নওগাঁর রানীনগরে গত সপ্তাহ থেকে উজানি ঢলে ছোট যমুনা নদীর পানি বাড়তে থাকায় নান্দাইবাড়ি-কৃষ্ণপুর এলাকায় ছয় কিলোমিটার বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষ। জানা গেছে, আশির দশকে স্থানীয়দের দাবির মুখে এই বাঁধটি নির্মাণ করা হলেও পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি—কেউ এটির দায়িত্ব স্বীকার না করায় বছরের পর বছর সংস্কার হয়নি। তবে দুই বছর ধরে নওগাঁর পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিসরে বাঁধ রক্ষায় ব্লক দিয়ে কিছু কাজ করলেও বড় অংশজুড়ে রয়েছে ভাঙন আতঙ্ক। স্থানীয়রা বলছে, রোপা আমন মৌসুমে ধান বাঁচাতে গেলে এই বাঁধের স্থায়ী নির্মাণের কোনো বিকল্প নেই। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য আপাতত তেমন কোনো প্রস্তুতি নেই। তবে জরুরি প্রয়োজনে কোনো কাজ করতে হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবিরকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪
রানীনগরে ঝুঁকিপূর্ণ বাঁধ, ভাঙন আতঙ্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়ম

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের পুনর্নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। অভিযোগে উল্লেখ করা হয় পুরনো প্লাস্টার ভেঙে নতুন প্লাস্টার, রঙের কাজ, দরজা-জানালা পরিবর্তন, স্যানিটারি কাজ ও জলছাদে অত্যন্ত নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। তাই ৯ লাখ টাকা ব্যয়ের এই কাজটি ফের করার দাবিও জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কাজটি সরেজমিনে তদন্ত করেন বরিশাল স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম। তিনি কালের কণ্ঠকে নিশ্চিত করেন কাজে অনিয়ম হয়েছে। তাই ফের কাজটি করার নির্দেশ ঠিকাদারকে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পপুলার বিল্ডার্সের সত্যাধিকারী মোহাম্মদ বলেন, যেখানে সমস্যা আছে, আমরা সেগুলো সমাধান করে দেব।
বাঁধের দাবিতে পাউবো অফিস ঘেরাও

ভোলায় মেঘনা নদীর ভাঙন রোধে সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস ঘেরাও করেছে স্থানীয়রা। এ সময় মেঘনার তীব্র ভাঙন থেকে ভোলা সদরের শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা রক্ষায় ভাঙনকবলিত বাসিন্দারা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আগামী এক মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে সিসি ব্লক ডাম্পিংয়ের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। এ আশ্বাসে এক মাসের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম নগরের লালদীঘির পাড় এলাকায় সোমবার দুপুরে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার সকালে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। রামহরি বৈষ্ণবের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন কালের কণ্ঠকে বলেন, রামহরি লালদীঘি এলাকার একটি দোকানে কাজ করেন। সোমবার দুপুরে দোকানের টিনের চালের ওপর পতাকা টানানোর কাজ করছিলেন রামহরি। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
