নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলের নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তাররা হলেন, মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) এবং মো. সোহেল (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মৌচাক ইউটার্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মিছিলের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’




