বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেছেন, 'দেশে বড় দুটি দলের অনেক সমর্থক রয়েছে। এ দুটি দলের সমর্থন আছে বলা যায় ৮৫ শতাংশ। এখন একটি দলকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আরেকটি দল একা চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হয়তো হবে না। কিন্তু আমার মনে হয়, বড় দুটি দলের মধ্যে কোনো সমন্বয় না হলে দেশে সামনে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। এ থেকে উত্তরণের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকার যদি নাও চায় একটা সময় দেশের রাজনৈতিক দলগুলো সরকারকে এ বিষয়ে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে চাইবে। তাই আগে থেকেই সরকারকে সাবধান হতে হবে এবং রাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিকভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।' গত শনিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনাভিত্তিক টক শো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিক গোলাম মোর্তোজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের পরিচালক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক জানতে চান, গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের একটি গবেষণায় দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য বড় দুটি দলকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, অতীতে যত সরকার ক্ষমতায় ছিল সরকারি দলের সমর্থকরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। আর সরকারগুলোও নিজের দলের লোক হওয়ার কারণে কোনো সমস্যাই ঠিক সেভাবে সমাধানের চেষ্টা করেনি। ফলে সরকারি লোকদের হাতে ভিন্নমতের লোকজন নির্যাতিত হয়েছে। কিভাবে বিশ্লেষণ করবেন? আলোচনার এ পর্যায়ে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বলেন, 'বছরে কয়েকবার অনেক সংস্থার এ ধরনের জরিপ রিপোর্ট দেখি। তবে এসব রিপোর্টে কী আছে তার চেয়ে বড় হলো, তাদের উদ্দেশ্য কী। তারা কোন জরিপ দিয়ে কী বোঝাতে চাইছে সেটি জনগণ আসলে বোঝে না। সম্প্রতি টিআইয়ের একটি প্রতিবেদন নিয়েও দেশে অনেক সমালোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তারা রিপোর্ট করুক, তাতে কোনো আপত্তি নেই। তবে তারা যে সময়টাতে এসব রিপোর্ট প্রকাশ করে তা মূলত উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। তারা বছরে একটি সময় নির্ধারণ করে তাতে রিপোর্ট বা তাদের মতামত বিশ্লেষণ প্রকাশ করতে পারে। কিন্তু যখন দেখা যায়, ওই সংস্থাগুলো কখনো বাজেটের আগে, কখনো নির্বাচনের আগে, কখনো বা সরকারের কোনো সাফল্যের বিষয় এলে সেগুলোকে সামনে রেখে নেতিবাচক রিপোর্ট দেয়, তবেই তাদের উদ্দেশ্য নিয়ে সমালোচনা ওঠে।' আলোচনার এ পর্যায়ে সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, 'এখন সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট গেলেই সরকার তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। আবার সরকারের পক্ষে গেলে সাধুবাদ জানায়।' মাহফুজ উল্লাহ আরো বলেন, 'আমাদের আগে নিজেদের মধ্যে জনগণের ভাবনা নিয়ে কথা বলতে শিখতে হবে। তারপর অন্যের সমালোচনা করলে ভালো। বর্তমান ক্ষমতাসীন দল যখন বিরোধী রাজনৈতিক দলে ছিল, তখনো তারা সরকারের কোনো সমালোচনা হলে সেখানে সায় দিত। এখন তারা সরকারে আছে বলে অন্যের সমালোচনা সহ্য করতে পারে না।' বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি বোঝাপড়া না থাকলে আসলে রাজনৈতিক বিষয়গুলো অমীমাংসিত থাকবে উল্লেখ করে মাহফুজ উল্লাহ বলেন, 'এ সরকার আরো ২০ বছর ক্ষমতায় থাকুক অসুবিধা নেই। কিন্তু সরকারকে দেশের সব জনমতের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। না হলে অতীতে যেমন কোনো সরকার সারা জীবন ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়েও থাকতে পারেনি, এ সরকারও পারবে না।' এ সরকার অনেক ভালো কাজ করছে স্বীকার করে মাহফুজ উল্লাহ বলেন, 'এ কাজের বিষয়টিও সেভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও শান্ত রাখতে কাজ করতে হবে।'