• ই-পেপার

প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণে দেশবাসীকে আহ্বান

উক্তি

উক্তি

শহীদ জিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে।

সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ব্রিটেনবাসী পরিবর্তন প্রত্যাশা করছে

কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটেনবাসী পরিবর্তন প্রত্যাশা করছে
অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের রাজনীতিতে শুরু হলো নতুন নেতৃত্বের অধ্যায়। ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে তিনি দেশের সরকারপ্রধানের দায়িত্ব নেন। ব্রিটেনের সাংবিধানিক রীতি অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। বাকিংহাম প্রাসাদে আনুষ্ঠানিকতা শেষে ডাউনিং স্ট্রিটে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বার্নহ্যাম।

দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম বক্তব্যে উত্তর ইংল্যান্ডের মানুষের কাছে কিং অব দ্য নর্থ নামে পরিচিত বার্নহ্যাম বলেন, ব্রিটেনের মানুষ পরিবর্তন, স্থিতিশীলতা এবং নতুন আশার প্রত্যাশা করছে। তিনি বলেন, রাজনৈতিক বিভাজন পেছনে ফেলে দেশের মানুষের আস্থা পুনর্গঠন, অর্থনীতিকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের প্রতিটি অঞ্চলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় নেতৃত্বকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বার্নহ্যামের দায়িত্ব গ্রহণের জন্য কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যুক্তরাজ্যের সাংবিধানিক রীতি অনুযায়ী, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা পরিবর্তিত হলে সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সাংবিধানিক ধারাবাহিকতার অংশ হিসেবেই লেবার পার্টির নতুন নেতা হিসেবে ব্রিটেনের নেতৃত্বে এলেন অ্যান্ডি বার্নহ্যাম।

অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ রাজনীতির অন্যতম অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘদিন এমপি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বাস্থ্য, সংস্কৃতি এবং অর্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পরে গ্রেটার ম্যানচেস্টারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় রাজনীতিতে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বার্নহ্যামের নেতৃত্বে ব্রিটেনের রাজনীতিতে আঞ্চলিক উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্নটি আরো বেশি গুরুত্ব পাবে।

প্রধান বিচারপতি

পেশার প্রতি জমির উদ্দিন সরকারের ছিল অসীম ডেডিকেশন

নিজস্ব প্রতিবেদক
পেশার প্রতি জমির উদ্দিন সরকারের ছিল অসীম ডেডিকেশন
জুবায়ের রহমান চৌধুরী

প্রয়াত রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, তিনি ছিলেন বহুমুখী গুণের অধিকারী। জেন্টলম্যান ফর এক্সিলেন্স (শ্রেষ্ঠত্বের প্রতীক)। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক স্মরণ অনুষ্ঠানে এ কথা বলেন বিচার বিভাগের প্রধান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

আইন পেশায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, তাঁর দুটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল। একটি হলো আইন পেশার প্রতি তাঁর ছিল অসীম ডেডিকেশন  (নিবেদন)। অন্যটি হলোকমিটমেন্ট টু দ্য কেস (মামলার প্রতি দায়বদ্ধতা), যা বর্তমানে বেশির ভাগ আইনজীবীর মধ্যেই দুটি বৈশিষ্ট্যেরই অভাব রয়েছে।

আইনজীবীদের উদ্দেশে জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচারপ্রার্থীরা আল্লাহর পরে আইনজীবীদের ওপরই ভরসা করেন। তাই মামলার ফল যাই হোক না কেন, মামলাটি সঠিকভাবে আদালতে উপস্থাপন করা আইনজীবীদের নৈতিক ও আইনি দায়িত্ব।

স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। জমির উদ্দিন সরকারের রাজনৈতিক অবদান তুলে ধরে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনের একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। এক-এগারো সরকারের সময় তিনি তাঁর সাহসিকতা দেখিয়েছেন। তাঁর আচরণ অন্য আট-দশজন রাজনীতিকের মতো ছিল না। রাজনীতির প্রতিটা ধাপে তিনি পেশাদারি বজায় রেখেছেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আইনাঙ্গনের সবার একজন ছিলেন জমির উদ্দিন সরকার। তিনি অত্যন্ত সচেতনভাবে আইনজীবী সমিতি বা বার কাউন্সিলের নির্বাচন থেকে নিজেকে বিরত রেখেছিলেন। আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কোর্টে যে আরগুমেন্ট করতেন, তা এখন আইনের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। তাঁর পেশাগত নৈতিকতা সব আইনজীবীর জন্য অনুকরণীয় হতে পারে।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তিনি আইনজীবীদের জন্য অনুকরণীয়। কখনো কোনো এজলাসে উত্তেজিত হতেন না। কোর্ট কোনো আদেশ দিলে মাথা পেতে নিতেন। বর্তমানে অনেক আইনজীবীর মধ্যে এসব বিষয়ে শূন্যতা রয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সম্পাদক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী ও জমির উদ্দিন সরকারের মেয়ে নিলুফার আখতার জমিরসহ অনেকে।

মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবিনিময়

দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
প্রধানমন্ত্রী তারেক রহমান

মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদারের বার্তা দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

গতকাল সোমবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছাবিনিময় শেষে মিত্রদের নৈশভোজে আপ্যায়ন করেন প্রধানমন্ত্রী। মেন্যুতে ছিল সবজি, সাদা ভাত, বুটের ডাল, মুরগির মাংস ও দই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন প্রতিনিধি অংশ নেন। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও জমিয়তে ইসলাম অনুষ্ঠানে অংশ নেয়নি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বিভেদের কোনো কারণ নেই। ৩১ দফার মাধ্যমে আমরা একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি।

তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু লক্ষ্য এক। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

গুপ্তরা আন্দোলনে ছিল না

আন্দোলনের সময়ের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বর্তমানে যাঁরা বিভিন্ন দাবি করছেন, তাঁদের অনেককে আন্দোলনের সময় রাজপথে দেখা যায়নি। তিনি বলেন, ১৭ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। তখন যাদের আজকে দেখা যাচ্ছে, তাদের রাজপথে পাইনি।

তাঁর ভাষ্য, জনগণ দীর্ঘ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তির ওপর আস্থা রেখেছে বলেই তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থা ধরে রাখতে সব মিত্র দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, আগে জনগণের দায়িত্ব পালন করি, পরে নিজেদের কথা ভাবব।

 

আন্দোলনের স্মৃতিচারণা

বক্তব্যের শুরুতে দীর্ঘ আন্দোলনে অংশ নেওয়া নেতাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হওয়ার পর জনগণ তাঁদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, ৩১ দফা ঘোষণার সময় অনেক রাজনৈতিক দল বা ব্যক্তি রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেননি। অথচ পরে তাঁরাই সংস্কারের সবচেয়ে বড় প্রবক্তা হিসেবে নিজেদের উপস্থাপন করেছেন। তাঁর মতে, স্বৈরাচারী সরকারের চাপ উপেক্ষা করেই যুগপৎ আন্দোলনের শরিকরা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা করেছিল।

তিনি আরো বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে ৩১ দফার পক্ষেই রায় দিয়েছে। তাই এটি এখন শুধু রাজনৈতিক জোটের কর্মসূচি নয়, বরং জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে।

 

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ

তারেক রহমান বলেন, কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। নাম উল্লেখ না করে তিনি বলেন, ওই উপদেষ্টা তাঁকে বলেছেন, ১৮ মাস সরকার পরিচালনার সময় প্রশাসনের ৬০ শতাংশের বেশি অংশে একটি গুপ্ত বাহিনীর প্রভাব ছিল। তাঁর ভাষ্য, নির্বাচনের ফল ঘোষণার পর ওই গোষ্ঠী দিশাহারা হয়ে পড়ে।

এ সময় তিনি আগের সরকারের রেখে যাওয়া অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের সংকটের কথাও তুলে ধরেন এবং সেগুলো মোকাবেলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।

দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

শরিকদের উদ্দেশে

মিত্রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা এত দিন একসঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। পথ চলতে ছোটখাটো মতভেদ হতে পারে, কিন্তু ঐক্য অটুট রাখতে হবে।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানতে চান, এটি ফেয়ারওয়েল ডিনার কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই না, এটি ওয়েলকাম ডিনার। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে একসঙ্গে বসা হয়নি। এখন থেকে নিয়মিত বসা হবে।

পরে তিনি বুফে লাইনে দাঁড়িয়ে খাবার নেন এবং শরিক নেতাদের সঙ্গে একই টেবিলে নৈশভোজে অংশ নেন। সেখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

ফখরুলের ব্রিফিং

শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গঠনের পাঁচ মাস পর মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ আন্দোলনের সহযোদ্ধাদের এই মিলন দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিফিংয়ের শুরুতে তিনি জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীদের অবদানের কথাও স্মরণ করেন।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের ভাতা, খেলোয়াড়দের ভাতা এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামোর দায়িত্ব নিয়েছে। ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সম্মতিতে স্বাক্ষরিত জুলাই সনদও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি জানান, জাতীয় ঐক্য সুসংহত করা, রাষ্ট্র সংস্কার এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক বিষয়গুলোতে সমন্বয় জোরদারে প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করবেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণে দেশবাসীকে আহ্বান | কালের কণ্ঠ