• ই-পেপার

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাতার মৃত্যু

দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা, রামদা ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। আহতরা হলেন লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি।

 

পরিবেশ দিবসে চট্টগ্রামে হচ্ছে দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পরিবেশ দিবসে চট্টগ্রামে হচ্ছে দৌড় প্রতিযোগিতা

বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় এক হাজার ১০০ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা স্যাম বন্ড-সিআর ১০ কিলোমিটার ২০২৬। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির এই দৌড় প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রান দ্য সিটি। আগামীকাল শুক্রবার নগরের সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। গতকাল বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক সংগঠন চট্টলা রানারসের সহপ্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবে। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতাটি শুরু হবে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে পর্বতারোহী ডা. বাবর আলী, স্যামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকনাফে মার্কিন শিশুকে অপহরণ চেষ্টা, আটক ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে মার্কিন শিশুকে অপহরণ চেষ্টা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক মার্কিন শিশুকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার কেফায়েত উল্লাহ, নতুন পল্লানপাড়ার শাহাব উদ্দিন এবং একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া। আ ম ফারুক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ায় চার বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পশ্চিম গোদারবিল এলাকায় অপহরণকারীদের আটক করতে সক্ষম হয় স্থানীয় লোকজন।

 

রামগতি

সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালু ব্যবসা

দুর্ভোগে পড়েছেন পথচারী, চালকসহ স্থানীয়রা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালু ব্যবসা

লক্ষ্মীপুর-রামগতি সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। একের পর এক চলছে যানবাহন। ইজি বাইকে চেপে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ছুটে চলেছে শিক্ষার্থীরা। কর্মস্থলের দিকে যাচ্ছেন কর্মজীবীরা। সড়কের পাশে একটি জায়গায় রয়েছে একটি সিনেমা হল। তার সামনেই বালুর বিশাল স্তূপ।

সড়কের বড় অংশ দখল করে দিনের পর দিন এভাবে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে খোদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও চালকসহ স্থানীয়রা।

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের নাম মিজানুর রহমান। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনানী সিনেমা হলের সামনে আঞ্চলিক সড়ক দখল করে বিশাল বালুর স্তূপ রাখা হয়েছে। মূল সড়কের একাংশ দখল করে বালু রাখায় সড়কটিতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহনের চাকার সঙ্গে বাতাসে বালু ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়িঘরে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির দুই নেতা বলেন, সড়কটি মনে হয় মানুষের চলাচলের জন্য নয়, বালুর গুদাম দেওয়ার জন্য।

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান ও আব্দুল মান্নান বলেন, উনি (মিজানুর রহমান) একদিকে বিএনপি নেতা, অন্যদিকে প্যানেল চেয়ারম্যান। সেই দাপটে সড়কে বালু স্তূপ করে রাখেন।

শিক্ষার্থী রোজিনা আক্তার ও আরাফাত রহমান জানান, বাতাসে বালু উড়ে চোখে-মুখে যায়। রাস্তার ওপর বালুর স্তূপ রাখায় আমাদের স্কুলে আসা-যাওয়ায় খুব কষ্ট হচ্ছে।

অভিযুক্ত বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিজানুর রহমানের বক্তব্য নিতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, সরেজমিনে গিয়ে প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।