৯৪. তারা বলল, হে জুলকারনাইন! ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা কি আপনাকে খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবেন? [সুরা : কাহফ, আয়াত : ৯৪ (চতুর্থ পর্ব)] তাফসির : বাদশাহ জুলকারনাইন তাঁর রাজ্য জয়ের সফরে বের হয়ে এমন এক জাতির মুখোমুখি হয়েছেন, যাদের ভাষা বোঝা দুষ্কর ছিল। আকার-ইঙ্গিতে কিংবা কোনো অনুবাদকের মাধ্যমে তারা ইয়াজুজ-মাজুজের অত্যাচার থেকে মুক্তির দাবি জানায়। ইয়াজুজ-মাজুজ সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা খুবই সংক্ষিপ্ত। তবে হাদিস শরিফ থেকে তাদের সম্পর্কে আরো কিছু তথ্য জানা যায়, যদিও তাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আবদুর রহমান ইবনে ইয়াজিদের বর্ণনা মতে, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ার পর ইয়াজুজ-মাজুজ তবরিয়া উপসাগর অতিক্রম করবে। ইয়াজুজ-মাজুজ বায়তুল মোকাদ্দাসসংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে : আমরা পৃথিবীর সব অধিবাসীকে হত্যা করেছি। এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। সে অনুযায়ী তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। এটা দেখে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও নিঃশেষ হয়ে গেছে। (মা’আরেফুল কোরআন) বুখারি ও মুসলিম শরিফে আবু সাইদ খুদরি (রা.)-এর বাচনিক বর্ণনায় রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম (আ.)-কে বলবেন, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদের তুলে আনুন। তিনি জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তারা কারা? আল্লাহ তাআলা বলবেন, এরা প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামি এবং মাত্র একজন জান্নাতি। এ কথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে ওঠেন। তাঁরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে সে কে, যে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে? তিনি জবাবে বলেন, চিন্তা কোরো না। এই ৯৯৯ জন জাহান্নামি ইয়াজুজ-মাজুজের মধ্য থেকে হবে। আর হাজারে তোমাদের মধ্য থেকে একজন হবে। তাফসিরবিদ ইবনে কাসির (রহ.) ইয়াজুজ-মাজুজ সম্পর্কে সব বর্ণনা একত্র করে লিখেছেন, ‘এতে বোঝা যায় যে ইয়াজুজ-মাজুজের সংখ্যা সমগ্র বিশ্বের জনসংখ্যার চেয়ে অনেক বেশি হবে।’ হুজায়ফা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ইয়াজুজ-মাজুজ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইয়াজুজ একটি জাতি। মাজুজ একটি জাতি। প্রত্যেক জাতির অধীনে রয়েছে চার হাজার জাতি। তাদের কোনো ব্যক্তি তত দিন পর্যন্ত মৃত্যুবরণ করে না, যত দিন তারা চোখের সামনে নিজের ঔরসজাত হাজার সন্তান দেখতে না পায়, যাদের প্রত্যেকে যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম। হুজায়ফা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আবেদন জানিয়েছি যেন তাদের সম্পর্কে বিস্তারিত বলা হয়। তিনি বলেন, তারা তিন ধরনের। তাদের এক দল হবে আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ। এর দৈর্ঘ্য আকাশপানে ১২০ হাত। অতঃপর রাসুলুল্লাহ (সা.) বলেন, এরা এমন জাতি, কোনো ঘোড়া ও লোহা তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। আর তাদের অন্য আরেকটি দল এক কানের ওপর ঘুমায় এবং অন্য কান মুড়ি দিয়ে থাকে। তাদের পাশ দিয়ে যত হাতি, বন্য প্রাণী, উট ও শূকর অতিক্রম করে, তারা সেগুলো খেয়ে ফেলে; এমনকি তাদের মধ্য থেকে কেউ মরে গেলেও তারা খেয়ে ফেলে...।’ (মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস : ১২৫৭২) গ্রন্থনা : মুফতি কাসেম শরীফ