বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলো মো. রাব্বি শেখ, মো. রিয়াদ হোসেন ও মো. সাজ্জাদ হোসেন।
চক্রটি বিআরটিএর ওয়েবসাইটের অনুরূপ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে টার্গেট করছিল। প্রতারণার সময় টার্গেট ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায়ের নামে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের উপমহাপরিদর্শক (ডিআইজি) সানা শামিনুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) পৃথক অভিযানে প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা কার্যক্রম শুরু হওয়ার পর একটি প্রতারকচক্র সেটিকে কাজে লাগিয়ে প্রতারণা শুরু করে। প্রতারকচক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে জানাত যে ট্রাফিক সিগন্যাল অমান্য করায় মামলা হয়েছে। এসএমএসে থাকা লিংকে প্রবেশ করলে ভুক্তভোগীদের বিআরটিএর ওয়েবসাইটের আদলে তৈরি করা একটি ভুয়া ওয়েবসাইটে নেওয়া হতো। সেখানে জরিমানা পরিশোধের কথা বলে ব্যাংক কার্ডের তথ্য, অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি সংগ্রহ করত প্রতারকরা। এমনকি দ্রুত জরিমানা পরিশোধ করলে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে এমন প্রলোভনও দেখানো হতো।

