বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল একটি সাইকেলের দুটি চাকার মতো। একটি চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, তেমনি বিরোধী দল ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। দেশ গঠন ও জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী সরকারকে সব ধরনের গঠনমূলক সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুত।

গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে ‘মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার অ্যান্ড রিসোর্টে’ জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রুকন) শিক্ষা শিবির-২৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

আওয়ামী লীগের ওপর সরকারি নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো দল সন্ত্রাস বা সহিংসতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সরকার ও আদালতের বিষয়। তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো সব নিবন্ধিত রাজনৈতিক দলের বৈধ ও শান্তিপূর্ণ রাজনীতি করার অধিকার নিশ্চিত করা।’ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দলীয় প্রশাসক নিয়োগ করা চরমভাবে সংবিধান ও গণতন্ত্রবিরোধী।’