• ই-পেপার

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

গ্রিন এনার্জি ও বাণিজ্যে সহযোগিতা চাইলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
গ্রিন এনার্জি ও বাণিজ্যে সহযোগিতা চাইলেন শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গ্রিন এনার্জি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

এ সময় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশে সুইস বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি, সিনিয়র পলিটিক্যাল অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

 

 

যুক্তরাজ্যে ৭২ ঘণ্টায় ২৯ হাজারের বেশি বজ্রপাত

নুরুল হক শিপু, যুক্তরাজ্য
যুক্তরাজ্যে ৭২ ঘণ্টায় ২৯ হাজারের বেশি বজ্রপাত

যুক্তরাজ্যে টানা ৭২ ঘণ্টায় ২৯ হাজারের বেশি বজ্রপাত হয়েছে। তীব্র বজ্রঝড় ও অস্বাভাবিক তাপপ্রবাহে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর মেট অফিসের তথ্য অনুযায়ী, গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২৯ হাজার ৭৪টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৮ হাজার ৫৪০টি একাই সমারসেট অঞ্চলে হয়েছে বলে জানানো হয়েছে।

মেট অফিস এক বিবৃতিতে জানায়, এই মাত্রার বজ্রপাত একটি শক্তিশালী ও অস্থিতিশীল আবহাওয়া সিস্টেমের ইঙ্গিত, যা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এই বজ্রঝড়ের কারণে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড, বিদ্যুিবভ্রাট এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয়। সবচেয়ে বড় অগ্নিকাণ্ডগুলোর একটি ঘটে ব্রিস্টলের এমারসনস গ্রিন এলাকায়, যেখানে গত সোমবার আনুমানিক ৫টা ৫৫ মিনিটে বজ্রপাত সরাসরি একটি আবাসিক বাড়ির ছাদে আঘাত হানে।

অ্যাভন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অপারেশন কমান্ড ইউনিট জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা ‘বাড়িটিকে সম্পূর্ণভাবে আগুনে জ্বলতে দেখে’ এবং একাধিক ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সার্ভিসের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেন, ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের বাড়িতে ছড়াতে পারেনি এবং সব বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

একই সময় লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, রাতভর বজ্রঝড়ের কারণে তারা প্রায় ৪০০টির মতো জরুরি কল পেয়েছে, যার মধ্যে বজ্রপাতজনিত অগ্নিকাণ্ড, পানি জমে যাওয়া এবং ছোট আকারের দুর্ঘটনা অন্তর্ভুক্ত ছিল। লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি কমিশনারের দপ্তরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ‘আমাদের দলগুলো একসঙ্গে বহু ঘটনাস্থলে কাজ করেছে এবং সবচেয়ে বেশি চাপ পড়েছে দক্ষিণ ইংল্যান্ডের ফায়ার স্টেশনগুলোতে।’ এই ধরনের বজ্রঝড় সাধারণত উষ্ণ ও আর্দ্র বাতাসের দ্রুত ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে সৃষ্টি হয়, যা বজ্রপাতের ঘনত্ব হঠাৎ করে কয়েক গুণ বাড়িয়ে দেয়। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড বিশেষ করে সমারসেট, ব্রিস্টল ও ডরসেট এলাকায় ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। তাঁরা আরো সতর্ক করে বলেন, চলমান তাপপ্রবাহের কারণে এমন পরিস্থিতি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

 

আর্জেন্টিনার জার্সি পরে এলেই কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়!

মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও
আর্জেন্টিনার জার্সি পরে এলেই কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়!

আর্জেন্টিনার জার্সি গায়ে দোকানে গেলে কেজিতে ১০ টাকা পর্যন্ত ছাড়! এই ছাড় দিচ্ছেন আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক সবজি ব্যবসায়ী কাওসার আলী। ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তে রয়েছে তাঁর দোকান।

বিশ্বকাপ আবেগে যখন দেশের ফুটবলপ্রেমীরা আপ্লুত, এ সময় ঠাকুরগাঁওয়ের কাওসারের এই দোকান ফুটবলের প্রতি অদম্য ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। বাজারের সাধারণ একটি সবজির দোকান এখন স্থানীয় মানুষের কাছে আলোচনার অন্যতম বিষয়।

সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজারের বাকি সব দোকান থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক কাওসার আলীর দোকানটি একেবারেই আলাদা। তিনি নিজের সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল-সাদা রঙের আর্জেন্টিনার পতাকায়। পুরো দোকান ঘিরে রাখা হয়েছে একগাদা পতাকা দিয়ে। চারদিকে উড়ছে ছোট-বড় নানা আকারের পতাকা, যেন এক টুকরা আর্জেন্টিনা এসে বসেছে ঠাকুরগাঁওয়ের বাজারে।

শুধু সাজসজ্জাতেই থেমে থাকেননি কাওসার আলী, নিজের দোকানের নামও বদলে রেখেছেন     ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে নামটি। পাশেই রয়েছে আকর্ষণীয় ঘোষণা—‘আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়’।

এই ঘোষণার পর থেকে বাজারে সৃষ্টি হয়েছে ভিন্ন রকম উৎসাহ। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে অনেক ক্রেতা ভিড় জমাচ্ছেন কাওসার আলীর দোকানে।

আর্জেন্টিনা সবজি ভাণ্ডারে সবজি কিনতে আসা রাহাত বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তো কতই দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ১০ টাকা ছাড়—এমন কাণ্ড দেখিনি বা শুনিনি! আমি কিছু কেনাকাটা করলাম। এতে মেসির প্রতি ভালোবাসাও প্রকাশ হলো, আবার পকেটের টাকাও কিছু বাঁচলো।’

কাওসার আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদেরও একটু আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।’

 

চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী
জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিষয়টি জানিয়েছেন তথ্যমন্ত্রীর মিডিয়া সমন্বয়ক খন্দকার কাওসার হোসেন।

চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যোগ দেবেন তথ্যমন্ত্রী। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তথ্যমন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। চীনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যুক্ত আছেন। প্রতিনিধিদলের আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।