• ই-পেপার

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা প্রায় ১৫০০, চলছে শেষ মুহূর্তের উদ্ধার অভিযান

গরমেও ইউরোপে এসির ব্যবহার কম কেন?

অনলাইন ডেস্ক
গরমেও ইউরোপে এসির ব্যবহার কম কেন?

ইউরোপে তীব্র তাপপ্রবাহ চলছে। রেকর্ড ভাঙা উচ্চ তাপমাত্রার কারণে কোটি কোটি মানুষ চরম গরমের সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতি থেকে স্বস্তি পাওয়ার সুযোগও খুব কম। 

ইউরোপের বেশিরভাগ বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এয়ার কন্ডিশনার) নেই বললেই চলে। ফলে অনেক মানুষ বৈদ্যুতিক পাখা, বরফের প্যাকেট এবং ঠান্ডা পানিতে গোসলের মাধ্যমে গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।

তবে তাপপ্রবাহ মোকাবিলায় ইউরোপের পদ্ধতি ঐতিহ্যগতভাবে বেশি গরম আবহাওয়ার দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় ভিন্ন। যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ বাড়িতে এয়ার কন্ডিশনার রয়েছে, কিন্তু ইউরোপে এই হার মাত্র প্রায় ২০ শতাংশ। ফলে দীর্ঘস্থায়ী ও তীব্র গরমের সময় ইউরোপের মানুষ তুলনামূলকভাবে বেশি ভোগান্তির মুখে পড়ছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে তাপপ্রবাহ আরো তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে এবং প্রতি বছরই তা আগেভাগে শুরু হচ্ছে। এ পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, ধনী ইউরোপীয় দেশগুলো কেন এখনো ব্যাপকভাবে এয়ার কন্ডিশনার ব্যবহারে অনীহা দেখাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং প্রতি বছর গরমজনিত কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। তবুও ইউরোপের অনেক দেশে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার তুলনামূলকভাবে কম। ফলে প্রাণঘাতী তাপদাহের ঝুঁকি বাড়তে থাকায় এয়ার কন্ডিশনার ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নিয়ন্ত্রণ ব্যবস্থার তেমন প্রয়োজন ছিল না। অতীতেও তাপপ্রবাহ দেখা দিত, তবে তা খুব কমই।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার জ্বালানি দক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর বিভাগের প্রধান ব্রায়ান মাদারওয়ে বলেন, ‘ইউরোপে এয়ার কন্ডিশনার ব্যবহারের কোনো শক্তিশালী ঐতিহ্য নেই, কারণ খুব বেশি দিন আগের কথা নয়, তখন পর্যন্ত এটি মানুষের জন্য বড় কোনো প্রয়োজন ছিল না।’

তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি দ্রুত বদলে গেলেও ইউরোপের অবকাঠামো, আবাসন ব্যবস্থা এবং মানুষের অভ্যাস এখনো পুরোপুরি সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি।

ফলে ইউরোপে দীর্ঘদিন ধরে এয়ার কন্ডিশনারকে প্রয়োজনীয়তার চেয়ে বিলাসবহুল পণ্য হিসেবেই দেখা হয়েছে। বিশেষ করে এটি স্থাপন ও চালানোর খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেকেই তা ব্যবহার করতে আগ্রহী হননি। এ ছাড়া ইউরোপের অনেক দেশে বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি, অথচ গড় আয় তুলনামূলকভাবে কম। তাই অনেক ইউরোপীয় পরিবারের জন্য এয়ার কন্ডিশনার চালানোর অতিরিক্ত বিদ্যুৎ বিল বহন করা এখনো কঠিন।

বিশেষজ্ঞদের মতে, তাপপ্রবাহ বাড়লেও এয়ার কন্ডিশনার ব্যবহারের প্রধান বাধাগুলোর একটি হলো এর উচ্চ ব্যয়, যা বহু মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। এয়ার কন্ডিশনারের কম ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইউরোপের স্থাপত্যশৈলী।

দক্ষিণ ইউরোপের তুলনামূলক উষ্ণ দেশগুলোর অনেক ভবনই গরম আবহাওয়ার কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। এসব বাড়িতে সাধারণত মোটা দেয়াল, ছোট জানালা এবং এমন নকশা থাকে যা ঘরের ভেতরে বাতাস চলাচল বাড়ায় ও সূর্যের তাপ প্রবেশ কমায়। ফলে ঘর তুলনামূলকভাবে শীতল থাকে এবং কৃত্রিম শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন কম অনুভূত হয়।

তবে ইউরোপের অন্যান্য অঞ্চলের অনেক বাড়িঘর গরমের কথা বিবেচনা করে নির্মিত হয়নি। বরং সেগুলো মূলত ঠান্ডা আবহাওয়া মোকাবিলার জন্য তৈরি করা হয়েছিল।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার কর্মকর্তা ব্রায়ান মাদারওয়ে বলেন, ‘গ্রীষ্মকালে কীভাবে ঠান্ডা থাকা যায়, সে বিষয়ে ভাবার অভ্যাস আমাদের ছিল না। এটি আসলে তুলনামূলকভাবে সাম্প্রতিক একটি বিষয়।’ তার মতে, ইউরোপে দীর্ঘদিন ধরে শীত মোকাবিলাই ছিল প্রধান অগ্রাধিকার। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় এখন অনেক দেশকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

কখনও কখনও এয়ার কন্ডিশনার স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রশাসনিক জটিলতা ও কঠোর নিয়মকানুন।

যুক্তরাজ্যভিত্তিক এয়ার কন্ডিশনার কম্পানির রিচার্ড সালমন বলেন, অনেক ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ এয়ার কন্ডিশনার বসাতে চায় না। তার মতে, বিশেষ করে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এলাকা বা সংরক্ষিত ভবনের ক্ষেত্রে বাইরের কনডেনসার ইউনিট ভবনের সৌন্দর্য ও ঐতিহ্যবাহী চেহারা নষ্ট করতে পারে, এই যুক্তিতে অনুমতি দেওয়া হয় না।

ফলে তাপপ্রবাহ বাড়লেও অনেক মানুষ নিজেদের বাড়িতে এয়ার কন্ডিশনার লাগাতে পারেন না। কারণ পরিকল্পনা অনুমোদন ও সংরক্ষণবিষয়ক নিয়মকানুন প্রায়ই বড় বাধা হয়ে দাঁড়ায়।

এয়ার কন্ডিশনারের কম ব্যবহারের পেছনে নীতিগত কারণও রয়েছে। ইউরোপ ২০৫০ সালের মধ্যে ‘জলবায়ু-নিরপেক্ষ’ (ক্লাইমেট নিউট্রাল) হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ব্যাপক হারে এয়ার কন্ডিশনার ব্যবহার বাড়লে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে।

কারণ এয়ার কন্ডিশনার শুধু প্রচুর বিদ্যুৎ খরচই করে না, এটি ঘরের ভেতরের তাপ বাইরে ছেড়ে দেয়। প্যারিসে এয়ার কন্ডিশনার ব্যবহারের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এগুলো বাইরের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ইউরোপের ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এর প্রভাব আরো বেশি অনুভূত হয়।

এ কারণে কিছু দেশ এয়ার কন্ডিশনার ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। ২০২২ সালে স্পেন একটি নিয়ম চালু করে, যেখানে সরকারি ও জনসাধারণের ব্যবহারের স্থানগুলোতে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। এর উদ্দেশ্য ছিল জ্বালানি সাশ্রয় করা।

তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ এখন বিশ্বের অন্যতম দ্রুত উষ্ণ হয়ে ওঠা অঞ্চলে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মহাদেশটি বিশ্বের গড় উষ্ণায়নের তুলনায় প্রায় দ্বিগুণ হারে গরম হচ্ছে। ফলে এয়ার কন্ডিশনার নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এবং নীতিনির্ধারকদের অবস্থানেও পরিবর্তন আসতে শুরু করেছে।

একসময় যাকে বিলাসিতা হিসেবে দেখা হতো, ক্রমবর্ধমান তাপপ্রবাহের কারণে অনেক ইউরোপীয় এখন সেটিকে স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বিবেচনা করছেন।

ইউরোপ এখন একটি কঠিন দ্বিধার মুখে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে ব্যাপক হারে এয়ার কন্ডিশনার ব্যবহার, যা মানুষকে তীব্র গরম থেকে রক্ষা করতে পারে, কিন্তু একই সঙ্গে বিদ্যুৎ খরচ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব বাড়ায়। অন্যদিকে রয়েছে ক্রমশ উষ্ণ হয়ে ওঠা ভবিষ্যতের সঙ্গে খাপ খাওয়ার জন্য বিকল্প ও টেকসই সমাধান খোঁজার চ্যালেঞ্জ।

যুক্তরাজ্যের ইউকে গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরিচালক ইয়েটুন্ডে আব্দুল বলেন, ‘আমাদের বাড়িঘর শুধু শীত মোকাবিলার জন্য নয়, ক্রমশ আরো তীব্র হয়ে ওঠা গরমের বিরুদ্ধেও সহনশীল হতে হবে।’

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের ইউরোপে ভবন নির্মাণের নকশা, উন্নত নিরোধক ব্যবস্থা, প্রাকৃতিক বায়ু চলাচল, ছায়া তৈরির অবকাঠামো, সবুজায়ন এবং জ্বালানি-সাশ্রয়ী শীতলীকরণ প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ আরো ঘন ঘন ও প্রাণঘাতী হয়ে উঠছে, আর সেই বাস্তবতায় শুধু এয়ার কন্ডিশনারের ওপর নির্ভর করা দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নয়।

তবে ইউরোপে এয়ার কন্ডিশনারের ব্যবহার যে দ্রুত বাড়ছে, তার স্পষ্ট লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ইউরোপেও তীব্র তাপপ্রবাহ মানুষকে শীতলীকরণ ব্যবস্থার দিকে ঝুঁকতে বাধ্য করছে।

আন্তর্জাতিক শক্তি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত এয়ার কন্ডিশনারের সংখ্যা প্রায় ২৭ কোটি ৫০ লাখে পৌঁছাতে পারে, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

যুক্তরাজ্যভিত্তিক এয়ার কন্ডিশনিং কম্পানির পরিচালক রিচার্ড স্যামন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এয়ার কন্ডিশনারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।

তার ভাষায়, ‘গত পাঁচ বছরে আবাসিক গ্রাহকদের কাছ থেকে আসা অনুসন্ধানের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে বর্তমান তাপপ্রবাহে চাহিদা রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। রাত ৩টায় প্রচণ্ড গরমে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে জীবনযাপন বা ঘুমানোই কঠিন হয়ে পড়ে।’

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় ভবিষ্যতে এয়ার কন্ডিশনারের ব্যবহার আরো দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তি উন্নয়নের প্রয়োজনীয়তাও বাড়ছে।
 

অস্ট্রেলিয়া-ভানুয়াতুর উন্নয়ন ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া-ভানুয়াতুর উন্নয়ন ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভানুয়াতু উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। অন্যান্য দেশের বিনিয়োগে প্রভাব পড়তে পারে, এমন উদ্বেগের কারণে চুক্তিটি কয়েক মাস বিলম্বিত হয়েছিল।

চুক্তি অনুযায়ী, ভানুয়াতুর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো তৃতীয় পক্ষ বিনিয়োগ করতে চাইলে অস্ট্রেলিয়ার সঙ্গে পরামর্শ করা হবে। এ ছাড়া অস্ট্রেলিয়া দেশটির প্রধান নিরাপত্তা ও পুলিশি সহযোগী হিসেবে থাকবে। এই চুক্তির জন্য আগামী ১০ বছরে ৫০ কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভানুয়াতু তাদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না। চুক্তিটি গত সেপ্টেম্বরে স্বাক্ষরের কথা থাকলেও রাজনৈতিক উদ্বেগের কারণে তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, চীন বর্তমানে ভানুয়াতুর সবচেয়ে বড় বিদেশি ঋণদাতা। চীনের অর্থায়নে দেশটিতে রাষ্ট্রপতির কার্যালয়, সংসদ ভবন এবং সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ হয়েছে। এদিকে, ভানুয়াতু চীনের সঙ্গে একটি নতুন অর্থনৈতিক চুক্তিরও চেষ্টা করছে। 

দেশটির প্রধানমন্ত্রী জোথাম নাপাত জানান, চুক্তিটি বর্তমানে বেইজিংয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, এই চুক্তিতে গোপন কিছু থাকবে না এবং প্রয়োজনে তা প্রকাশ করা হবে।

সম্প্রচারজনিত ভুল নিয়ে ক্ষমা চাইল পাকিস্তানের জিও নিউজ

অনলাইন ডেস্ক
সম্প্রচারজনিত ভুল নিয়ে ক্ষমা চাইল পাকিস্তানের জিও নিউজ
ছবি : রয়টার্স

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ মহররমের একটি তথ্যচিত্র সম্প্রচারের জন্য রবিবার প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে। এর এক দিন আগে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

জিও নিউজ জানায়, ইসলামী চান্দ্র বছরের প্রথম মাস মহররম উপলক্ষে প্রচারিত ‘সফর-ই-ইশক’ অনুষ্ঠানের একটি অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে কারণেই তারা ক্ষমা চেয়েছে। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, মহররমের ১০ তারিখে প্রচারিত অনুষ্ঠানের একটি বিষয় সম্পাদকীয় পর্যায়ের ভুলের কারণে সম্প্রচার হয়েছে। তারা সেই ভুল স্বীকার করছে এবং এ জন্য দুঃখ প্রকাশ করছে। জিও নিউজ আরো জানায়, ওই অনুষ্ঠানে ইরাক এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের একটি ছোট অংশের মানুষের পালন করা কিছু ধর্মীয় রীতি তুলে ধরা হয়েছিল। তবে ঠিক কোন ধর্মীয় রীতি দেখানো হয়েছিল, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) জানিয়েছে, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সংবেদনশীলতার বিষয় বিবেচনায় ওই ধরনের দৃশ্য সম্প্রচার করা গুরুতর উদ্বেগের বিষয়। সংস্থাটি বলেছে, ওই অনুষ্ঠান দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। পাশাপাশি এটি জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। পবিত্র মহররম মাসে পাকিস্তানে গণমাধ্যমের ওপর নজরদারি আরো কঠোর করা হয়েছে। তবে সম্প্রচার স্থগিতের সিদ্ধান্তে পেমরাও তথ্যচিত্রের বিতর্কিত অংশ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ইরাকের শিয়া মুসলিমদের একটি অংশ ইসলামের প্রাথমিক দিকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ করে নাটক, শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় আয়োজন করে। এই প্রথাকে ‘তাজিয়া’ বলা হয়। তবে ইসলামের বৃহত্তম সুন্নি ধারার অনেক আলেম এই প্রথাকে সমর্থন করেন না এবং নিরুৎসাহিত করেন।

পাকিস্তানের অধিকাংশ মানুষ সুন্নি মুসলিম। দেশটির প্রায় ১০ শতাংশ মানুষ শিয়া সম্প্রদায়ের। অতীতে এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পাকিস্তানে ধর্ম অবমাননা নিয়ে কঠোর আইন রয়েছে। এসব আইনকে কেন্দ্র করে অতীতে বহুবার সহিংসতার ঘটনাও ঘটেছে।
 

উইঘুর দমনের অভিযোগে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন

অনলাইন ডেস্ক
উইঘুর দমনের অভিযোগে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন
ছবি : রয়টার্স

বিশ্ব উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি) জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ আরো জোরালোভাবে তুলে ধরছে। সংগঠনটির সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ও ইউরোপের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকগুলোতে তারা চীনের বিরুদ্ধে গণহত্যা, জোরপূর্বক শ্রম এবং সীমান্ত পেরিয়ে উইঘুরদের দমন-পীড়নের অভিযোগ উত্থাপন করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব উইঘুর কংগ্রেস এবং উইঘুর সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের (ইউজেডডিএম) একটি প্রতিনিধিদল সপ্তাহজুড়ে বিভিন্ন কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অভিবাসীদের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক গেহাদ মাদির সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি তুরগুনজান আলাউদুন, সহসভাপতি জুমরেতায় আরকিন এবং ইউজেডডিএমের সভাপতি দোলকুন ইসা। বৈঠকগুলোতে উইঘুরদের জোরপূর্বক গুম, সীমান্ত পেরিয়ে দমন-পীড়ন, বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া উইঘুর শরণার্থীদের অবস্থা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া প্রতিনিধিদলটি তিব্বতি সংগঠনগুলোর আয়োজিত একটি পার্শ্ব-অনুষ্ঠানেও অংশ নেয়। সেখানে তিব্বত, তাইওয়ান এবং অংশগ্রহণকারীদের ভাষায় আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে এক উন্মুক্ত সংলাপে বিশ্ব উইঘুর কংগ্রেসের সহসভাপতি জুমরেতায় আরকিন বলেন, চীনের বিভিন্ন নীতির কারণে উইঘুর নারী ও পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বিচার ছাড়া আটক, পরিবারের সদস্যদের আলাদা করে রাখা এবং সীমান্ত পেরিয়ে ভয়ভীতি দেখানোর কারণে অনেক মাকে জোর করে তাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিশ্ব উইঘুর কংগ্রেস আরো অভিযোগ করেছে, পুরো অধিবেশনজুড়ে চীনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন তাদের প্রতিনিধিদের ওপর নজরদারি করেছে। তাদের ছবি তোলা হয়েছে এবং ভিডিও ধারণ করা হয়েছে। সংগঠনটির দাবি, এটি বিদেশে অবস্থানরত উইঘুর অধিকারকর্মীদের ভয়ভীতি দেখানোর একটি উদাহরণ।

এদিকে, উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট (ইউএইচআরপি) একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরবরাহব্যবস্থায় নজরদারির দুর্বলতার কারণে অস্ট্রেলিয়া ও জাপান এখনো উইঘুরদের জোরপূর্বক শ্রমের সঙ্গে যুক্ত পণ্য আমদানির ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করছে। তবে অন্য কিছু দেশে নজরদারি দুর্বল থাকায় এসব পণ্যের জন্য নতুন বাজার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, কানাডার মন্ট্রিয়ালে উইঘুর নারীদের অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব উইঘুর কংগ্রেসের নির্বাহী কমিটির চেয়ার রুশান আব্বাসকে ‘উইমেনস ইনিউজ চ্যাম্পিয়ন ফর হিউম্যান রাইটস ২০২৬’ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের সময় রুশান আব্বাস তার বোন গুলশান আব্বাসের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সাল থেকে তার বোনকে জোর করে গুম করে রাখা হয়েছে।