বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেলেই খোঁজ পড়ে বাবুর্চির। কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টারের নির্দিষ্ট বাবুর্চি থাকে। তবুও কেউ নিজের পছন্দের বাবুর্চির রান্না চান। কখনো আবার রান্না আর পরিবেশনের পুরো দায়িত্ব দেওয়া হয় কোনো ক্যাটারিংকে। বাবুর্চি বা ক্যাটারিং পছন্দ যাই হোক তাদের বিস্তারিত জেনে নিন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাসহ যেকোনো অনুষ্ঠানের খাবার তৈরি ও পরিবেশনের দায়িত্ব নেয় ইকবাল ক্যাটারিং সার্ভিস। প্রতিষ্ঠানটির কর্ণধার মো. নাসিম বলেন, ‘আমাদের কাছে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের খাবারের তালিকা আছে। গ্রাহক সেটা দেখে অর্ডার করতে পারেন কিংবা তাঁদের কোনো পছন্দ থাকলে আলোচনা করে সে অনুযায়ী আমরা জনপ্রতি প্যাকেজ ও দাম ঠিক করে নিই। সর্বোচ্চ পাঁচ হাজার লোকের খাবার করার মতো জনবল রয়েছে আমাদের।’ তিনি আরো জানান, ইকবাল ক্যাটারিংয়ের লাঞ্চ ও ডিনারে জনপ্রতি প্যাকেজ শুরু হয় ৪০০ টাকা থেকে। খাবারের মূল্যের মধ্যেই সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকে। বেশ কিছু ক্যাটারিং সার্ভিসের সঙ্গে কথা বলে জানা গেল, সবাই এখন জনপ্রতি প্লেট হিসাবে প্যাকেজ নির্ধারণ করেন। প্যাকেজে সাধারণ মেন্যু হতে পারে সাদা পোলাও, চিকেন রোস্ট, খাসির রেজালা বা মোরগ রেজালা, হোয়াইট ভেজিটেবল বা চায়নিজ ভেজিটেবল, আলুবোখারা চাটনি, কাবাব (জালি, শামি, টিক্কা) জর্দা বা ফিরনি, বোরহানি, পিস সালাড। জনপ্রতি এই প্যাকেজের মূল্য হবে ক্যাটারিংভেদে ৩৫০ থেকে ৪০০ টাকা। অবশ্য অতিথির সংখ্যা ও বাজারদরের ওপর মূল্য কিছুটা কমবেশি হতে পারে। কাচ্চির মেন্যু চাইলে প্যাকেজ হতে পারে কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট বা গ্রিল, আলুবোখারা চাটনি, কাবাব (জালি, শামি, টিক্কা), শাহি টুকরা, জর্দা বা ফিরনি, বোরহানি। জনপ্রতি মূল্য ৪০০ থেকে ৫৫০ টাকা। কালিজিরা চাল বা বাসমতী চাল, দেশি বা ব্রয়লার মুরগির ওপর দাম কমবেশি হতে পারে। খাবারের প্যাকেজে ১০০ জনের অর্ডার করলে ক্যাটারিং পাঁচজন অতিরিক্ত ধরে খাবার তৈরি করে। তাই খাবারে কম পড়ার ঝুঁকি কম থাকে। তবু শতভাগ নিশ্চিত হতে নির্ধারিত অতিথির চেয়ে কিছু বেশি অর্ডার করাই শ্রেয়। প্লেট মেপে খাবারে না পোষালে আর আনলিমিটেড উদরপূর্তির আয়োজন চাইলে বেছে নিতে পারেন বাবুর্চি। এ জন্য নিজ হাতে বাজার করে দিলে বাবুর্চি পছন্দের খাবার রান্না করে দেবে। বাজারের আগে বাবুর্চির সঙ্গে আলাপ করে অতিথি সংখ্যার হিসাব অনুযায়ী বাজারের ফর্দ তৈরি করে নেওয়া ভালো। সম্ভব হলে বাজারের সময় বাবুর্চিকেও সঙ্গে রাখতে পারেন। তবে সুস্বাদু খাবারের জন্য প্রয়োজন পড়বে ভালো মানের বাবুর্চির। প্রসিদ্ধ বাবুর্চি আর ক্যাটারিংয়ের খোঁজ ♦ ইকবাল হোসেন ক্যাটারিং যোগাযোগ : ০১৭১৩৩৩৪০৪৪ ♦ মুনসুন ক্যাটারিং যোগাযোগ : ০১৭২০২০৯৫৬৫ ♦ মাস্টারশেফ সুব্রত আলী যোগাযোগ : ০১৭১১৪৩৯৩৯৯, ০১৭১১৫৩৬৯৯৮ ♦ সালসা ক্যাটারিং সার্ভিস যোগাযোগ : ০১৭১১৬১৯৭৪৭ ♦ ফ্রেন্ডস ক্যাটারিং যোগাযোগ : ০১৭১১৯০৯২৬০ ♦ ইব্রাহিম বাবুর্চি যোগাযোগ : ০১৯৪৪৫৫০৮২২ ♦ নান্না মিয়া বাবুর্চি যোগাযোগ : ০১৯৪৩৩৯৫১৮৯, ০১৭২৬৬৭১৭২৭ ♦ হাজি বিরিয়ানি যোগাযোগ : ০১৭১১ ৫২৩৫০৫ ♦ ফখরুদ্দিন বাবুর্চি যোগাযোগ : ০১৭১১৫২৭৩৭৯ ♦ চাঁন মিয়া বাবুর্চি যোগাযোগ : ০১১৯৯৮০৩২০৯