• ই-পেপার

‘শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে’

  • শিশু নির্যাতন ও করণীয় নিয়ে গোলটেবিল

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

সুদানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। গতকাল এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে স্থানীয় সময় গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত স্মারক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন।

পদকপ্রাপ্তরা হলেন—করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তাঁরা নিহত হন।

 

আইএমএফের সব সুপারিশ মানলে দেড় কোটি মানুষ দরিদ্র হবে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আইএমএফের সব সুপারিশ মানলে দেড় কোটি মানুষ দরিদ্র হবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাব অনুযায়ী সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ একক ভ্যাট চালু করা হলে দেশে প্রায় এক কোটি ৬৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের ভ্যাট ও রাজস্ব নীতিনির্ধারণে মানুষের ক্রয়ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা, অগ্রাধিকার ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ।

তিনি বলেন, ‘আইএমএফের সব সুপারিশ অন্ধভাবে গ্রহণ করা হবে না। সরকারের লক্ষ্য হলো করহার না বাড়িয়ে করযোগ্য জনগোষ্ঠী ও করজাল সম্প্রসারণ করা।’

উপদেষ্টা জানান, নতুন বাজেটে কর কাঠামোর ধারাবাহিকতা অন্তত পাঁচ বছর বজায় রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসআরও নির্ভরতা কমিয়ে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা (রিস্ক বেইজড অডিট) চালু এবং সম্পূর্ণ রাজস্ব ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য নীতিগত স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, ব্যাংক খাত সংস্কার এবং সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।

শিল্প ও জ্বালানি খাতে পুনর্গঠন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ‘দেশে নতুন শিল্পনীতি ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। ইলেকট্রিক বাস, রেলওয়ের লোকোমোটিভসহ দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।’

 

জাবিতে নতুন দুই প্রোভিসি

জাবি প্রতিনিধি
জাবিতে নতুন দুই প্রোভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজন নতুন প্রো ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামকে প্রোভিসি (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে প্রোভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন। তাঁরা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তাঁরা তাঁদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাঁদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

 

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

রাজধানীতে দুই গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একই পরিবারের তিনজন, অন্য ঘটনায় তিন শ্রমিক আহত হন।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে উত্তরখানে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাঁরা হলেন আলী হোসেন (৫০), তাঁর স্ত্রী হাসনা হেনা (৪০) মেয়ে আঁখি আক্তার (২৫)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ ও আঁখি আক্তারের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সুমন আফসারী বলেন, সকালে রান্না করতে গিয়েছিলেন হাসনা হেনা। সে সময় গ্যাসের আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আরো তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিগারেট ধরানোর সময় আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণটি ঘটে। দগ্ধরা হলেন মো. মিরাজ (২৬) সুজন (২৪) ও বিপ্লব (২৪)। দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।

চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।