• ই-পেপার

জাপানে ভালুক আতঙ্কে ৯৪ স্কুল বন্ধ

সাক্ষাৎকারের মাঝপথে রেগে চলে গেলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
সাক্ষাৎকারের মাঝপথে রেগে চলে গেলেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় মাঝপথে রেগেমেগে উঠে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  গত রবিবার প্রচারিত সানডেস মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে এসে উপস্থাপক ও সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের প্রশ্নে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ট্রাম্প। ক্রিস্টেন দাবি করেন, ক্যালিফোর্নিয়ার চলমান প্রাইমারি (প্রাথমিক বাছাই) নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-দুটিই কারচুপিতে ভরা ছিল। সূত্র : এনবিসি

 

উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান চিনপিংয়ের

কালের কণ্ঠ ডেস্ক
উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান চিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গতকাল সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। এ সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছেন।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তাঁর স্ত্রী রি সল জু বিমানবন্দরে উপস্থিত থেকে শিকে স্বাগত জানান। দেশটির সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শিয়ের বিমান অবতরণের সময় কিম ও তাঁর স্ত্রী করতালি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন। আর চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শি চিনপিং ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উত্তর কোরিয়ার শিশুরা তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেয়।

পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে শি চিনপিংকে অভ্যর্থনা জানাতে অশ্বারোহী বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এ আয়োজনে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষ ফুল ও জাতীয় পতাকা নাড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছেন।
সূত্র : এএফপি

 

তালিকায় নেই বাংলাদেশ

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক
৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা

পর্যটন খাতকে চাঙ্গা করতে ৪০ দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা। তবে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও পাকিস্তান এই সুবিধা পেলেও তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের। গত ২৫ মে থেকে ৪০ দেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ইস্যুতে ভিসা ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে শ্রীলঙ্কা সরকার। নতুন এই নীতির আওতায় বিভিন্ন দেশের পর্যটকরা এক মাসের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবেন ভিসা ফি ছাড়াই। শ্রীলঙ্কা সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানের নাগরিকদের আগের মতোই ভিসা ফি পরিশোধ করতে হবে।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩০ দিন অবস্থানের অনুমতি পাওয়া মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ফি ২০ মার্কিন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০ ডলার নির্ধারিত রয়েছে।

ভিসা ফি মওকুফ সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মোট ৪০টি দেশ। এসব দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, চাকরি কিংবা সাধারণ পাসপোর্টধারী সবার ক্ষেত্রেই ভিসা ফি মওকুফ প্রযোজ্য হবে। তবে ৩০ দিনের বেশি সময় অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সূত্র : রয়টার্স

 

ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩২

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩২

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অফিস। সংস্থার আঞ্চলিক পরিচালক রদ্রিগো সোসমেনা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১২ জন সক্সকারজেন অঞ্চলের বাসিন্দা।

এ অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল স্যান্টোস সিটি নিয়ে গঠিত।

সোমবার স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জেনারেল স্যান্টোস সিটির উপকূলের কাছে, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপানসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।

ফিলিপিন্সের ভূমিকম্পবিষয়ক সংস্থা সর্বোচ্চ ১.৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ নথিবদ্ধ করেছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪২ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে মিন্দানাওয়ের ছয়টি এলাকায় সুনামি ঢেউ দেখা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বেশির ভাগই মিন্দানাওয়ের দক্ষিণ উপকূলে অবস্থিত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পের পর সুনামি ঢেউ চলতে থাকায় সতর্কতা বহাল রেখেছে ফিলিপিন্স। সূত্র : রয়টার্স, বিবিসি