তিন বছর আড়ালেই ছিলেন। এ সময় তাঁর একটা মাত্র ছবি মুক্তি পেয়েছে-'প্রেমিক নাম্বার ওয়ান'। সেই ছবির প্রচারণায় একবারও মিডিয়ার সামনে আসেননি। সাংবাদিকরা মোবাইল ফোনে কল করেও পাননি। এক থেকে দুবার রিং হওয়ার পরই সুইচ অফ করে দেওয়াটা তাঁর রুটিন হয়ে দাঁড়িয়েছিল। তবে কেয়ার এই স্বেচ্ছা নির্বাসনের পথে আকস্মিক বাধা হয়ে দাঁড়ালেন অভিনেতা-প্রযোজক-পরিচালক রাজ্জাক। তিনি তখন 'আয়না কাহিনী'র জন্য নায়িকা খুঁজছিলেন। হঠাৎ করেই কেয়ার কথা মনে পড়ে গেল। সম্রাটকে দিয়ে কেয়াকে ফোন করালেন। জরুরিভাবে দেখা করতে বললেন। নায়করাজ দেখা করতে চেয়েছেন। 'না' বলাটা তাঁর পক্ষে সম্ভব নয়। গুলশানের বাসাতেই রাজ্জাকের সঙ্গে দেখা করলেন। রাজ্জাকের প্রযোজনা প্রতিষ্ঠান ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনার ছবি, ইমদাদুল হক মিলনের উপন্যাস, রাজ্জাক নিজেই পরিচালক-ফলে কোনো অজুহাতই খাটল না। গত বছর মুক্তি পেল 'আয়না কাহিনী'। নতুন কেয়াকে দেখে অন্য নির্মাতারা আবারও কেয়ার শিডিউল চাইলেন। ততদিনে কেয়াও মত বদলেছেন। চলচ্চিত্রে নিয়মিত হবেন। এখন কেয়ার হাতে আছে সাফিউদ্দীন সাফির 'ব্ল্যাকমানি', শাহীন সুমনের 'মন শুধু তোমারি', মোস্তাফিজুর রহমান বাবুর 'তোমার প্রেমে পড়েছি', বাবুল রেজার 'কাটা দাগ'। কথা চলছে মনতাজুর রহমান আকবর ও সোহানুর রহমান সোহানের ছবির ব্যাপারেও। সব মিলিয়ে কেয়া এখন ফের ব্যস্ত। তিনি বলেন, 'রাজ্জাক স্যারের কাছে কৃতজ্ঞ। তিনিই আমাকে আবার পর্দায় ফিরিয়ে এনেছেন। প্রতিদিনই এখন কোনো না কোনো নতুন ছবির প্রস্তাব পাচ্ছি।' কেয়া এখন নতুনদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী। সাইমনের সঙ্গে 'ব্ল্যাকমানি'র শুটিং শেষ করেছেন। 'মন শুধু তোমারি'তে তাঁর নায়ক আরেফিন শুভ। বাপ্পীর বিপরীতেও দুটি ছবিতে অভিনয়ের কথা চলছে। সম্প্রতি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন কেয়া। একটি ভোজ্য তেল ও একটি ফ্যাশন হাউসের বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। শিগগির চ্যানেলগুলোতে এসব প্রচার হবে বলে জানান তিনি। আবার স্বেচ্ছা নির্বাসনে চলে যাবেন না তো? 'আবার যখন মিডিয়াতে ফিরেছি তখন আর সহজে যাচ্ছি না। নতুন করে নাচ ও অভিনয়ের প্র্যাকটিস করছি। ফিটনেস ধরে রাখার জন্য বিউটিশিয়ানদের কাছ থেকে টিপসও নিচ্ছি। এই সময়ের নায়িকাদের ছবি দেখছি। দর্শক কেন তাঁদের গ্রহণ করছে, তারা কোন কোন দিকগুলো এড়িয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। নিজের খুঁতগুলোও খুঁজে বের করার চেষ্টা করছি। দর্শক এবার নতুন এক কেয়াকেই পর্দায় আবিষ্কার করবে।'