• ই-পেপার

শেরপুরের বারো দুয়ারী মসজিদ

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৭১

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাদেরকেই অভিশাপ করেন আর করেন বধির ও দৃষ্টিহীন। (সুরা : মুহাম্মদ, আয়াত : ২২-২৩)

আয়াতদ্বয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শরিয়তের বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া মারাত্মক গুনাহ। এতে সমাজের সর্বস্তরে বিশৃঙ্খলা দেখা দেয়।

২. জিহাদ বাহ্যত রক্তপাত হলেও প্রকৃতপক্ষে তা দেহ থেকে পচা ও গলিত অঙ্গ ফেলে দেওয়ার মতো। যার ফলে অবশিষ্ট অঙ্গগুলো সুস্থ থাকে।

৩. হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবে আল্লাহ তাকে নৈকট্য দান করবেন। আর যে তা ছিন্ন করবে, আল্লাহ তাকেও ছিন্ন করবেন।

৪. হাদিসে আরো বলা হয়েছে, যেসব পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেন, তার ভেতর জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সমান কোনো পাপ নেই।

৫. ওমর (রা.) ২২ নং আয়াতের আলোকে মালিকের সন্তান জন্ম দিয়েছে এমন দাসিকে বিক্রি করা অবৈধ বলেছেন। কেননা এতে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়। আর আয়াতে সম্পর্ক ছিন্নকারীর জন্য আল্লাহ অভিশাপ করেছেন। (মাআরেফুল কোরআন : ৮/২৫)

মনীষীদের কথা

মনীষীদের কথা

অন্তরে আল্লাহর অবিভাজ্য ভালোবাসা অর্জনে সুদৃঢ় থাকো।

ইবনু আতা (রহ.)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

কোনো অর্জনে খুশি হয়ে উৎসব করা

প্রশ্ন : পরীক্ষায় উত্তীর্ণ, চাকরি পাওয়া কিংবা সন্তান হওয়ার আনন্দে উৎসব করার বিধান কী? এ ব্যাপারে ইসলাম কি অনুৎসাহী করেছে?

      রায়হান, তেজগাঁও

উত্তর : ইসলাম ধর্মে উৎসবের অর্থই হচ্ছে আল্লাহ তাআলার শোকর বা কৃতজ্ঞতা প্রকাশ। তাই পরীক্ষায় পাস, চাকরি হওয়া, সন্তান হলে ইত্যাদি খুশির সংবাদে আল্লাহ তাআলার শোকর বা কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। এসব আনন্দের সময় শরিয়ত পরিপন্থী কোনো কাজ না হলে খানাপিনার আয়োজন করে আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবকে দাওয়াত করাও জায়েজ আছে। (সুরা : ইব্রাহিম : ৭, আবু দাউদ : ২/৮৩, ফাতাওয়ায়ে মুফতি মাহমুদ : ১০/৪৩৭)

ইসলামের দৃষ্টিতে

মেডিক্যাল টেস্টে ডাক্তারদের কমিশন ও ওষুধ কম্পানির উপঢৌকন গ্রহণ

মুফতি দিদার হুসাইন
মেডিক্যাল টেস্টে ডাক্তারদের কমিশন ও ওষুধ কম্পানির উপঢৌকন গ্রহণ

আধুনিক চিকিৎসাব্যবস্থার একটি উদ্বেগজনক অনৈতিক দিক হলো, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব কিংবা ওষুধ কম্পানির পক্ষ থেকে ডাক্তারদের কমিশন, উপঢৌকন ও বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করা। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ এখানে রোগীর আস্থা, চিকিৎসকের পেশাগত আমানতদারিতা এবং মানুষের সম্পদের হক জড়িত, যা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার পথকে সুগম করে। অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।

(সুরা : বাকারা, আয়াত : ১৮৮)

শরিয়তের পরিভাষায় ডাক্তার ও রোগীর সম্পর্ককে আকদুল ইজারা তথা সেবাভিত্তিক চুক্তি বলে। রোগী নির্ধারিত ফি প্রদান করে চিকিৎসাসেবা গ্রহণ করে। এ অবস্থায় রোগী হলো সেবাগ্রহীতা। আর ডাক্তার হলেন সেবাদাতা। রোগীর দায়িত্ব হলো, নিজের শারীরিক অবস্থা সঠিকভাবে জানানো এবং নির্ধারিত ফি প্রদান করা। পক্ষান্তরে ডাক্তারের দায়িত্ব হলো, রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনভেদে বিভিন্ন টেস্ট, স্ক্যান বা ল্যাব পরীক্ষার সাহায্য নেওয়া এ দায়িত্বেরই অংশ।

অতএব রোগীর কল্যাণ বিবেচনা করে কোন টেস্ট দিতে হবে, কোথায় করালে নির্ভরযোগ্য ফল পাওয়া যাবেএসব নির্ধারণ করা ডাক্তারের পেশাগত দায়িত্বের অন্তর্ভুক্ত। যেহেতু এ কাজের বিনিময় রোগী আগেই ভিজিট ফি প্রদান করেছে, তাই এই দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ বৈধ হতে পারে না। কারণ এ ক্ষেত্রে কমিশন গ্রহণের অর্থ হলো, ডাক্তার নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাজের জন্যই অন্যদের থেকে অর্থ গ্রহণ করছেন। আর এটা শরিয়ত নিষিদ্ধঘোষিত উেকাচের অন্তর্ভুক্ত।

হাদিসে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির প্রতিপক্ষ থাকব। তারা হলো : ১. যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করার পর গাদ্দারি করে (অঙ্গীকার ভেঙে ফেলে)। ২. যেকোনো স্বাধীন মানুষকে (দাস বানিয়ে) বিক্রি করে তার অর্থ ভক্ষণ করে। ৩. আরেকজন হলো, সে ব্যক্তি যে কাউকে কর্মচারী বা শ্রমিক হিসেবে নিয়োগ করার পর তার থেকে যথাযথভাবে কাজ বুঝে নিয়েছে অথচ তাকে তার পারিশ্রমিক দেয়নি। (বুখারি, হাদিস : ২২২৭)

অন্য হাদিসে এসেছে , রাসুল (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের ওপর লানত করেছেন। (আবু দাউদ, হাদিস : ৩৫৮০)

অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, তোমাদের কী হয়েছে! আমরা যাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠাই, সে বলে, এটা সরকারি সম্পদ, আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে! সে যদি তার পিতার ঘরে বা মাতার ঘরে বসে থাকত, তাহলে কি তাকে কেউ উপহার দিত? যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম! যে কেউ এমন অবৈধ উপহার গ্রহণ করবে, কিয়ামতের দিন সে তা নিজের ঘাড়ে বহন করে আসবে।

(বুখারি, হাদিস : ৭১৭৪)

আজকাল বহু ওষুধ কম্পানি তাদের ব্র্যান্ডের ওষুধ প্রেসক্রাইব করানোর জন্য ডাক্তারদের নগদ অর্থ, বিদেশভ্রমণ, দামি উপহার, মোবাইল রিচার্জ কার্ড, ইলেকট্রনিক ডিভাইস কিংবা অন্যান্য সুবিধা দেয়। শরিয়তের দৃষ্টিতে এসবও জায়েজ নয়। এটিও শরিয়তের দৃষ্টিতে বিনিময়হীন উেকাচের শামিল। কেননা চিকিৎসকের দায়িত্ব হলো, রোগীর জন্য যে ওষুধ সবচেয়ে কার্যকর ও উপযোগী সেটিই নিরপেক্ষভাবে নির্ধারণ করা। কোনো কম্পানির আর্থিক সুবিধা গ্রহণ করলে এ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

তবে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস (এ-এ-ও-আই-এফ-আই)-এর সিদ্ধান্ত মতে, কলম, প্যাড, খাতা, স্টাপলার, প্রেসক্রিপশন স্লিপ বক্সের মতো স্বল্পমূল্যের স্টেশনারি সামগ্রী গ্রহণের সুযোগ আছে। এগুলোতে ওষুধ কম্পানির ট্রেডমার্ক, উৎপাদিত পণ্যের ট্রেডনেম ছাপানো থাকে। মূলত এগুলো কম্পানির বিজ্ঞাপন হিসেবে দেওয়া হয়। কিন্তু সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা বৈধ নয়।

এই কমিশন সংস্কৃতি শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং পুরো স্বাস্থ্যব্যবস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে চিকিৎসাক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিকতা নষ্ট হয়, নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার টিকে থাকে এবং অপ্রয়োজনীয় টেস্টের কারণে চিকিৎসা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে চিকিৎসকের স্বাধীন ও নিরপেক্ষ সিদ্ধান্ত ব্যাহত হয়, রোগী-ডাক্তারের আস্থা ভেঙে পড়ে এবং চিকিৎসাসেবা ধীরে ধীরে ব্যাবসায়িক মুনাফাকেন্দ্রিক ব্যবস্থায় রূপ নেয়। এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় দরিদ্র ও অসহায় রোগীরা।

হাদিসে এসেছে, কারো ক্ষতি করা বা একে অন্যকে ক্ষতির মুখোমুখি করা ইসলামে নিষিদ্ধ। (ইবনে মাজাহ : ২৩৪০)

আল্লাহ তাআলা আমাদের হালাল পদ্ধতিতে ইনকাম করার তাওফিক দান করেন।