৩৪. এতিম পরিণত বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না। তবে সদুপায়ে (সম্পদের উন্নতি করার লক্ষ্যে) তা ব্যবহার করা যাবে। আর প্রতিশ্রুতি পূরণ করো। কেননা (কিয়ামতের দিন) প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। [সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৪ (দ্বিতীয় পর্ব)] তাফসির : আলোচ্য আয়াতে এতিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে এতিমের সম্পদে হাত দিতে নিষেধ করা হয়েছে। এতিমের সম্পদ বৃদ্ধি করা বা তার মঙ্গলের উদ্দেশ্য ছাড়া ব্যবহার করা যাবে না। পবিত্র কোরআনের ১২ সুরার ২২ আয়াতে এতিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোরআনে এতিম শব্দটি একবচনে এসেছে আটবার। দ্বিবচনে এসেছে একবার। আর বহুবচনে এসেছে ১৪ বার। সে হিসাবে কোরআনে এতিম শব্দটি ২৩ বার ব্যবহৃত হয়েছে। কোরআনের বর্ণনা থেকে জানা যায়, আগের আসমানি ধর্মেও এতিমের প্রতি সদয় হওয়ার নির্দেশনা ছিল। ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন বনি ইসরাঈলের অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা-পিতা, আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের প্রতি সদয় আচরণ করবে। মানুষের সঙ্গে সদালাপ করবে। সালাত কায়েম করবে। জাকাত দেবে। কিন্তু অল্পসংখ্যক লোক ছাড়া তোমরা বিরুদ্ধভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলে।’ (সুরা : বাকারা, আয়াত : ৮৩)। ইসলামেও এতিমের প্রতি সদয় আচরণের প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো। কোনো কিছু তাঁর সঙ্গে শরিক করবে না। আর মাতা-পিতা, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬) কারণে-অকারণে মানুষ এতিম শিশুকে ধমক দেয়। তার সঙ্গে রূঢ় আচরণ করে। এ বিষয়ে কোরআনের নির্দেশনা হলো, ‘সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হয়ো না।’ (সুরা : দুহা, আয়াত : ৯) যারা এতিমের সঙ্গে রূঢ় আচরণ করে, কোরআনে তাদের ঈমান ও ধার্মিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তুমি কি দেখেছ তাকে, যে দ্বিনকে অস্বীকার করে? সে তো সে-ই, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।’ (সুরা : মাউন, আয়াত : ১-২) ঈমান আনা যেমন পুণ্যের কাজ, নামাজ পড়া যেমন পুণ্যের কাজ, তেমনি এতিম ও অসহায়ের সহায় হওয়া পুণ্যের কাজ। ইরশাদ হয়েছে, ‘...কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব ও নবীদের ওপর ঈমান আনলে। আর (পুণ্য আছে) আল্লাহকে ভালোবেসে আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য দান করলে...। (সুরা : বাকারা, আয়াত : ১৭৭) এতিমের সম্পদ সুরক্ষায় কোরআনে সুনির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘এতিমদের তাদের ধন-সম্পদ সমর্পণ করবে। আর ভালোর সঙ্গে মন্দ বদল করবে না। তোমাদের সম্পদের সঙ্গে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস কোরো না। অবশ্যই এটি মহাপাপ।’ (সুরা : নিসা, আয়াত : ২) কোরআন এমন একটি সমাজব্যবস্থা চেয়েছে, যেখানে এতিমের জন্য সব কিছুর সুব্যবস্থা থাকবে, সুবন্দোবস্ত থাকবে। ইরশাদ হয়েছে, ‘...মানুষ তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম...।’ (সুরা : বাকারা, আয়াত : ২২০) গ্রন্থনা : মাওলানা কাসেম শরীফ