাইদহে; সত্যজিৎ রায়ের পিতা ও পিতামহের জন্ম কিশোরগঞ্জে; আর অমর্ত্য সেনের পারিবারিক শিকড় ঢাকা ও মানিকগঞ্জে। দীনেশের বক্তব্য সেই বাংলারও স্মৃতি বহন করে, যাকে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ছবিতে তুলে ধরেছিলেন আলোকচিত্রী সুনীল জানা এবং যাকে শিল্পী সোমনাথ হোর তাঁর তেভাগা আন্দোলন ও ১৯৪৬-৪৭ সালের দাঙ্গার চিত্রমালায় ফুটিয়ে তুলেছিলেন।

দীনেশের বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা প্রত্যাশিত ছিল। কিন্তু তা সম্পূর্ণ ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে আছে। তাঁর বক্তব্যকে যদি কেউ ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে আত্মসাৎ করার কোনো অন্তর্নিহিত আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করেন, তবে তা শুধু রাজনৈতিকভাবেই নয়, সভ্যতাগত দিক থেকেও ভুল। তিনি এমন একটি অনুভূতির কথা বলেছেন, যা ভারত বিভাগের সময় থেকেই বিদ্যমান। অনেকেই তখন মনে করেছিলেন, রেডক্লিফ রেখা স্থায়ী হয়েছে, পাকিস্তান বাস্তবতা, পরবর্তী সময়ে বাংলাদেশও বাস্তবতা, কিন্তু তা সত্ত্বেও পারস্পরিক কল্যাণের জন্য অনেক কিছু একসঙ্গে করা সম্ভব।

জওয়াহেরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভার সদস্য কে সি নিয়োগী ১৯৪৯ সালের ১১ মার্চ সংসদে বলেছিলেন, ভারত ও পাকিস্তান সার্বভৌম রাষ্ট্র হয়েও যৌথ অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখতে পারে, এমনকি একটি অর্থনৈতিক ও শুল্ক ইউনিয়নও গঠন করতে পারে।

আজকের পৃথিবীতে যখন ইউরোপীয় ইউনিয়ন, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন কিংবা আফ্রিকান ইউনিয়নের মতো আঞ্চলিক জোট সক্রিয় রয়েছে, তখন দীনেশ ত্রিবেদীর আশাবাদকে শুধু গ্রহণযোগ্যই নয়, বাস্তববাদী ও প্রগতিশীল বলেও বিবেচনা করা যায়।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যদি পুরনো সেতুগুলোকে আরো মজবুত করে নতুন সেতু নির্মাণ করেন এবং দুই দেশের আলোচনায় অবিশ্বাস ও বিদ্বেষমূলক ভাষা কমাতে ভূমিকা রাখেন, তাহলে তা উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

শেষে একটি ঘটনার কথা বলি। আজকের বাংলাদেশের অনেকের কাছে সেটি হয়তো খুব গ্রহণযোগ্য না-ও হতে পারে। কারণ এটি শেখ মুজিবুর রহমানকে ঘিরে। তবে এর নৃতাত্ত্বিক ও পরিবেশগত সত্যতা তাঁরা নিশ্চয়ই উপলব্ধি করবেন।

১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সদ্যঃস্বাধীন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান দিল্লিতে যাত্রাবিরতি করেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনতার অনুরোধে তিনি একটি সমাবেশে বাংলায় ভাষণ দেন। মঞ্চ থেকে নামার সময় এক ব্যক্তি একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছিলেন। এতে লেখা ছিল ‘India-Bangladesh same blood. Ganga-Padma same flood.’ বাংলায় যার অর্থ—‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা।

এটিই আমাদের দুই রাষ্ট্রের সার্বভৌম সত্য। এই সত্যই যেন আমাদের বন্ধুত্ব রক্ষা করে এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।

লেখক : মহাত্মা গান্ধীর দৌহিত্র, আধুনিক ভারতীয় ইতিহাসের গবেষক, লেখক ও সাবেক কূটনীতিক

পশ্চিমবঙ্গের রাজ্যপাল (২০০৪-২০০৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও রাজনীতি বিভাগের অধ্যাপক

ট্রাম্পের ফিরে আসা অথবা না আসা | কালের কণ্ঠ