উদ্দীপক বিদেশের মাটিতেই তামান্নার জন্ম। ফলে বাংলা ভাষায় কথা বলতে সে অভ্যস্ত নয়। কিন্তু মা-বাবার কাছ থেকে শুনে আর টিভিতে দেখে পিতৃভূমি বাংলাদেশ আর মাতৃভাষা বাংলার প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। তাই সে মা-বাবার সাথে বাংলাদেশে আসে এবং শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়। ক) লখার পায়ে কিসের কাঁটা ফুটল? খ) প্রভাতভেরি বলতে কী বোঝায়? গ) উদ্দীপকটির সঙ্গে ‘লখার একুশে’ গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো। ঘ) প্রেক্ষাপটে ভিন্নতা থাকলেও লখা ও তামান্নার মধ্যে চেতনাগত সাদৃশ্য আছে—বিশ্লেষণ করো। জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১। লখা কখন খিদের কষ্ট ভুলে যায়? উত্তর : মায়ের পাশে থাকলে লখা খিদের কষ্ট ভুলে যায়। ২। তুলোমিঠে কী? উত্তর: তুলোমিঠে হলো তুলোর মতো দেখতে এবং মিষ্টি খাদ্যবিশেষ (হাওয়াই মিঠাই)। ৩। কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? উত্তর : কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে অবস্থিত। ৪। ভাষা আন্দোলন হয়েছিল কিসের জন্য? উত্তর : বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলন হয়েছিল। ৫। কে লখাকে তাকিয়ে দেখছিল? উত্তর : খেঁকশিয়াল লখাকে তাকিয়ে দেখছিল। ৬। লখা কুড়োয় কী? উত্তর : কাগজ কুড়োয় ৭। প্রভাতফেরিতে কী পরিমাণ মানুষ ছিল? উত্তর : শত শত মানুষ ছিল। ৮। ভাষা আন্দোলন চরম রূপ পায় কখন? উত্তর : ১৯৫২ সালে। ৯। কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়? উত্তর : প্রথম ১৯৪৮ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়। ১০। লখার একুশে কে লিখেছেন? উত্তর : আবুবকর সিদ্দিক অনুধাবনমূলক প্রশ্নোত্তর ১। লখার বুকে কাশি বসে কেন? উত্তর : ঠাণ্ডা লেগে লখার বুকে কাশি বসে যায়। লখা বেশ দরিদ্র। তার বাবা নেই। মা ছেঁড়া ত্যানাখানি পরে সারা দিন ভিক্ষা করে বেড়াত। তাদের থাকার ঘরবাড়ি নেই। ফুটপাতে শানের ওপর ঘুমায়। দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়। আর রাতে হিম লেগে শান বরফের মতো ঠাণ্ডা হয়ে যায়। এ কারণেই লখার বুকে কাশি বসে যায়। ২। গর্বে লখার বুক ভরে ওঠার কারণ ব্যাখ্যা করো। উত্তর : লখা গাছ থেকে ফুল ছিঁড়ে আনতে পারায় তার বুক গর্বে ভরে ওঠে। লখা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শেষ রাতে মায়ের কাছ থেকে চুপি চুপি উঠে আসে। শীত, কুয়াশা, শিয়ালের ভয় ও কাঁটার আঘাত উপেক্ষা করে ফুল সংগ্রহ করেছে শহীদ মিনারে দেওয়ার জন্য। গাছের মগডালে উঠে ফুল সংগ্রহ করতে পারায় লখার বুক গর্বে ভরে ওঠে। ৩। লখা কেন এত কষ্ট করে ফুল সংগ্রহ করে? উত্তর : শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য লখা ফুল সংগ্রহ করে। লখা বাকপ্রতিবন্ধী। কথা বলতে পারে না। তার পরও মাতৃভাষার প্রতি তার দরদ অনেক। ভাষাশহীদদের কথা সে জানে। তাদের প্রতি তার শ্রদ্ধাবোধেরও কমতি নেই। তাই ভোররাতে ঝুঁকি নিয়ে ফুলের সন্ধানে বের হয়। হাত-পা কাঁটায় রক্তাক্ত হলেও সে খুশি। কারণ সে ফুল সংগ্রহ করতে পেরেছে। গ্রন্থনা : এম এম মুজাহিদ উদ্দীন